চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হারানো মার্কশিট পুনরায় উত্তোলনের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে মার্কশিট হারানো শিক্ষার্থীদের বাড়তি অর্থ ব্যয় ও প্রক্রিয়াগত ভোগান্তি কমবে। সোমবার (২৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সপ্তম কেবিনেটের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে হারানো মার্কশিট পুনরায় উত্তোলনের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার নিয়ম চালু ছিল। এতে শিক্ষার্থীদের একদিকে যেমন জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, অন্যদিকে বিজ্ঞাপন প্রকাশের জন্য অতিরিক্ত অর্থও ব্যয় করতে হতো।
আব্দুল্লাহ আল নোমান আরও বলেন, শিক্ষার্থীদের এ ভোগান্তি দূর করতে চাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিয়মটি বাতিলের অনুরোধ জানানো হয়। শিক্ষার্থীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ মার্কশিট পুনঃইস্যুর ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে। ফলে এখন থেকে হারানো মার্কশিট পুনরায় উত্তোলনে শিক্ষার্থীদের আর পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে না।