এনভিডিয়া প্রধানের পদত্যাগে অনিশ্চয়তায় ইসরায়েলের প্রযুক্তি খাত

১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ AM
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ে

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ে © সংগৃহীত

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদত্যাগে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইসরায়েলের প্রযুক্তি খাতে। তার নেতৃত্বে দেশটিতে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি ইসরায়েলের কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এনভিডিয়া। তবে হুয়াংয়ের বিদায়ের পর প্রতিষ্ঠানটির ইসরায়েলে বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।  খবর টাইমস অব ইসরায়েলের

বৃহস্পতিবার (২১ নভেম্বর) তিন দশকের বেশি সময় দায়িত্ব পালনের পর পদত্যাগ করেন ৬৩ বছর বয়সী হুয়াং। সম্প্রতি চীনের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর তাকে ঘিরে চাপ বাড়ছিল। ওই নারীকে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এনভিডিয়ার প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেসকে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি স্থায়ী উত্তরসূরি খুঁজছে।

হুয়াংয়ের পদত্যাগে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে প্রতিষ্ঠানটির বিনিয়োগ ও সহযোগিতার ওপর নির্ভরশীল বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমও প্রভাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এত দিন এনভিডিয়ার বিপুল আয় ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং এআই গবেষণাগারগুলোতে পুনর্বিনিয়োগ করে আসছিল। এসব প্রতিষ্ঠানের মধ্যে ইসরায়েলের প্রতিষ্ঠানও রয়েছে।

ইসরায়েলে এনভিডিয়ার কার্যক্রম যুক্তরাষ্ট্রের বাইরে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় কার্যক্রম। গত তিন বছর ধরে যুদ্ধ পরিস্থিতি চললেও দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা বেড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। দেশটির উত্তরাঞ্চলের ইয়োকনআম থেকে শুরু করে তেল আবিব, জেরুজালেম ও রা'আনানা হয়ে দক্ষিণাঞ্চলের বেরশেবায় সাতটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এসব কর্মী কাজ করছেন।

গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত তিভনে কয়েক বিলিয়ন শেকেল ব্যয়ে একটি বড় গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন হুয়াং। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়। হাইফার বাইরের ওই অঞ্চলকে প্রযুক্তি খাতের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও ছিল প্রতিষ্ঠানটির।

প্রায় ১ লাখ ৬০ হাজার বর্গমিটার আয়তনের ক্যাম্পাসটির নির্মাণকাজ ২০২৭ সালে শুরু হয়ে ২০৩১ সালে শেষ হওয়ার কথা রয়েছে। এটি হবে ইসরায়েলে এনভিডিয়ার অষ্টম গবেষণা ও উন্নয়ন কেন্দ্র।

ইসরায়েল সরকার ও দেশটির প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, কিরিয়াত তিভনে এনভিডিয়ার এই বিনিয়োগ তেল আবিবকেন্দ্রিক প্রযুক্তি খাতের বাইরে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে। বর্তমানে তেল আবিব অঞ্চলই দেশটির প্রধান প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত।

তবে নেতৃত্বে পরিবর্তনের পর এনভিডিয়া পূর্বঘোষিত সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন করবে কি না এবং দেশটির রাজস্ব আয়ে আগের মতো অবদান রাখবে কি না, তা নিয়ে নজর রাখছেন সংশ্লিষ্টরা।

গত মাসে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৫ দশমিক ৬ শতাংশ করেছে। এর আগে জুলাইয়ে প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল ৪ শতাংশ। ব্যাংকটি জানিয়েছে, এনভিডিয়ার নেতৃত্বে উন্নত প্রযুক্তিপণ্য বিক্রি থেকে বড় অঙ্কের আয় হওয়ায় প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ানো হয়েছে। তবে এই খাতের প্রভাব বাদ দিলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে।

পরামর্শক প্রতিষ্ঠান বিডিওর এআই ল্যাবের প্রধান তাল আসপির বলেন, 'নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা স্বল্পমেয়াদে কিছুটা অস্থিরতা তৈরি করলেও ইসরায়েলের সঙ্গে এনভিডিয়ার মূল সম্পর্ক কাঠামোগতভাবে শক্তিশালী। দেশটিতে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলো নেটওয়ার্কিং প্রযুক্তির ক্ষেত্রে অপরিহার্য প্রকৌশলভিত্তি হিসেবে কাজ করছে। ফলে ভবিষ্যতে দায়িত্ব নেওয়া কোনো নেতৃত্বেরই এই কার্যক্রম ব্যাহত করার তেমন কারণ নেই।'

তিনি আরও বলেন, 'তাৎক্ষণিকভাবে বড় ঝুঁকি তৈরি হতে পারে শেয়ারের দামের ওঠানামার কারণে। এতে কর্মীদের শেয়ারভিত্তিক সুবিধা ও সরকারের কর রাজস্ব ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি সিলিকন ভ্যালিতে ইসরায়েলের অন্যতম সোচ্চার সমর্থককে হারানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ।'

তাল আসপিরের মতে, কিরিয়াত তিভন ক্যাম্পাস নির্মাণের নির্ধারিত সময়সূচি ঠিক থাকে কি না, সেটিই হবে পরিস্থিতি পর্যবেক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ কারণে ইসরায়েলের প্রযুক্তি খাতকে বিষয়টির দিকে সতর্ক নজর রাখতে হবে।

