ডালেও মিশছে ভেজাল © সংগৃহীত ও সম্পাদিত
বাঙালির প্রায় প্রতিদিনের খাবারের তালিকায় মুগ ও মসুর ডাল থাকেই। পুষ্টির চাহিদা মেটাতে অনেকেই নিয়মিত এই দুই ধরনের ডাল পছন্দ করেন। তবে ডালে কৃত্রিম রং, অন্য ডাল, পাথরকুচি কিংবা আগাছার বীজ মেশানো হলে তা স্বাস্থ্যের জন্য ঝুঁকির কারণ হতে পারে। তাই ডাল কেনার সময় এবং রান্নার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।
কিছু ক্ষেত্রে ডালের সঙ্গে অন্য শস্য, পাথর, আগাছার বীজ কিংবা কৃত্রিম রং মেশানো হতে পারে। আবার পুরনো বা নিম্নমানের ডালকে আকর্ষণীয় দেখাতেও কৃত্রিম রং ব্যবহার করা হয়। এসব ভেজাল এড়াতে কেনার সময় সতর্ক থাকার পাশাপাশি বাড়িতেও ডালের নমুনা পরীক্ষা করে দেখা যেতে পারে।
ডালে কী কী ভেজাল মেশানো হতে পারে?
খাদ্যসুরক্ষা ও গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআইয়ের তথ্য অনুযায়ী, মুগ বা মুসুরডালে সবচেয়ে বেশি মেশানো হয় মেটানিল ইয়েলো ও লেড ক্রোমেটের মতো কৃত্রিম রং। মুগডালকে উজ্জ্বল হলুদ দেখাতে মেটানিল ইয়েলোর মতো শিল্পজাত রাসায়নিক রং মেশানো হয়। এই রং শরীরে গেলে লিভার নষ্ট হতে পারে, ক্যানসারের ঝুঁকি বহুগুণে বেড়ে যেতে পারে।
ডালের রং উজ্জ্বল করতে মেটানিল ইয়েলো ও লেড ক্রোমেটের মতো ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করা হতে পারে। এগুলো খাদ্যে ব্যবহার নিরাপদ নয়। এ ধরনের রাসায়নিক শরীরে প্রবেশ করলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
মুগডাল খাঁটি কি না বুঝবেন কী ভাবে?
১. একমুঠো শুকনো মুগডাল দুই হাতের তালুর মাঝে নিয়ে ৩০ সেকেন্ড ভাল করে ঘষুন। ডাল খাঁটি হলে হাতের তালুতে কোনও রং লাগবে না। কিন্তু কৃত্রিম রং মেশানো থাকলে ডাল থেকে রং উঠে আসবে।
২. একটি স্বচ্ছ কাচের গ্লাসে ঈষদুষ্ণ জল নিয়ে তাতে এক টেবিলচামচ মুগডাল ভিজিয়ে দিন এবং নাড়াচাড়া করে ১৫-২০ সেকেন্ড অপেক্ষা করুন। ডাল খাঁটি হলে তা স্বচ্ছ থাকবে, সামান্য ঘোলাটে হবে। ভেজাল হলে জলের রং হলদেটে হয়ে যাবে।
৩. একটি প্লেটে মুগডালের খানিকটা ছড়িয়ে ভাল করে দেখুন। খাঁটি মুগডালের দানাগুলি ছোট, গোল বা সামান্য ডিম্বাকৃতি হবে। এর মধ্যে যদি চ্যাপ্টা, তিনকোনা বা বড় দানা দেখা যায়, তবে তাতে খেসারির ডাল থাকার সম্ভাবনা প্রবল।
মুসুরডাল খাঁটি কি না বোঝার উপায়
১. একটি কাচের গ্লাসে জল নিয়ে ২ চা-চামচ মুসুরডাল দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। খাঁটি ডাল থেকে রং ছাড়বে না। কিন্তু ভেজাল ডাল হলে তার থেকে রোডামাইন বি-এর রং দ্রুত জলে মিশে জলের রং কমলা-হলদেটে হয়ে যাবে।
২. খেয়াল করতে হবে জলের উপরে তেলের আস্তরণ ভেসে উঠছে না। ভেজাল ডালে মিনারেল অয়েল মেশানো থাকে যা জলে ভেসে উঠতে পারে।
৩. সামান্য মুসুরডাল অল্প জলে ভিজিয়ে তাতে কয়েক ফোঁটা ভিনিগার বা পাতিলেবুর রস মিশিয়ে দিন। ডালে মেটানিল ইয়েলো বা ক্ষতিকর রাসায়নিক থাকলে অ্যাসিডের সংস্পর্শে আসামাত্রই জলের রং বদলে গাঢ় গোলাপি হয়ে যাবে।
৪. থালায় মুসুরডাল ছড়িয়ে নেড়েচেড়ে দেখুন। ভেজাল মেশানো থাকলে ডালে কমলা রঙের পাথরকুচি বা আগাছার বীজ সহজেই চোখে পড়বে।
তবে এই পরীক্ষাটি সব ধরনের ভেজাল শনাক্ত করতে পারে না। শুধু নির্দিষ্ট ধরনের ছত্রাকের উপস্থিতি সম্পর্কে ধারণা পেতে এটি ব্যবহার করা হয়।
ডাল কেনার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন
অস্বাভাবিক উজ্জ্বল বা কৃত্রিম রঙের ডাল কেনা থেকে বিরত থাকুন।
প্যাকেটজাত ডাল কিনলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নিন।
ডালের মধ্যে পাথর, মাটি, আগাছার বীজ কিংবা অন্য কোনো শস্য আছে কি না খেয়াল করুন।
খোলা ডাল কেনার ক্ষেত্রে পরিচ্ছন্ন ও বিশ্বস্ত দোকান বেছে নিন।
সন্দেহজনক ডাল পাওয়া গেলে তা রান্না বা খাওয়া থেকে বিরত থাকুন।
সূত্র: আনন্দবাজার