জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এক প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশসংক্রান্ত বিবৃতি প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়টির ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’।
সংগঠনের সভাপতির দাবি, তার সম্মতি ও অনুমোদন ছাড়াই স্বাক্ষর ব্যবহার করে ওই বিবৃতিটি প্রচার করা হয়েছে। তবে এতে ব্যবহৃত সাধারণ সম্পাদকের স্বাক্ষরের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে উক্ত প্রত্যাখ্যান বিবৃতিতে সাধারণ সম্পাদকের স্বাক্ষর ছিল না।
বিবৃতিতে অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ' শিরোনামে প্রচারিত একটি বিবৃতি আমার নজরে এসেছে। উক্ত বিবৃতিতে সভাপতি হিসেবে আমার স্বাক্ষর ব্যবহার করা হলেও তা সম্পূর্ণ অননুমোদিত এবং আমার সম্মতি ছাড়া প্রচার করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, বিষয়েটি নিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য চূড়ান্ত করা হয়নি। পুরো ঘটনাটি বিশদভাবে খতিয়ে দেখে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে ফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট বক্তব্য উপস্থাপন করা হবে।
একইসঙ্গে পূর্বে প্রচারিত বক্তব্যকে ফোরামের প্রাতিষ্ঠানিক অবস্থান হিসেবে না দেখার আহ্বান জানিয়ে এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।