হুয়াং বিভিন্ন সময়ে ইসরায়েলকে এনভিডিয়ার 'দ্বিতীয় বাড়ি' হিসেবে উল্লেখ করেছেন। দেশটির প্রকৌশলীদের প্রতি তার আস্থা ও সমর্থনের কথাও বিভিন্ন সময়ে প্রকাশ করেছেন তিনি।

২০২৫ সালের অক্টোবরে এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক আবেগঘন ইমেইলে হামাসের হাতে জিম্মি থাকা প্রতিষ্ঠানটির কর্মী আভিনাতান অরের মুক্তির ঘটনায় আনন্দ প্রকাশ করেন হুয়াং। একই বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় এনভিডিয়ার সদর দপ্তরে অর এবং তার তৎকালীন বান্ধবী ও হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া নোয়া আরগামানির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

২০১৯ সালে ইসরায়েলি চিপ নির্মাতা প্রতিষ্ঠান মেলানক্স টেকনোলজিস ৭ বিলিয়ন ডলারে অধিগ্রহণের নেতৃত্ব দেন হুয়াং। এই অধিগ্রহণের ফলে এআই মডেল পরিচালনার জন্য প্রয়োজনীয় উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং ব্যবস্থা সরবরাহের ক্ষেত্রে প্রতিযোগীদের তুলনায় এগিয়ে যায় এনভিডিয়া।

ইসরায়েলে এনভিডিয়ার গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলোর প্রকৌশলীরা প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের কম্পিউটিং প্ল্যাটফর্মের জন্য গুরুত্বপূর্ণ চিপ তৈরি করছেন। এর মধ্যে এআই সুপারকম্পিউটারও রয়েছে, যা চলতি বছরের শুরুর দিকে কার্যক্রম শুরু করেছে।

চলতি সপ্তাহের শুরুতে একটি সম্মেলনে এনভিডিয়ার প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) মাইকেল কাগান যুক্তরাষ্ট্র ও চীনের পর ইসরায়েলকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। এআই খাতে দেশটির প্রযুক্তিগত সক্ষমতা এবং স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর সমৃদ্ধ পরিবেশের প্রশংসা করেন তিনি।

ইসরায়েলি বংশোদ্ভূত কাগান আগে মেলানক্স প্রতিষ্ঠা করেছিলেন। হুয়াংয়ের উত্তরসূরি হিসেবে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় তার নামও আলোচনায় রয়েছে। এ ছাড়া অ্যাপলের হার্ডওয়্যার প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জনি সরুজিও এনভিডিয়ার পরবর্তী প্রধান নির্বাহী হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন।

সম্মেলনে কাগান বলেন, ‘জটিল চিপ ডিজাইনের ক্ষেত্রে ইসরায়েলের এমন কিছু প্রতিষ্ঠান রয়েছে, যারা বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে। এসব প্রতিষ্ঠান এআই নিরাপত্তা ও এর বিভিন্ন প্রয়োগ নিয়েও কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এনভিডিয়ার চিপগুলোর কিছু সম্পূর্ণভাবে ইসরায়েলে ডিজাইন করা হয়। আবার কিছু চিপের উন্নয়নকাজে ইসরায়েলি প্রকৌশলীদের দল সরাসরি যুক্ত থাকে।’

এনভিডিয়ার উচ্চক্ষমতাসম্পন্ন অনেক প্রসেসর ও নেটওয়ার্কিং চিপ ইসরায়েলের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলোতে তৈরি করা হয়। বিশ্বের সবচেয়ে বড় এআই মডেল প্রশিক্ষণের জন্য এসব চিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গত এক দশকে ইসরায়েলের বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেছে এনভিডিয়া। ২০২৪ সালের ডিসেম্বরে ইসরায়েলি এআই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট স্টার্টআপ রান:এআই অধিগ্রহণ সম্পন্ন করে প্রতিষ্ঠানটি। এ চুক্তির মূল্য আনুমানিক ৭০০ মিলিয়ন ডলার।

কলেজ অব ম্যানেজমেন্ট অ্যাকাডেমিক স্টাডিজের স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ফিন্যান্স অ্যান্ড ইকোনমিকস বিভাগের প্রধান গালি ইংবার বলেন, ‘ইসরায়েলের উচ্চপ্রযুক্তি খাত ও স্থানীয় পুঁজিবাজারে এনভিডিয়ার প্রভাব ব্যাপক ও সরাসরি। মেলানক্সের মতো প্রতিষ্ঠান অধিগ্রহণ এবং দেশটিতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের কারণে স্থানীয় প্রযুক্তি খাতের স্থিতিশীলতা ও বিনিয়োগ সংগ্রহের ক্ষেত্রে এনভিডিয়া গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এ কারণে প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রভিত্তিক নেতৃত্বে কোনো আকস্মিক পরিবর্তন বা কৌশলগত সিদ্ধান্তের প্রভাব দ্রুতই ইসরায়েলের বিনিয়োগকারীদের মনোভাব এবং এনভিডিয়ার সরবরাহব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ পরিকল্পনায় পড়তে পারে।’

বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
ফ্রিজ থেকে বের করে খাচ্ছেন এই ৫ খাবার, সতর্ক হোন এখনই 
  • ১৩ নভেম্বর ২০২৬
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • ১৩ নভেম্বর ২০২৬
অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950