প্রতীকী ছবি © সংগৃহীত
মোবাইল, টেলিভিশন, ট্যাব বা ল্যাপটপের পর্দায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে শিশুরা। খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ড কমিয়ে ডিজিটাল পর্দায় অতিরিক্ত আসক্তি তাদের শরীর ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এতে শুধু চোখের সমস্যা নয়, বাড়ছে হৃদ্রোগ, স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস ও কোলেস্টেরলজনিত জটিলতার ঝুঁকিও। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়েছে, শিশুদের দীর্ঘ সময় ডিজিটাল পর্দায় কাটানোর ফলে হৃদ্যন্ত্র ও বিপাকক্রিয়াসংক্রান্ত একাধিক সমস্যা দেখা দিচ্ছে। চিকিৎসকদের ভাষায়, এ ধরনের সমস্যাকে ‘কার্ডিওমেটাবলিক সিনড্রোম’ বলা হয়। এর প্রভাবে অল্প বয়সেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যেতে পারে।
টেলিভিশন ও মোবাইলের অতিরিক্ত ব্যবহার শিশুদের মনোযোগ ও ধৈর্য কমিয়ে দিতে পারে। এতে পড়াশোনায় মনোযোগের পাশাপাশি সৃজনশীল চিন্তাভাবনাও বাধাগ্রস্ত হয়। এ ছাড়া স্ক্রিনের আলো মেলাটোনিন হরমোনের স্বাভাবিক নিঃসরণে বাধা দিতে পারে। ফলে ঘুমের সমস্যা তৈরি হয় এবং শিশুদের আচরণেও পরিবর্তন দেখা দিতে পারে।
কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হেলথের শিশুরোগ বিশেষজ্ঞ প্রিয়ঙ্কর পাল বলেন, ‘দ্বিতীয় শ্রেণির শিশুও বলছে তাদের হাতে নাকি সময় নেই। ভাবা যায়! অতএব খেলাধুলা করা বা ছবি আঁকার সময়টুকু নাকি তারা পাচ্ছে না, স্কুলের প্রজেক্টের এমন চাপ। অবসর সময়টুকু কাটছে মোবাইলে কার্টুন বা ভিডিয়ো গেম খেলে। এই অভ্যাসে স্থূলত্ব বাড়ছে, হজমশক্তি কমছে, শরীর নিষ্ক্রিয় হয়ে পড়ছে। যা পরোক্ষ ভাবে ক্ষতি করছে হৃদ্যন্ত্রের। বাড়ছে ইস্কিমিক হার্ট অ্যাটাকের ঝুঁকি।’
যেভাবে ক্ষতি করছে স্ক্রিন টাইম
হৃদ্রোগ চিকিৎসক দিলীপ কুমারের মতে, তিনটি প্রধান কারণে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের হৃদ্যন্ত্র ও বিপাকক্রিয়ায় প্রভাব ফেলছে। প্রথমত, মোবাইল বা টেলিভিশনে বেশি সময় কাটানোর কারণে শিশুদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রম কমে যাচ্ছে। এতে শরীরের শক্তি খরচ কম হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে। এ অবস্থায় শরীরের কোষগুলো ইনসুলিন হরমোনের প্রতি স্বাভাবিকভাবে সাড়া দেয় না। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়।
দ্বিতীয়ত, ভিডিও গেম ও মোবাইলের বিভিন্ন ভিডিও শিশুদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। বয়সের অনুপযোগী দৃশ্য বা বিষয়বস্তু থেকে তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে পারে। মনের ও আচরণের আকস্মিক পরিবর্তন উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। পাশাপাশি হৃদ্স্পন্দনের স্বাভাবিক ছন্দেও পরিবর্তন আসতে পারে। এতে অ্যারিদমিয়া বা অনিয়মিত হৃদ্স্পন্দনের ঝুঁকি তৈরি হয়।
তৃতীয়ত, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের খাওয়ার অভ্যাসেও পরিবর্তন আসতে পারে। কারও খিদে কমে যায়, আবার কারও মধ্যে অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়। এতে স্থূলতা বাড়ার পাশাপাশি রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যেতে পারে। এসব সমস্যা একপর্যায়ে মেটাবলিক সিনড্রোমের কারণ হয়ে দাঁড়ায়।
কোন বয়সে কতক্ষণ স্ক্রিন টাইম
শিশুদের বয়স অনুযায়ী স্ক্রিন ব্যবহারের সময় নির্ধারণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনার কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ৬ থেকে ১৮ মাস বয়সী শিশুদের মোবাইলের পর্দা দেখানো উচিত নয়। তবে অনেক অভিভাবক শিশুকে শান্ত রাখতে বা খাওয়ানোর সময় মোবাইলে কার্টুন চালিয়ে দেন। এতে ছোটবেলা থেকেই পর্দার প্রতি আসক্তি তৈরি হতে পারে।
১ থেকে ২ বছর বয়সী শিশুদের দিনে ৩০ মিনিটের বেশি টেলিভিশন, মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করতে দেওয়া উচিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের স্ক্রিন ব্যবহারের সময় যতটা সম্ভব সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
৬ থেকে ১০ বছর বয়সী শিশুদেরও দীর্ঘ সময় ধরে মোবাইল বা টেলিভিশনে কার্টুন দেখার অভ্যাস থেকে দূরে রাখতে হবে। এতে তাদের সৃজনশীলতা বাধাগ্রস্ত হতে পারে এবং স্থূলতার ঝুঁকি বাড়তে পারে।
স্ক্রিন আসক্তি কমানোর উপায়
শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হাতে মোবাইল তুলে না দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কান্না থামাতে বা দুষ্টুমি থেকে মনোযোগ সরাতে কার্টুন চালিয়ে দেওয়ার অভ্যাসও এড়িয়ে চলতে হবে।
শিশুদের বাইরে গিয়ে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। বাইরে খেলার সুযোগ না থাকলে ঘরেই এমন খেলার ব্যবস্থা করতে হবে, যাতে তারা শারীরিক পরিশ্রম করতে পারে। পাশাপাশি হালকা ব্যায়াম ও স্ট্রেচিংয়ের অভ্যাস গড়ে তোলা যেতে পারে।
মোবাইল ও টেলিভিশনে অতিরিক্ত সময় কাটানোর কারণে শিশুদের সামাজিক মেলামেশাও কমে যেতে পারে। এতে তাদের কথা বলতে শেখা ও সামাজিক দক্ষতার বিকাশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই অন্য শিশুদের সঙ্গে মেলামেশা ও খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে।
শিশুর শোবার ঘরে টেলিভিশন, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল যন্ত্র না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিভাবকদেরও শিশুদের সামনে দীর্ঘ সময় মোবাইল ব্যবহার ও স্ক্রল করার অভ্যাস কমাতে হবে। কারণ, শিশুরা বড়দের আচরণ দেখেই অনেক কিছু শেখে।
এ ছাড়া শিশুদের ছবি আঁকা, বই পড়া ও পাজল সমাধানের মতো কাজে ব্যস্ত রাখা যেতে পারে। এসব কাজে অভিভাবকেরাও অংশ নিলে শিশুদের আগ্রহ বাড়বে। পাশাপাশি বাগান করার মতো শখ তৈরি করে গাছের পরিচর্যায় শিশুদের যুক্ত করা যেতে পারে। গাছের বেড়ে ওঠার সঙ্গে তাদেরও দায়িত্ববোধ ও নতুন কাজের প্রতি আগ্রহ তৈরি হবে।