ঢাকা বিশ্ববিদ্যালয়

কমিটির পরিবর্তে হলে হলে সমন্বয়ক শিবিরের—গুপ্ত রাজনীতি নাকি স্ট্র্যাটেজি?

২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ PM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ PM
ঢাবি ও শিবির

ঢাবি ও শিবির © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছেলেদের আবাসিক হলগুলোতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ না করে সমন্বয়কের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সর্বশেষ হল সংসদ নির্বাচনে সংগঠনটির আনুষ্ঠানিক প্যানেল না থাকলেও নির্বাচিত প্রতিনিধিদের বড় অংশের শিবির-সমর্থিত পরিচয় সামনে এসেছে। এ নিয়ে রাজনৈতিক পরিচয় আড়াল, সাংগঠনিক কাঠামো ও কার্যক্রমের ধরন নিয়ে শিক্ষার্থী এবং প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর প্রশ্ন উঠছে।

তবে শিবির নেতারা বলছেন, কাজের পরিধি বিবেচনায় ছোট সাংগঠনিক কাঠামো তাদের কৌশলগত সিদ্ধান্ত। প্রশ্ন হলো, হলে কমিটি না রাখা ও সমন্বয়কের আড়ালে কার্যক্রম পরিচালনা কি গুপ্ত রাজনীতির কৌশল, নাকি তাদের সাংগঠনিক স্ট্র্যাটেজি?

শিক্ষার্থীদের একাংশের চোখে শিবির গুপ্ত রাজনীতির চর্চা করছে, অন্য অংশ দেখছে কৌশলগত অবস্থান ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের সমন্বয়। তবে ছাত্রশক্তি ও ছাত্রদল নেতাদের অভিযোগ, রাজনৈতিক পরিচয় আড়াল করে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে সংগঠনের কার্যক্রম চালিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে শিবির। বিপরীতে, শিবির নেতারা এসব অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার আখ্যা দিয়ে বলছেন, তাদের কার্যক্রম প্রকাশ্য, সাংগঠনিক কাঠামো ছোট রাখা কেবল কাজের ধরন ও প্রয়োজনের বিবেচনায়। ফলে রাজনৈতিক পরিচয় আড়ালের অভিযোগ, নির্বাচনে সমর্থনের হিসাব ও সাংগঠনিক স্বচ্ছতা নিয়ে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে।

ঢাবি শিবিরের ৩৬ পদে ২৬ নেতৃবৃন্দ, একাধিক পদধারী ১০ নেতা
গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত ঢাবি শাখার তালিকা অনুযায়ী, হল ও অনুষদভিত্তিক মোট ১৮ জন সমন্বয়কের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১২টি হলের সমন্বয়ক এবং ছয়টি অনুষদ ও ইনস্টিটিউটের সমন্বয়ক রয়েছেন। তবে হলগুলোর ক্ষেত্রে সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়নি। প্রতিটি হলের সাংগঠনিক দায়িত্বে রাখা হয়েছে একজন করে সমন্বয়ককে। বিপরীতে, বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে ১৮টি সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টন করে নেতৃবৃন্দের নাম প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত দুই তালিকা বিশ্লেষণে দেখা যায়, বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকীয় পদ ও হল-অনুষদ সমন্বয়কের পদ মিলিয়ে ৩৬টি দায়িত্বের মধ্যে ১০ জন একাধিক পদে দায়িত্ব পালন করছেন। ফলে পদের সংখ্যা ৩৬ হলেও স্বতন্ত্র দায়িত্বশীলের সংখ্যা ২৬ জন। একাধিক দায়িত্বে রয়েছেন আসিফ ইমাম, মো. তাওকির হাসান, আহসান হাবিব ইমরোজ, আশিক বিল্লাহ, রাশিদ হাসান সাফওয়ান, নুরুল ইসলাম সাবির, মো. মুসলিমুর রহমান, হাসানুল বানা, মো. রবিউল ইসলাম এবং মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া)।

ছাত্রশিবিরে সবসময় নেতার সংখ্যা কম এবং কর্মী বা জনশক্তির সংখ্যা বেশি থাকে। কার্যক্রম পরিচালনায় যতজন নেতা প্রয়োজন, ততজনকে নিয়েই কমিটি করা হয়-কাজী আশিক, সেক্রেটারি, ঢাবি

