কেবল তরকারিতে নয়, ফুলকপি দিয়ে জটপট তৈরি করুন এই তিন স্ন্যাকস

২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

শীতে বাজার মানেই ফুলকপির সমাহার। শীতকালে ফুলকপির ডালনা, রসা কিংবা আলু-ফুলকপির তরকারি রান্না হয় নিয়মিত। তবে একঘেয়ে স্বাদে বৈচিত্র আনতে ফুলকপি দিয়ে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের নানা খাবার। সামান্য মাখন, রসুন, চিজ ও ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই বানানো সম্ভব রেস্তোরাঁর মতো ফিউশন স্ন্যাকস। চলুন জেনে নেওয়া যাক ফুলকপি দিয়ে তৈরি তিন পদের সহজ রেসিপি।

গার্লিক-হার্ব রোস্টেড ফুলকপি

প্রথমে ফুলকপির টুকরোগুলো কিছুক্ষণ লবণপানিতে ভিজিয়ে রাখুন। এরপর ভালোভাবে পরিষ্কার করে অলিভ অয়েল বা সাদা তেল, গলানো মাখন, থেঁতো করা রসুন, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স ও অরিগ্যানো মাখিয়ে নিন। অরিগ্যানো না থাকলে ধনেপাতাকুচিও ব্যবহার করতে পারেন।

এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে ফুলকপির টুকরোগুলো মুচমুচে হওয়া পর্যন্ত নেড়ে রোস্ট করুন। এয়ার ফ্রায়ার থাকলে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও রোস্ট করে নিতে পারেন। পরিবেশনের আগে ওপর থেকে সামান্য লেবুর রস ছড়িয়ে দিন।

পেরি-পেরি কলিফ্লাওয়ার

ফুলকপি ছোট ছোট টুকরো করে তেল ও লবণ মাখিয়ে নিন। এরপর মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন অথবা এয়ার ফ্রায়ারে রোস্ট করুন। চাইলে তেলের বদলে মাখনও ব্যবহার করতে পারেন।

গরম থাকা অবস্থায় ফুলকপির ওপর পেরি-পেরি মসলা, সামান্য মরিচের গুঁড়া ও চাট মসলা ছড়িয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিন। বাজার থেকে পেরি-পেরি মসলা কিনে নিতে পারেন, আবার ঘরেও তৈরি করতে পারেন। এ জন্য এক চা-চামচ করে শুকনো আদার গুঁড়া, রসুনের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া, অরিগ্যানো, আমচুরের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও বিট লবণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেরি-পেরি মসলা।

চিজ বেকড ফুলকপি

প্রথমে ফুলকপি লবণ ও গরম পানিতে ভাপিয়ে নিন। এরপর একটি বেকিং ডিশে অথবা নন-স্টিক প্যানে টুকরোগুলো সাজিয়ে রাখুন।

এবার আলাদা একটি প্যানে মাখন গরম করে তাতে সামান্য ময়দা ভেজে নিন। এরপর গরম দুধ ঢেলে ঘন হোয়াইট সস তৈরি করুন। সসের সঙ্গে গ্রেট করা চিজ, লবণ ও গোলমরিচ মিশিয়ে নিন। এবার ফুলকপির ওপর সস ঢেলে ব্রেডক্রাম্ব ছড়িয়ে ওভেনে বেক করুন। ওভেন না থাকলে ঢাকনা দিয়ে কম আঁচে নন-স্টিক প্যানেও সেঁকে নিতে পারেন।

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়
  • ২৭ নভেম্বর ২০২৬
ইন্টেরিম সরকার গণভোটের পর নির্বাচনের দাবি না শোনায় দেশ অনিশ…
  • ২৭ নভেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম আরও বেশি হওয়ার কথা ছিল, জোর করে আটকে রাখা …
  • ২৭ নভেম্বর ২০২৬
আইজিপি-স্বরাষ্ট্র সচিবসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ
  • ২৭ নভেম্বর ২০২৬
বিমান না পাঠালে কিভাবে আসবেন হাসিনা, বললেন কার্যক্রম নিষিদ্…
  • ২৭ নভেম্বর ২০২৬
ঐক্যের নামে চাঁদাবাজি নয়, প্রধানমন্ত্রীর আহ্বানে যা বললেন ন…
  • ২৭ নভেম্বর ২০২৬