পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ PM
আয়ান আবদুল্লাহ

আয়ান আবদুল্লাহ © টিডিসি সম্পাদিত

একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অন্যান্য অপরাধের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য বলা হয়। আদেশ অনুযায়ী, ৬৪ শিক্ষার্থীকে পরীক্ষা ও ১ বছর, পরীক্ষা ও ২ বছর এবং পরীক্ষা  ও ৩ বছর—এই তিন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

এদিকে, শাস্তিপ্রাপ্তদের মধ্যে একজন হল শাখা ছাত্রদলের এবং অপরজন হল সংসদের সদস্য ছাড়াও নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও রয়েছেন তালিকায়। তার নাম আয়ান আবদুল্লাহ। তিনি অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। শাস্তি হিসেবে তাকে পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে। পরীক্ষার হলে তার হাতে কাগজের চিরকুট (নকল) পাওয়া গেছে বলে বিভাগ সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: এআই দিয়ে পরীক্ষায় উত্তর লেখার দায়ে ঢাবির ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি

জানা যায়, আয়ান আবদুল্লাহ মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৫ জুলাই ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়নের নেতৃত্বে ঢাকা মেডিকেল মোড়ে ছাত্রলীগের পক্ষে অবস্থান নেন তিনিও। 

আয়ান আব্দুল্লাহ হল ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী ছিলেন। স্বতন্ত্রভাবে গতবছর ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে নির্বাচন করেন। তবে তাকে ভোট দিতে প্রচারণা চালাতে দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে। নির্বাচনের সময় গুঞ্জন ছিল, আয়ান আবদুল্লাহ ডাকসুতে ছাত্রলীগ সমর্থিত প্যানেলে ছিলেন।

আরও পড়ুন: পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি (তালিকা দেখুন)

এ বিষয়ে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আয়ান আবদুল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে ৫ দিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘আমার ব্যবহৃত মোবাইল ফোনটি হারিয়ে গেছে। সকল প্রকার আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন সবাই।’

বিভাগের চেয়ারম্যান মো. রাশেদুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার হলে আয়ান আবদুল্লাহর হাতে কাগজ (নকল) পাওয়া যায়, যা ইনভিজিলেটর পেয়েছিলেন। পরে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়ান আবদুল্লাহ ছাড়া বিভাগের আরও দুই শিক্ষার্থীর শাস্তি হয়েছে বলেও তিনি জানান।

৫ আগস্টের আগে ছাত্রলীগে সক্রিয় থেকেও যেভাবে ক্লাস-পরীক্ষায় স্বাভাবিক ছিল আয়ান আবদুল্লাহ
২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ছাত্রলীগে সক্রিয় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দমন করলেও কোনো ফুটেজ ছিল না। এ জন্য তার বিরুদ্ধে বিভাগের শিক্ষার্থীরা আনুষ্ঠানিক ব্যবস্থা নিতে প্রশাসনকে কোনো চিঠি দিতে পারেননি। এছাড়া ওই বিভাগ ২০১৬ সালে প্রতিষ্ঠিত, সেখানকার প্রতিটি শিক্ষক আওয়ামী লীগপন্থী নীলদল সমর্থিত বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিভাগের একাধিক শিক্ষার্থী নাম-পরিচয় প্রকাশে কথা বলছেন দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে। তারা বলেন, একে তো ফুটেজ ছিল না। তারপর বিভাগের সবাই নীলদলের এ জন্য কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। যার ফলে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষায় স্বাভাবিক ছিলেন তিনি। অংশ নিয়েছেন ডাকসু নির্বাচনেও।

তারা আরও জানান, ৫ আগস্টের আগে মাস্টারদা সূর্য সেন হলে ছিলেন আয়ান আবদুল্লাহ। পটপরিবর্তনের পরে তিনি আর হলে উঠেনি।

এবার রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