প্রকাশ্যে হলভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে হল সংসদের একাধিক নেতার সম্পৃক্ততা দেখা যায়। আবার একই শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি শিবিরের ব্যানারেও দেখা যায়। ফলে প্রকাশিত কমিটির কাঠামো ও মাঠপর্যায়ে সংগঠনটির কার্যক্রমের ধরন নিয়ে প্রশ্ন উঠছে। সাংগঠনিক উপস্থিতি থাকলেও হলভিত্তিক নেতৃবৃন্দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করার বিষয়টি সংগঠনটির প্রচলিত সাংগঠনিক পদ্ধতি নিয়ে কৌতূহল বাড়াচ্ছে।

১৮ সম্পাদকীয় পদে ঢাবি শিবিরের সাংগঠনিক বিস্তৃতি
বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকীয় পদগুলোতে পদ বণ্টনের ধরনেও সংগঠনটির সাংগঠনিক বিস্তৃতির চিত্র উঠে আসে। প্রচার ও মিডিয়া, বার্তামূলক কার্যক্রম, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও প্রশিক্ষণ, ক্রীড়া, ছাত্র অধিকার, তথ্যপ্রযুক্তি, আন্তর্জাতিক কার্যক্রম, দাওয়াহ, স্কিল ডেভেলপমেন্ট, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন ও মানবাধিকার, সাহিত্য-সংস্কৃতি, প্রকাশনা, গবেষণা এবং ছাত্রকল্যাণসহ বিভিন্ন খাতে ১৮টি সম্পাদকীয় পদ রাখা হয়েছে। এসব পদের মধ্যে কয়েকজন একই সঙ্গে হল বা অনুষদ সমন্বয়কের দায়িত্বও পালন করছেন।

২০২৫ সালের হল সংসদের নির্বাচনে শিবির সমর্থিত ১২টি হল সংসদে মোট ১১৯ জন নির্বাচিত হয়েছেন। হল সংসদ নির্বাচনে শিবিরের প্যানেল না থাকলেও অধিকাংশ হলেই ভিপি, জিএস ও এজিএস শীর্ষ তিন পদ নিজেদের দখলে রেখেছে শিবির।

বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে অফিস সম্পাদক হিসেবে আসিফ ইমাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ, বার্তামূলক সম্পাদক নুরুল ইসলাম সাবির, মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. মুসলিমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, ছাত্র অধিকার সম্পাদক আহসান হাবিব ইমরোজ, আইটি সম্পাদক হাসানুল বানা, আন্তর্জাতিক সম্পাদক আনাস বিন মুনির, দাওয়াহ সম্পাদক আশিকুর রহমান সাবিক, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আশিক বিল্লাহ, বিজ্ঞান সম্পাদক মো. রবিউল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক হোসনে ইয়াসিন আরাফাত, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাঈম হোসেন, প্রকাশনা সম্পাদক মো. তাভকির হাসান, গবেষণা সম্পাদক রাশিদ হাসান সাফওয়ান এবং ছাত্রকল্যাণ সম্পাদক মো. মাহবুব আলম (মিরাজ) দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, হল ও অনুষদ সমন্বয়কের পদে রয়েছেন ফজলুল হক মুসলিম হলের মো. ইমামুল হাসান, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের মো. তাওকির হাসান, অমর একুশে হলের উবায়দুর রহমান হাসিব, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আহসান হাবিব ইমরোজ, বিজয় একাত্তর হলের আশিক বিল্লাহ, স্যার এ এফ রহমান হলের আব্দুল্লাহিল আববার, হাজী মুহম্মদ মুহসীন হলের রাশিদ হাসান সাফওয়ান, মাস্টারদা সূর্যসেন হলের মোহাম্মদ ইমরান, কবি জসীম উদ্দীন হলের মো. রুকন উদ্দিন, শেখ মুজিবুর রহমান হলের মুশফিক তাজওয়ার মাহির, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আসিফ ইমাম এবং সলিমুল্লাহ মুসলিম হলের আহমে ইবনে কালাম।

