প্রাথমিক ও এনটিআরসিএ লোগো এবং প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত
সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট কাটাতে বড় নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নতুন নিয়োগের জন্য শূন্য পদের হিসাব চূড়ান্ত করার কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অন্যদিকে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজেও বিপুলসংখ্যক শিক্ষকের পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে আগামী বছর সরকারি চাকরিতে বড় ধরনের নিয়োগ কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে সরকার।
লাখ লাখ চাকরিপ্রার্থী নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন। এ পরিস্থিতিতে শূন্য পদ পূরণে এক বছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে বড় নিয়োগের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দপ্তর ও সংস্থা। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, ইতিমধ্যে ছয় মাসমেয়াদি পরিকল্পনার কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আগামী বছর সরকারি চাকরির বিভিন্ন পদে বড় ধরনের নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। প্রথম শ্রেণির ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার ও দ্বিতীয় শ্রেণির পদে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে সুপারিশ করার অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘স্ট্যাটিসটিক অব পাবলিক সার্ভেন্ট ২০২৫’ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর বিপরীতে কর্মরত ছিলেন ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। অর্থাৎ অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশই খালি ছিল। সংখ্যার হিসাবে শূন্য পদের পরিমাণ পাঁচ লাখ ২১ হাজার ৯২২টি। যদিও চলতি বছর বেশ কিছু নিয়োগ হয়েছে। ফলে আগের তুলনায় শূন্য পদের সংখ্যা কিছুটা কমেছে।
সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।—প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ করা হলেও যোগদান করেছেন ১২ হাজার ৮৩০ জন। ফলে এ নিয়োগের পরও সব পদ পূরণ হয়নি। এর মধ্যে প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়া হলে আরও ৩৮ হাজার ৪৪৩টি সহকারী শিক্ষক পদ শূন্য হবে। এসব পদে নিয়োগের পাশাপাশি বর্তমানে খালি থাকা পদগুলোর পূর্ণাঙ্গ হিসাব করতে কাজ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ডিসেম্বরের মধ্যে শূন্য পদের হিসাব চূড়ান্ত হতে পারে। তবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সময় এখনো নির্ধারণ হয়নি।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন নিয়োগে কতজন সহকারী শিক্ষক নেওয়া হবে, তা নির্ধারণে শুধু বর্তমানে খালি থাকা পদ গণনা করলেই হবে না। নিয়মিত অবসর, প্রধান শিক্ষক পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি এবং অন্যান্য কারণে সম্ভাব্য শূন্যতার হিসাবও সমন্বয় করতে হবে। বিশেষ করে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এগোলে সহকারী শিক্ষক পদে নতুন শূন্যতা তৈরি হবে। তাই এসব বিষয় বিবেচনায় নিয়ে নিয়োগের চাহিদা নির্ধারণ করতে চায় অধিদপ্তর।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর আওতায় ১৪ হাজার ৩৮৪ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত ফলাফলের ভিত্তিতে তাদের নিয়োগপ্রক্রিয়া শুরু হয়। পরে অক্টোবরে তাদের যোগদান ও পদায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তবে ১ হাজার ৪৭১ জন নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে বাদ পড়েন বা যোগদান করেননি। এ ছাড়া ৮৩ জন শেষ পর্যন্ত নিয়োগ পাননি। ফলে সুপারিশ করা ১৪ হাজার ৩৮৪ জনের সবাই বিদ্যালয়ে যোগ দেননি। সেখানেও কিছু পদ শূন্য রয়েছে।
নতুন সহকারী শিক্ষক নিয়োগের পদসংখ্যা নির্ধারণে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ্য সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য হবে। এর সঙ্গে নিয়মিত অবসরজনিত শূন্যতাও যুক্ত হবে।
৬৭ হাজার ৮৭টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে মাত্র ১৮ হাজার ৩৯৯টি। যাচাই-বাছাই শেষে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। ফলে ওই নিয়োগপ্রক্রিয়ায় ৫৫ হাজার ৪৯৫টি পদ শূন্য থেকে যায়।
গত ২ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬ হাজার ২৩৫টি প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। এসব পদে পদোন্নতির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি পদোন্নতির ফলে শূন্য হওয়া ৩৮ হাজার ৪৪৩টি সহকারী শিক্ষক পদেও নিয়োগ দেওয়া হবে।
এদিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির পর ৩৮ হাজার ৪৪৩টি শূন্যপদ তৈরির আগেই ১২ হাজার ৮৩০ জন সহকারী শিক্ষক যোগদান করেছেন। ফলে অবশিষ্ট থাকে ২৫ হাজার ৬১৩টি পদ। তবে এ হিসাব অনুযায়ী বর্তমান শূন্য পদের সংখ্যা বলা যাবে না। কারণ পদোন্নতি, মৃত্যু, অবসর ও পরবর্তী সময়ে সৃষ্ট শূন্যতা সমন্বয় করতে হবে।
এ বিষয়ে অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘প্রধান শিক্ষক পদে পদোন্নতির সঙ্গে সহকারী শিক্ষক নিয়োগের হিসাবও যুক্ত। পদোন্নতি সম্পন্ন হলে সহকারী শিক্ষক পদে নতুন করে শূন্যতা তৈরি হবে। পাশাপাশি মৃত্যু ও অবসরজনিত কারণেও প্রতিনিয়ত পদ শূন্য হচ্ছে। ফলে বর্তমান শূন্য পদের সংখ্যা এবং পদোন্নতির পর সম্ভাব্য শূন্য পদের হিসাব সমন্বয় না করে নিয়োগের প্রকৃত চাহিদা নির্ধারণ করা কঠিন। তবে ধারণা করা যায়, এই সংখ্যা ৫০ হাজার বা তার বেশিও হতে পারে।’
তিনি আরও বলেন, ‘উপজেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে মোট শূন্য পদের সংখ্যা নির্ধারণ করতে হবে। আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে এ হিসাব পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এরপর শূন্য পদের প্রকৃত সংখ্যা বিবেচনায় নিয়ে পরবর্তী নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে ডিসেম্বরের মধ্যে শূন্য পদের হিসাব পাওয়া গেলেও ওই সময়ের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এমন নিশ্চয়তা নেই।’
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি রয়েছে। চলতি বছরের ২৮ জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। ৬৭ হাজার ৮৭টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে মাত্র ১৮ হাজার ৩৯৯টি। যাচাই-বাছাই শেষে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
ফলে ওই নিয়োগপ্রক্রিয়ায় ৫৫ হাজার ৪৯৫টি পদ শূন্য থেকে যায়। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় আট মাস পরও বিপুলসংখ্যক পদে শিক্ষক সংকট পূরণ করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। যদিও বর্তমানে আরও কিছু শিক্ষকের পদ শূন্য হয়েছে। সেই হিসাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে।
এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে প্রায় ৪৩ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। দেশের ৬৯৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮৩টিতে প্রধান শিক্ষকের পদ খালি। সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে তিন হাজারের বেশি।
গত সেপ্টেম্বর পর্যন্ত সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মোট ১৬ হাজার ৬০১টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ১৩ হাজার ১৯২ জন। অর্থাৎ এসব পদে তিন হাজার ৪০৯টি শূন্য রয়েছে। জাতীয়করণ করা সরকারি কলেজেও প্রায় পৌনে চার হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে।
এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানান, সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।