তরুণ ও যুবকদের হৃদরোগে আক্রান্তের হার বাড়ছে © এআই নির্মিত ছবি
বর্তমানে পুরুষের যৌন সক্ষমতার সমস্যা শুধু যৌনস্বাস্থ্যের বিষয় নয়, কখনো কখনো এটি হার্ট অ্যাটাকের ঝুঁকিরও আগাম ইঙ্গিত দিতে পারে। কারণ, লিঙ্গে স্বাভাবিক উত্থানের জন্য পর্যাপ্ত রক্তপ্রবাহ প্রয়োজন হয়। রক্তনালিতে সমস্যা হলে লিঙ্গে রক্ত চলাচল কমে যেতে পারে। একই সমস্যা হৃদ্যন্ত্রের রক্তনালিতেও দেখা দিতে পারে। তাই এ ধরনের সমস্যাকে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএস) সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে এবং বাংলাদেশে মৃত্যুর একক বৃহত্তম কারণ হলো হার্ট অ্যাটাক ও হৃদরোগ। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ১ কোটি ৯৪ লক্ষ মানুষ হৃদরোগে প্রাণ হারাচ্ছেন, যার ৭৫ শতাংশেরও বেশি ঘটছে বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। বিবিএসের তথ্যমতে, দেশের মোট মৃত্যুর প্রায় ১৭ দশমিক ৪৫ শতাংশই ঘটছে হার্ট অ্যাটাকের কারণে।
চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত কোলেস্টেরল এবং অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে দেশে এখন ৫০ বছরের কম বয়সী তরুণ ও যুবকদের হৃদরোগে আক্রান্ত হওয়ার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।
ট্রান্সলেশনাল অ্যান্ড্রোলজি অ্যান্ড ইউরোলজি সাময়িকীতে প্রকাশিত একটি বড় গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষের উত্থানজনিত সমস্যা রয়েছে, তাঁদের হার্ট অ্যাটাক, স্ট্রোক ও হৃদরোগে মৃত্যুর ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। এ ছাড়া আরব জার্নাল অব ইউরোলজি সাময়িকীতে প্রকাশিত আরেক গবেষণায় বলা হয়েছে, হার্ট অ্যাটাকের প্রায় দুই থেকে পাঁচ বছর আগেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। ফলে সময়মতো চিকিৎসকের পরামর্শ নিলে এর ঝুঁকি আগে থেকে শনাক্ত করার সুযোগ তৈরি হতে পারে।
ভারতের জ্যান্ড্রা হেলথকেয়ারের হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. রাজীব কোভিলের মতে, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, ধূমপান, রক্তে কোলেস্টেরল বেড়ে যাওয়া, ঘুমের মধ্যে শ্বাস নিতে সমস্যা হওয়া এবং শারীরিক পরিশ্রমের অভাব রক্তনালির ক্ষতি করতে পারে। এসব কারণে উত্থানজনিত সমস্যার পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে।
উত্থানজনিত সমস্যার সঙ্গে হৃদরোগের সম্পর্ক কী?
উত্থানজনিত সমস্যা ও হৃদরোগের একটি সাধারণ কারণ হলো রক্তনালির ক্ষতি। রক্তনালির ভেতরের আবরণ ক্ষতিগ্রস্ত হলে স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হতে পারে। এর ফলে লিঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে সমস্যা হয়। একইভাবে হৃদ্যন্ত্রে রক্ত সরবরাহকারী নালিতেও সমস্যা দেখা দিতে পারে। তবে উত্থানজনিত সমস্যা থাকলেই যে হৃদরোগ হয়েছে এমনটা নয়। এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে।
ডায়াবেটিসে ঝুঁকি কেন বাড়ে
ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে রক্তনালির ক্ষতি হতে পারে। এতে লিঙ্গে রক্ত চলাচল ব্যাহত হয়ে উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে। একই সঙ্গে হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে।
বিশেষজ্ঞের মতে, অনেক পুরুষ লজ্জা বা সংকোচের কারণে এ সমস্যা নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলতে চান না। কেউ কেউ মনে করেন, বয়স বাড়া বা মানসিক চাপের কারণে এমন হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে এটি শরীরের রক্তনালিতে সমস্যার আগাম ইঙ্গিত হতে পারে। ডায়াবেটিস ছাড়াও মানসিক চাপ, উদ্বেগ, অতিরিক্ত ওজন, অ্যালকোহল গ্রহণ, বিষণ্নতা, সম্পর্কের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, কিছু ওষুধ এবং স্নায়ুর সমস্যার কারণেও উত্থানজনিত সমস্যা দেখা দিতে পারে।
সমস্যা দেখা দিলে কী করবেন
উত্থানজনিত সমস্যা দেখা দিলে লজ্জা না পেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন কিংবা ধূমপানের অভ্যাস থাকলে হৃদরোগের ঝুঁকি যাচাই করা জরুরি।
ডা. রাজীবের মতে, কিছু অভ্যাস পরিবর্তন করলে হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি উত্থানজনিত সমস্যাও নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যেতে পারে। এ জন্য ওজন নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত ব্যায়াম করা, ধূমপান ছেড়ে দেওয়া, ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা প্রয়োজন।
উত্থানজনিত সমস্যাকে শুধু যৌনজীবনের সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। কিছু ক্ষেত্রে এটি হৃদরোগের ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা দিতে পারে। তাই সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ। এতে ঝুঁকি আগে শনাক্ত করা ও ভবিষ্যতের জটিলতা কমাতে সাহায্য হতে পারে।