শিবির নিজস্ব কৌশলের নামে কখনো অরাজনৈতিক ব্যানারে, কখনো সমন্বয়ক পরিচয়ে, আবার কখনো সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। তারা মনে করেন, এটি রাজনৈতিক দ্বিচারিতা ও প্রতারণা, যা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার পাশাপাশি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকেও ক্ষুণ্ন করে-মোহাম্মদ সাকিব, ঢাবি ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি

এ ছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের সমন্বয়ক নুরুল ইসলাম সাবির, ব্যবসায় শিক্ষা অনুষদের মো. মুসলিমুর রহমান, কলা অনুষদের হাসানুল বানা, আইন অনুষদের মো. জাকারিয়া (সাখাওয়াত জাকারিয়া), বিজ্ঞান অনুষদের মো. রবিউল ইসলাম এবং ইনস্টিটিউটের এস এম জাহিদুল আলম।

সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি সম্পাদকীয় পদ ও হল-অনুষদ সমন্বয়কের ১৮টি পদের মধ্যে ১০ জন একাধিক দায়িত্ব পালন করছেন। তালিকা অনুযায়ী, অফিস, প্রকাশনা, ছাত্র অধিকার, স্কিল ডেভেলপমেন্ট, গবেষণা, বার্তামূলক, শিক্ষা ও প্রশিক্ষণ, আইটি এবং বিজ্ঞান ও আইনবিষয়ক সম্পাদকীয় দায়িত্বের সঙ্গে হল বা অনুষদ সমন্বয়কের দায়িত্ব যুক্ত হয়েছে। ফলে প্রকাশিত তালিকায় ৩৬টি পদের বিপরীতে স্বতন্ত্র নেতৃবৃন্দের সংখ্যা ২৬ জন।

হল সংসদে শিবিরের প্যানেল না থাকা সত্ত্বেও শিবির সমর্থিত ১১৯ বিজয়ী
২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে শিবির সমর্থিত ১২টি হল সংসদে মোট ১১৯ জন নির্বাচিত হয়েছেন। হল সংসদ নির্বাচনে শিবিরের প্যানেল না থাকলেও অধিকাংশ হলেই ভিপি, জিএস ও এজিএস শীর্ষ তিন পদ নিজেদের দখলে রেখেছে শিবির। তবে কয়েকটি হলে ছাত্রদল, ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরাও বিভিন্ন পদে জয় পেয়েছেন। ছাত্রশিবিরের হল সংসদ কেন্দ্রীক নেতাদের দাবি,তাদের হল ভিত্তিক কোনো কমিটি না থাকায় প্যাডভিত্তিক প্যানেল দিয়ে বা শিবির প্যানেল দিয়ে নির্বাচন করতে পারে নাই। কিন্তু ভোট চাওয়ার সময় শিবিরপন্থী পরিচয় দেওয়ার কথা জানায় তারা।

হলভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, শিবিরের হল কমিটি ও শিবিরের প্যানেল না থাকায় পরিচয় গোপনে নির্বাচিত অধিকাংশই দেখা যায় শিবিরের বিভিন্ন পদধারী নেতা কেউ সাথী কেউবা সদস্য অথচ অধিকাংশ শিক্ষার্থীরাই তাদের চিনত সাধারণ শিক্ষার্থী হিসেবে, স্যার এ এফ রহমান হল ও মাস্টারদা সূর্যসেন হলে শিবির সমর্থিত থেকে সর্বোচ্চ ১২ জন করে নির্বাচিত হয়েছেন। হাজী মুহম্মদ মুহসীন হল ও কবি জসীমউদ্দীন হল সংসদে ১১ জন করে, বিজয় একাত্তর ও শেখ মুজিবুর রহমান হল সংসদে ১০ জন করে এবং সলিমুল্লাহ মুসলিম, ড. মুহম্মদ শহীদুল্লাহ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও অমর একুশে হল সংসদে ৯ জন করে নির্বাচিত হয়েছেন।

