চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্রভোস্টকে ছাত্রদল সেক্রেটারি, অতঃপর...

৩১ আগস্ট ২০২৬, ১০:৫০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫১ PM
সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান এবং ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান এবং ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহিদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের কর্মীকে সিট না দেওয়ায় প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। 

এদিকে অডিও ছড়িয়ে পড়ার পর আজ সোমবার (৩১ আগস্ট) রাতেই সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।

পদত্যাগ পত্রে অধ্যাপক আব্দুল মান্নান বলেন, আমার ব্যক্তিগত ও পারিবারিক ব্যস্ততার কারণে আমি সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি।

সূত্র জানিয়েছে, সদ্য স্নাতকোত্তর শেষ করা চবি ছাত্রদল কর্মী রাশিদুল ইসলামের সিট বরাদ্দের জন্য সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের সঙ্গে ফোনালাপ করে ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান। সম্প্রতি রাশিদুল ইসলাম স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে শিক্ষাজীবন শেষ করেছেন বলে জানা গেছে। কর্মীর ছাত্রত্ব না থাকা সত্ত্বেও চবি সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমান প্রভোস্টকে আসন বরাদ্দ দেওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। এ নিয়ে এক পর্যায়ে তিনি হলের প্রভোস্টকে চাপাচাপির পর হুমকি দেন। তাদের কথোপকথনের অডিও ক্লিপ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শহিদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান এবং ছাত্রদল সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের কথোপকথনের অডিও ছড়িয়ে পড়া অডিও রেকর্ডের কথোপকথন থেকে জানা যায়-

হল প্রভোস্ট: ওকে (রাশিদুল ইসলাম) এমফিলের ছেলে কেন বলতেছ? সে কি এমফিলে ভর্তি হইছে? সে এমফিলে ভর্তি হবে, পরিকল্পনা আছে। ভর্তি হোক, তখন দেখা যাবে।

ছাত্রদল সেক্রেটারি: না স্যার, আপনি কি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির চেয়ারম্যান? আপনার হলে মেধার ভিত্তিতে সিট কয়টা? মেধার ভিত্তিতে সিট কয়টা দিছেন? শিবিরকে কীভাবে এস্টাবলিশ করছেন? আপনি এটার উত্তর দিবেন। ছাত্র হিসেবে আমাদের জানার অধিকার আছে।

হল প্রভোস্ট: আচ্ছা শোনো, তুমি যেহেতু আমাকে বলছ...

ছাত্রদল সেক্রেটারি: মেধার ভিত্তিতে কয়টা সিট আপনার হলে আছে? মেধার ভিত্তিতে কয়টা দিছেন? আর সুপার মেধার ভিত্তিতে কয়টা দিছেন আপনার হলে? আপনি এটার উত্তর কি দিবেন?

হল প্রভোস্ট: শোনো, তুমি তো আমার কথাই শুনতেছ না, খালি তোমার কথাই বলতেছ।

ছাত্রদল সেক্রেটারি: আপনি উত্তর করছেন? আপনি যেভাবে এস্টাবলিশ করছেন, শিবির কীভাবে কীভাবে ঢুকিয়েছেন, তুলেছেন, আপনি এটার তালিকা প্রকাশ করবেন। তালিকা দিবেন আপনি। আমি এখান থেকে সেখানে যাব, তালিকা দিবেন। স্যার, আপনার হলে কয়টি মেধার ভিত্তিতে সিট আছে, আর কয়টি সুপার মেধার ভিত্তিতে সিট আছে, এই তালিকা আপনাকে দিতে হবে।

হল প্রভোস্ট: শোনো, তোমার ছেলে রাশিদুল আমাকে আইসা সিট চাইছে। আমি রাশিদুলকে যেটা বলছি, বলছি। কিন্তু তুমি যখন তার ব্যাপারে সুপারিশ করবা, তখন তোমার সাথে আমার কথাবার্তার ধরন হবে অন্যরকম। কিন্তু তুমি আমার সাথে যে ধরনের কথা বলতেছ, এটা কি হইলো? তুমি হইলে নেতা মানুষ, বড় নেতা। বড় নেতার কথা হবে নরম-সরম।

ছাত্রদল সেক্রেটারি: না না, আমি আপনাকে বলি... আমি তো এই ধরনের কোনো অঘটন... সিটের জন্য কি আমি আপনাকে উত্তর করছি? সুপারিশ করছি?

