রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স

০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৭ PM
প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হতে চলেছেন কেইশা ল্যান্স বটমস

প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হতে চলেছেন কেইশা ল্যান্স বটমস © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও ধনকুবের রিক জ্যাকসনকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস। আটলান্টার সাবেক মেয়র বটমসের এই জয়ের মধ্য দিয়ে প্রায় ৩০ বছর পর অঙ্গরাজ্যটিতে গভর্নর পদে ফিরছে ডেমোক্র্যাটরা। একই সঙ্গে জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর এবং যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হতে যাচ্ছেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের 

আটলান্টায় বিজয় উদ্‌যাপনের অনুষ্ঠানে বটমস বলেন, ‘জর্জিয়া, আমরা স্পষ্ট বার্তা দিয়েছি—আমরা এমন একজন নেতাকে চাই, যিনি জর্জিয়াকে সবার আগে রাখবেন এবং ওয়াশিংটন ডিসি থেকে আসা সব বিশৃঙ্খলার বিরুদ্ধে দাঁড়াবেন।’

নির্বাচনে বটমসের প্রতিদ্বন্দ্বী রিক জ্যাকসনের প্রচারে বিপুল অর্থ ব্যয় হয়েছিল। নিজের সম্পদ থেকে ১০ কোটি ডলারের বেশি নির্বাচনী প্রচারে খরচ করেন তিনি। বিজ্ঞাপন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাডইমপ্যাক্টের অক্টোবরের তথ্য অনুযায়ী, সাধারণ নির্বাচনে জ্যাকসনের প্রচারশিবির বিজ্ঞাপনের জন্য ২০ কোটি ডলারের বেশি খরচ করেছে বা বরাদ্দ রেখেছিল। বিপরীতে বটমসের প্রচারশিবিরের বিজ্ঞাপনে ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ১০ লাখ ডলার।

তবে প্রচারের সময় জ্যাকসনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরেন বটমস। ২০২৪ সালের নির্বাচনে জর্জিয়ায় দুই শতাংশের বেশি ব্যবধানে জয় পেয়েছিলেন ট্রাম্প। তবে এরপর থেকে ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা কমেছে।

প্রাথমিক নির্বাচনী প্রচারে জ্যাকসন বলেছিলেন, নির্বাচিত হলে তিনি হবেন ট্রাম্পের ‘সবচেয়ে পছন্দের গভর্নর’। আটলান্টা জার্নাল-কনস্টিটিউশনে প্রকাশিত একটি অডিও রেকর্ডিংয়েও তাকে বলতে শোনা যায়, নভেম্বরে ভোটকেন্দ্রগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন থাকবে বলে তিনি মনে করেন। তবে সাধারণ নির্বাচন সামনে রেখে তিনি বলেন, বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের আদর্শ অনুসরণ করবেন। কেম্পের সঙ্গে ট্রাম্পের বিভিন্ন বিষয়ে মতবিরোধ রয়েছে। একই সঙ্গে ভোটকেন্দ্রে ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা বলার বিষয়টিও অস্বীকার করেন জ্যাকসন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক নির্বাচনী সমাবেশে বটমস বলেন, ‘তিনি ট্রাম্পের সবচেয়ে পছন্দের গভর্নর হতে লড়ছেন। আর আমি লড়ছি আপনাদের গভর্নর হতে।’

অন্যদিকে, জ্যাকসন তার প্রচারে তুলে ধরেন পালক পরিবারের আশ্রয়ে বেড়ে ওঠা কিশোর থেকে ধনকুবের হয়ে ওঠার গল্প এবং পালক পরিবারগুলোকে সহায়তায় তার দাতব্য কর্মকাণ্ড। করোনা মহামারির সময় আটলান্টার মেয়র থাকাকালে শহরটিতে অপরাধের হার বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বটমসের সমালোচনাও করেন তিনি।

নির্বাচনী প্রচারে বটমস অভিযোগ করেন, গভর্নর হলে জ্যাকসনের ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সরকারি দায়িত্বের সংঘাত তৈরি হতে পারে। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণের বিষয়ে এমন ঝুঁকি রয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচিত হলে এসব ডেটা সেন্টার নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার প্রতিশ্রুতিও দেন বটমস।

ট্রাম্পের শাসনামলে জর্জিয়ার রাজনৈতিক পরিবর্তনের বিষয়টিও বটমসের জয়ে উঠে এসেছে। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর জর্জিয়ায় ফল পরিবর্তনের চেষ্টা করেছিলেন ট্রাম্প। সে সময় রিপাবলিকান অঙ্গরাজ্য সচিবকে ফোন করে তিনি ভোটের সংখ্যা ‘খুঁজে বের করার’ আহ্বান জানান। এ ঘটনার পর অঙ্গরাজ্যটিতে ভোটারদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয় এবং ডেমোক্র্যাটদের পক্ষে জনসমর্থন বাড়ে। এর ধারাবাহিকতায় দুই ডেমোক্র্যাট প্রার্থী সিনেটর নির্বাচিত হন।

তাদের একজন সিনেটর জন অসফ মঙ্গলবারের নির্বাচনেও সহজ জয় পেয়েছেন।

বটমসের এই জয়ের ফলে অঙ্গরাজ্যের বাজেটে গভর্নরের বিশেষ ক্ষমতা প্রয়োগের সুযোগ পাবেন তিনি। একই সঙ্গে আইনসভায় রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তাদের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন। রিপাবলিকানরা অঙ্গরাজ্যের নির্বাচনী এলাকার সীমানা নতুন করে নির্ধারণের উদ্যোগ নিলে তাতেও ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে তার।

সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী: ত্যাগ ও স…
  • ০৪ নভেম্বর ২০২৬
মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ, যুক্তরাষ্ট্…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিসিএসের ফল জালিয়াতি করতে চুক্তিভিত্তিক দলীয় ‘সিস্টেম অ্যাড…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পেছাল রাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না
  • ০৪ নভেম্বর ২০২৬
পুলিশে কেনা হচ্ছে ‘বিশেষায়িত ও অপারেশনাল যান’, একনেকে অনুমো…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950