মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২০০ বিদেশি আটক

০৬ জুলাই ২০২৬, ০১:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:১৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রাজধানী কুয়ালালামপুরের তামান মালুরি নাইট মার্কেটে পরিচালিত অভিযানে বাংলাদেশিসহ সাত দেশের ২০০ বিদেশিকে আটক করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শুধু অবৈধ অভিবাসী নয়, তাদের নিয়োগকর্তা, আশ্রয়দাতা ও দালালচক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইল ও সিনার হারিয়ান জানায়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর টানা দুই সপ্তাহ নজরদারি চালিয়ে রোববার (৫ জুলাই) ‘অপ কুটিপ’ নামে এ অভিযান পরিচালনা করা হয়। এতে কুয়ালালামপুর ও পুত্রজায়া অভিবাসন বিভাগের পাশাপাশি কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) অংশ নেয়।

কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক হামশা ইনজাউ জানান, অভিযানে ৫০০ জনের কাগজপত্র যাচাই করা হয়। তাদের মধ্যে ৪০৭ জন বিদেশি ও ৯৩ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। পরে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২০০ বিদেশিকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১২৫ জন পুরুষ ও ৭৫ জন নারী। তারা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, চীন, পাকিস্তান ও ভারতের নাগরিক।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে অভিযান শুরু হলে অনেক বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখে পালানোর চেষ্টা করেন। কেউ কেউ লুকিয়ে পড়লেও নজরদারিতে থাকা কর্মকর্তারা পরে তাদের খুঁজে বের করেন।

হামশা ইনজাউ বলেন, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই এ স্থানটিকে অভিযানের জন্য বেছে নেয়া হয়। কারণ সেখানে বিপুলসংখ্যক বিদেশি নিয়মিত জড়ো হতেন। তিনি জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা, ভিজিট পাসের অপব্যবহার এবং অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের মতো বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।

হামশা বলেন, তামান মালুরিতেই অভিযান সীমাবদ্ধ থাকবে না। রাজধানীর অন্যান্য নাইট মার্কেটেও অভিযান চালানো হবে, বিশেষ করে যেখানে বিদেশিদের সমাগম বেশি। তিনি বলেন, কুয়ালালামপুরজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশিরা স্বস্তিতে থাকতে না পারেন। আমাদের অভিযান শুধু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নয়। তাদের নিয়োগকর্তা, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক, এজেন্ট, চক্র এবং যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’

ঢাবির ফজলুল হক মুসলিম হলের প্রভোস্টের পদত্যাগের দাবিতে মধ্য…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষক সুজন সেনকে ৫ বছরের অব্যাহতি, পদাবনতি
  • ১৭ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে নজরুলের শিল্পচেতনা নিয়ে সেমিনার
  • ১৬ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে খসে পড়ল পলেস্তারা, আতংকে শিক্…
  • ১৬ আগস্ট ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে হ…
  • ১৬ আগস্ট ২০২৬
সুগন্ধা পয়েন্টে সরকারি জমি দখলের চেষ্টা, অভিযান চালিয়ে উদ্ধ…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage