প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় বিশেষ অনুদান দেবে নোবিপ্রবি

২৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ AM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। © সংগৃহীত

প্রথমবারের মতো স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প, থিসিস ও প্রজেক্টের জন্য বিশেষ আর্থিক অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। গবেষণায় যুক্ত শিক্ষার্থীদের আর্থিক সীমাবদ্ধতা দূর করে গবেষণায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের গবেষণায় সম্পৃক্ত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে নোবিপ্রবি রিসার্চ সেল।

গত ১২ নভেম্বর রিসার্চ সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নাম, রোল নম্বর, মোবাইল নম্বর, গবেষণার শিরোনাম ও সুপারভাইজারের নামসহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান অথবা ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষর ও সিলমোহরসহ আগামী ২৬ নভেম্বরের মধ্যে তালিকার হার্ডকপি রিসার্চ সেল কার্যালয়ে জমা দিতে হবে। একই সঙ্গে ইংরেজিতে প্রস্তুত করা তালিকার সফটকপি রিসার্চ সেলের নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্নাতক পর্যায়ে প্রথমবারের মতো এ ধরনের অনুদান চালুর বিষয়ে রিসার্চ সেলের পরিচালক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘অনেক আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থী গবেষণায় আগ্রহী হলেও অর্থের অভাবে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে সমস্যার সম্মুখীন হন। গবেষণার তথ্য সংগ্রহ, প্রিন্টিং ও বাইন্ডিংয়ের মতো কাজেও শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হয়। এসব আর্থিক সীমাবদ্ধতা দূর করে শিক্ষার্থীদের গবেষণায় আরও বেশি সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি, এতে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে।’

তিনি আরও জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেটের ৮৫ শতাংশ বিএসসি, এমএসসি ও ফেলোশিপ পর্যায়ের গবেষণার জন্য বরাদ্দ রাখার বিধান রয়েছে। শিক্ষার্থীদের গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় সহায়তা বাড়াতে রিসার্চ সেল কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘ইউজিসির নির্দেশনা অনুযায়ী আগে মূলত মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার জন্য এ ধরনের বরাদ্দ রাখা হতো। তবে বর্তমানে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও বিভিন্ন গবেষণা ও প্রজেক্টের সঙ্গে যুক্ত হচ্ছে। তাদের গবেষণার কাজ যেন অর্থের অভাবে বাধাগ্রস্ত না হয়, সে জন্যই প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

উপাচার্য আরও বলেন, ‘যারা সরাসরি গবেষণা বা প্রজেক্টের সঙ্গে যুক্ত, তারা এ সুবিধার আওতায় আসবে। প্রাপ্ত অর্থ দিয়ে শিক্ষার্থীরা গবেষণার তথ্য সংগ্রহ, যাতায়াত, রিপোর্ট টাইপিং ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহ করতে পারবে। আমরা চাই, কোনো শিক্ষার্থী যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে গবেষণা থেকে পিছিয়ে না পড়ে।’

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ডাকসুর মশাল মিছ…
  • ২৩ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো স্নাতক শিক্ষার্থীদের গবেষণায় বিশেষ অনুদান দে…
  • ২৩ নভেম্বর ২০২৬
মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জেনে নিন আ…
  • ২৩ নভেম্বর ২০২৬
পদ ৪৯৫, এসএসসি পাসে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর
  • ২৩ নভেম্বর ২০২৬
মার্কশিট হারালে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার বাধ্যবাধকতা বাতিল
  • ২৩ নভেম্বর ২০২৬
৭৯ কলেজের প্রধানকে ডাকল বোর্ড, দিতে হবে এইচএসসিতে খারাপ ফলে…
  • ২৩ নভেম্বর ২০২৬