ট্রেন দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করলেন স্পেনের পরিবহনমন্ত্রী  

০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ PM
পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে

পদত্যাগ করেছেন স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে © সংগৃহীত

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। একই সঙ্গে আসন্ন সাধারণ নির্বাচন থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) পুয়েন্তে জানান, গত সপ্তাহে দুর্ঘটনার পরপরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দুর্ঘটনার পর সরকারের প্রাথমিক কার্যক্রম পরিচালনায় সমন্বয়ের জন্য তিনি দায়িত্বে ছিলেন। খবর আল জাজিরার

স্পেনের মধ্যাঞ্চলীয় কাস্তিয়া-লা মানচা অঞ্চলে গত সপ্তাহে দুটি ট্রেনের সংঘর্ষে ৬৯ জন নিহত হন। এক বছরেরও কম সময়ের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা। এর আগে গত জানুয়ারিতে আন্দালুসিয়ায় দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৬ জন নিহত হন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে পুয়েন্তে বলেন, ‘স্পেনের মতো একটি দেশের পরিবহনমন্ত্রী হিসেবে এক বছরেরও কম সময়ে এ ধরনের দুটি ভয়াবহ দুর্ঘটনার পর দায়িত্বে থাকা সম্ভব নয়।’

গত বুধবার মাদ্রিদ-সেভিয়া রেলপথে রাষ্ট্রীয় মালিকানাধীন রেনফে পরিচালিত একটি দ্রুতগতির ট্রেন দাঁড়িয়ে থাকা একটি ট্রেনকে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় ট্রেনটির গতি ঘণ্টায় আনুমানিক ১০০ থেকে ১২৫ মাইল ছিল।

রেলপথটির একটি অংশে সংকেত ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ত্রুটির পর মাদ্রিদ থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তারা রেলপথটির নিয়ন্ত্রণ নেন। পরে তারা রেনফের ট্রেনটিকে চলাচলের অনুমতি দেন। এর ফলে বেসরকারি প্রতিষ্ঠান ইরিও পরিচালিত একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর মাদ্রিদ-সেভিয়া রেলপথে ট্রেন চলাচল কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা সংস্থা ওই রেলপথের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করছে। এ ছাড়া ইউরোপীয় রেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর কাজও শেষ করার উদ্যোগ নিয়েছে সরকার।

ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি নিরাপত্তাব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ব্যবস্থা ট্রেনের চালক ও নিয়ন্ত্রণকক্ষের কথোপকথন পর্যবেক্ষণ করবে এবং কোনো অস্বাভাবিক পরিস্থিতি শনাক্ত করে মানবিক ভুলের ঝুঁকি কমাতে সহায়তা করবে।

পুয়েন্তে জানিয়েছেন, স্পেনই প্রথম দেশ হিসেবে এ ধরনের নিরাপত্তাব্যবস্থা চালু করতে যাচ্ছে।

এদিকে দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এ জন্য ৩ কোটি ইউরোর (৩ কোটি ৩৫ লাখ ডলার) সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনেরা সরাসরি ৭২ হাজার ১২১ ইউরো করে পাবেন। এর পাশাপাশি সমপরিমাণ অর্থ অগ্রিম ক্ষতিপূরণ হিসেবেও দেওয়া হবে।

সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী: ত্যাগ ও স…
  • ০৪ নভেম্বর ২০২৬
মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ, যুক্তরাষ্ট্…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিসিএসের ফল জালিয়াতি করতে চুক্তিভিত্তিক দলীয় ‘সিস্টেম অ্যাড…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পেছাল রাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশে কেনা হচ্ছে ‘বিশেষায়িত ও অপারেশনাল যান’, একনেকে অনুমো…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950