হল প্রভোস্ট: কিন্তু আজকে যে তুমি প্রথম দিনে ফোন কইরা যে এইভাবে কথা বলতেছ, এটা হইলো? তুমি আমাকে বলতে পারতা যে, 'স্যার, আপনি আমার এই ছেলেটার একটু ব্যবস্থা করেন'—এইভাবে বলতে পারতা। কিন্তু তুমি যেভাবে কথা বলতেছ, মানে কোনো কথা বাদ রাখতেছ না।

ছাত্রদল সেক্রেটারি: শিবির কীভাবে হলে গেছে? 

হল প্রভোস্ট: এত এত মন্তব্য করলে কথা বলব কোন সময়?

ছাত্রদল সেক্রেটারি: অবশ্যই স্যার। তালিকাসহ হিসাব হবে যে কে কয়টা সিট নিয়েছে? ছাত্ররা কেন নেতার পেছনে সিটের জন্য ঘুরবে? এই যে ইসলাম ব্যবহার করে, ইসলামকে পছন্দ করে মেধার ভিত্তিতে সিটের জন্য। এ অধিকার কীভাবে পেলেন যে সিটে তুলতেছেন, অংক আছে? খোলাবাজারে সিট তুলছেন! ধর্মের দোহাই নিয়েন না। আপনারা কোর্স অন্যায়ভাবে বিক্রি করছেন, আপনি খারাপ ব্যবহার করতে পারেন না। আপনি সুন্দরভাবে বলেন। শিবির কীভাবে এই  হলে উঠে প্রকাশ করছেন?

হল প্রভোস্ট: শোনো। ওর সাথে আমি খারাপ ব্যবহার করি নাই। ও যখন বারবার আমাকে বলতেছে, ও যখন আমার কথা কোনো বিবেচনায় নিচ্ছে না, তখন হয়তো।

ছাত্রদল সেক্রেটারি: সেটাই তো বললাম। স্যার, আমি আপনাকে বললাম, আপনাকে শ্রদ্ধা করে বললাম। আপনি আপনার হলের মেধার ভিত্তিতে সিট কয়টা হইছে, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ারে কীভাবে সিট নেয়। আপনারা সুপার মেধার ভিত্তিতে সিট দিছেন, এটার তালিকা প্রকাশ করবেন। এটার তালিকা দিবেন। আপনি বিশ্ববিদ্যালয়ের কোন আইন, কোন বিধান, কোন ধারা দিয়ে বাছাই করছেন, সেটা দেখব। আপনারা দুই নম্বরি কইরা দখল করতেছেন, সিট দখল করতেছেন।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আমার সঙ্গে তার প্রায় চার মিনিট কথা হয়েছে। সেখানে দুই মিনিটের রেকর্ডিং দেওয়া হয়েছে। বাকি দুই মিনিটের রেকর্ডিংও প্রকাশ করুক। একজন শিক্ষার্থীকে সিট সংক্রান্ত বিষয় তিনি বুঝিয়ে বলতে পারেন। কিন্তু তার মা-বাবাকে তুলে কথা বলতে পারেন না। ওই শিক্ষার্থী মাস্টার্সের ছিল এবং মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ার পর মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করেছিল। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যও সুপারিশ করেছিলেন। কিন্তু তিনি বলেছেন, তিনি নাকি ভিসিকেও গোনেন না।

তিনি আরও বলেন, আমি জানতে চেয়েছি, আপনার হলের মোট সিট সংখ্যা কত এবং মেধার ভিত্তিতে কতটি সিট দেওয়া হয় এই প্রশ্ন করাটা কি আসলেই হুমকি? আর ওই শিক্ষার্থী এমফিলে ভর্তি হয়েছে কি না, সে বিষয়েও ডকুমেন্ট রয়েছে।

পদত্যাগের ঘটনা নিশ্চিত করে ও ছাত্রদল সাধারণ সম্পাদকের হুমকির বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আব্দুল মান্নান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি পদত্যাগ করেছি। আমি পূর্বের ঘটনা নিয়ে কথা বলতে চাই না। যত কথা বলবো, ততই ঝামেলা। আমি চাই ছাত্ররা ভাল থাকুক।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950