শিবির সভাপতি
কথা বলছেন নুরুল ইসলাম সাদ্দাম © সংগৃহীত
গণভোট ও সংস্কার বাস্তবায়নের পর জাতীয় নির্বাচন আয়োজনের দাবি তৎকালীন অন্তর্বর্তী সরকার উপেক্ষা করায় দেশ অনিশ্চিত পরিণতির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও ৫ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র সংসদ নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বড় প্রাপ্তি ছিল উল্লেখ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমরা লক্ষ্য করেছিলাম এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র। সেই সময়ে রাজনৈতিক দলের প্রভাবের কারণে একাধিকবারই ছাত্র সংসদ নির্বাচনগুলো পিছিয়ে সর্বশেষ বাধ্য হয়ে পাঁচটা ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছিলাম ১২ হাজার ভোট গণনার জন্য তিন দিন পর্যন্ত সময় নিয়েছিল। এক এক করে গুনলেও এটা এক দিনের বেশি সময় লাগার কথা ছিল না। কিন্তু তা ভণ্ডুল করার জন্য এবং প্রশাসনকে ব্যবহার করে এই সংসদের ভোট গণনা যেন প্রকাশ না পায় সেজন্য সকল আয়োজন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, তাদের সকল ষড়যন্ত্রের পথ মাড়িয়ে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নির্বাচিত প্রতিনিধিদের পেয়েছে। এই নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছে।
তিনি বলেন, আমরা গর্বভরে বলতে পারি, এই নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা এমন কোনো কাজ সংগঠিত হয় নাই যার মাধ্যমে ক্যাম্পাসের ছাত্ররা, শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হয়েছে। এই শিক্ষার্থীরা ক্যাম্পাসগুলোতে কোনো ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি অথবা কোনো অপকর্মের সাথে তারা যুক্ত ছিল না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কাজ তারা করেছে। দিন-রাত পরিশ্রম করে তারা ফান্ড নিয়ে এসেছে এবং এই ফান্ডগুলো শিক্ষার্থীদের কল্যাণে, ক্যাম্পাসের কল্যাণে তারা বিনিয়োগ করেছে। ছাত্র সংসদগুলো যখন দায়িত্ব পালন করেছে, আলহামদুলিল্লাহ তারা প্রেজেন্টেশনে দেখিয়েছে। পুরো একটি বছর এই বড় বড় ক্যাম্পাসগুলোতে ভায়োলেন্স ফ্রি একটি ক্যাম্পাস তারা উপহার দিয়েছে। আমরা বিশ্বাস করি, যারা এখানে বসে রয়েছে, তারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।
শিবির সভাপতি বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যারা প্রস্তুত হয়েছে, ক্যাম্পাসে যাদেরকে প্রতিনিধি করা হয়েছে, তারাই বাংলাদেশের মৌলিক সমস্যাগুলোকে আইডেন্টিফাই করবে। বাংলাদেশের ক্ষুধা, দারিদ্রতা, দুর্ভিক্ষ, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি, অন্যায় দখল, জোর দখল—সামগ্রিকভাবে এই দেশকে এক ঘুণে ধরা সমাজব্যবস্থায় পরিণত হয়েছে। সে সমাজব্যবস্থাকে যদি আজকে পাল্টে দিতে হয়, অন্ধ দলীয়করণের মূলে কুঠারাঘাত করতে হয়, তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, এখনো পর্যন্ত যে চাকরি সংস্কারের ব্যাপারে জুলাই আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই চাকরির কার্যকর সংস্কার আমরা দেখি নাই। পিএসসি যা সংস্কার হয়েছিল, সেই সংস্কারের পরে পিএসসিকে নিয়ে নানা ষড়যন্ত্র করা হয়েছে। মোনেম কমিশন যে সংস্কারগুলো করেছিল, সেখানে চেয়ারম্যানকে পদত্যাগ করানো হয়েছে। সদস্যদেরকে ডেকে ডেকে নিয়ে চায়ের আমন্ত্রণের পরে তাদেরকে এক এক করে পদত্যাগ করানো হচ্ছে।
আশঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, যে সংস্কারগুলো এখানে হয়েছে—ভাইভার নাম্বার ২০০ থেকে ১০০ করা হয়েছিল, সেটিতে আবার ২০০-তে নিয়ে যাওয়ার মতো পায়তারা করা হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন চাকরি পরীক্ষায় ৪০০ গুণ পর্যন্ত ভাইভার নাম্বার বৃদ্ধির জন্য প্রস্তাবনা করা হয়েছে। আমরা লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে মনিম কমিশন যে সংস্কারগুলো করেছে, তা বদলে দিয়ে নতুনভাবে দলীয় নিয়োগের চক্রান্ত আঁটা হয়েছে। আমরা এর বিরুদ্ধে, সকল সরকারি চাকরির নিয়োগ স্বচ্ছতার বিধানের ব্যাপারে সংবাদ সম্মেলন করেছি এবং প্রতিটা ক্যাম্পাসে আবার আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা বিশ্বাস করি, এ দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, সে সমস্যাগুলোর সমাধানের জন্য এই প্রজন্ম সামনের দিকে এগিয়ে আসবে। পরিবর্তনের জন্য তারা অনুঘটক হিসেবে কাজ করবে।
নুুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমিরে জামায়াত যে আমন্ত্রণ জানিয়েছে, আমার বিশ্বাস ছিল, আমি চিন্তা করেছিলাম ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে তৎকালীন সময়ে ইন্টেরিম গভর্নমেন্টে যিনি দায়িত্বে ছিলেন, ডক্টর ইউনুস—যে আন্দোলনের ফসল, যে ছাত্রদের রক্তের ফসল, যে ছাত্রদের আন্দোলনের ফসলে তিনি ওই চেয়ারে বসেছিলেন, তার একটা মৌলিক একটা দায়িত্ব ছিল এই ছাত্র সংসদের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ গড়ার জন্য তাদের কথাগুলো শুনে তৎকালীন সময়ে বাংলাদেশ পরিচালনায় তাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। তিনি মিঠা খেয়েছেন, কিন্তু তাদেরকে একবার ডেকে নিয়ে সংবর্ধনা তো দূরের কথা, তাদের ন্যূনতম কথা শোনারও প্রয়োজনীয়তা তিনি বোধ করেন নাই। যার ফলে এই দেশকে একটা গভীর সংকটে তিনি রেখে দিয়ে চলে গিয়েছেন।
সাদ্দাম বলেন, গণভোটের কথা তিনি বলেছিলেন। বারবার আমাদের পক্ষ থেকে, ছাত্র সংসদের পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে বারবার বলেছিল—গণভোট অতি দ্রুত আয়োজন করেন এবং গণভোট বাস্তবায়ন করার পরে জাতীয় ইলেকশন আপনারা দেন। কিন্তু তখন ইন্টেরিম গভর্নমেন্ট এই ছাত্র সংসদের কথা শুনে নাই। ছাত্র প্রতিনিধিদের কথা তারা শুনে নাই। যা হওয়ার তাই হয়েছে। ওই কথাগুলো না শোনার কারণে আজকে যে পরিণতির দিকে আমরা বাংলাদেশ এক অনিশ্চিত পরিণতির দিকে ধাবিত করা হয়েছে, এজন্য দায়ী ইন্টেরিম গভর্নমেন্ট এবং তৎকালীন সময়ে যারা সরকার পরিচালনা করেছিল।
শিবির সভাপতি আরও বলেন, আমরা আশা করেছিলাম, নির্বাচিত হওয়ার পরে বর্তমান গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিদের ডেকে নিয়ে তারা মতামত শুনবে। কিন্তু এখনো পর্যন্ত হিংসার বশবর্তী হয়ে তারা এই ছাত্র সংসদ প্রতিনিধিদের তারা ডাকে নাই। যেই কাজটা সরকারের করার কথা ছিল, সেই কাজটা তারা না করার পরে আমাদের বিরোধীদলীয় নেতা, মানবিক নেতা, মজলুম জননেতা—তিনি এই প্রতিনিধিদের মূল্যায়ন করেছেন, তাদের কথা শুনেছেন, ডেকেছেন। আপনাদের পরামর্শগুলো আমাদের কাছে পাঠালে আমরা আমিরে জামাতের কাছে এটা আরও পৌঁছে দিব।
তিনি বলেন, আমরা আশা করি সংসদে, সংসদের বাইরে তরুণ প্রজন্মের ভয়েস হয়ে তিনি ভূমিকা পালন করবেন। এই জাতিকে নেতৃত্ব দিবেন। সামনের দিকে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তরুণদের সংঘবদ্ধ এই শক্তিকে তিনি কাজে লাগাবেন।