সলিমুল্লাহ মুসলিম হল সংসদে ১৩টি পদের মধ্যেশিবির সমর্থিত থেকে ৯ জন নির্বাচিত হয়েছেন। বাকি পদগুলোর মধ্যে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত একজন এবং ছাত্রদল সমর্থিত দুইজন জয় পেয়েছেন। ভিপি পদে মো. জায়েদুল হক ও এজিএস পদে শাহিন আলম শিবির সমর্থিত নির্বাচিত হয়েছেন। তবে জিএস নির্বাচিত হয়েছেন সাদমান আবদুল্লাহ, যিনি ঢাবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদে শিবির সমর্থিত নির্বাচিত হয়েছেন ৯জন। ভিপি পদে তারেকুল ইসলাম তারেক, জিএস পদে তাওকির হাসান এবং এজিএস পদে ইব্রাহিম খলিল নির্বাচিত হয়েছেন। হল সংসদের ভিপি, জিএস ও এজিএস তিনটি পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা।

ফজলুল হক মুসলিম হল সংসদে শিবির সমর্থিত থেকে ৮ জন নির্বাচিত হয়েছেন। ভিপি পদে খন্দকার মো. আবু নাঈম, জিএস পদে ইমামুল হাসান এবং এজিএস পদে মহসিন উদ্দিন শাফী নির্বাচিত হয়েছেন। তিনটি শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীদের জয় এসেছে।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদে শিবির সমর্থিত থেকে ৯ জন, ছাত্রদল সমর্থিত একজন এবং স্বতন্ত্র দুইজন নির্বাচিত হয়েছেন। ভিপি পদে আহসান হাবিব ইমরোজ এবং এজিএস পদে ফারহাজ বিন নূর নিশান নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত। তবে জিএস পদে নির্বাচিত হয়েছেন ছাত্রশক্তি সমর্থিত প্রার্থী খালেদ হাসান। ফলে হলটিতে শীর্ষ তিন পদের মধ্যে দুটি পেয়েছে শিবির সমর্থিত, অন্যটি ছাত্রশক্তি।

মাস্টারদা সূর্যসেন হল সংসদে শিবির সমর্থিত সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি দেখা গেছে। হলটির ১৩টি পদের মধ্যে ১২টিতেই জয় পেয়েছেন  শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি পদে আজিজুল হক, জিএস পদে মোখলেছুর রহমান এবং এজিএস পদে রিয়াজ উদ্দীন সাকিব নির্বাচিত হয়েছেন। তিনটি শীর্ষ পদসহ ১২টি পদই শিবির সমর্থিত দখলে গেছে। বাকি একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে শিবির সমর্থিত থেকে ১১ জন নির্বাচিত হয়েছেন। ভিপি পদে ছাদিক হোসেন, জিএস পদে রাফিদ হাসান সাফওয়ান এবং এজিএস পদে মোহাম্মদ আবদুল মজিদ নির্বাচিত হয়েছেন। তিনটি শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। অন্য পদগুলোর মধ্যে ছাত্রশক্তি সমর্থিত একজন ও ছাত্রদল সমর্থিত একজন নির্বাচিত হয়েছেন।

কবি জসীমউদ্দীন হল সংসদে শিবির সমর্থিত থেকে ১১ জন নির্বাচিত হয়েছেন। ভিপি পদে মুহাম্মদ ওসমান গনী, জিএস পদে মাসুম আব্দুল্লাহ এবং এজিএস পদে হিজবুল্লাহ আল হিজুল নির্বাচিত হয়েছেন। তিনটি শীর্ষ পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি দুই পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তাঁদের মধ্যে সংস্কৃতি সম্পাদক পদে জয়ী ফজলে রাব্বি সরকার ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক।

বিজয় একাত্তর হল সংসদে শিবির সমর্থিত থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। ভিপি পদে হাসানুল বান্না আরাফাত, জিএস পদে আশিক বিল্লাহ এবং এজিএস পদে ইমরান হোসাইন নির্বাচিত হয়েছেন। তিনটি শীর্ষ পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। এ ছাড়া ছাত্রদল সমর্থিত দুইজন ও স্বতন্ত্র একজন নির্বাচিত হয়েছেন।

স্যার এ এফ রহমান হল সংসদে শিবির সমর্থিত থেকে ১২ জন নির্বাচিত হয়েছেন। হল সংসদের ভিপি পদে রফিকুল ইসলাম রফিক, জিএস পদে হাবিবুল্লাহ হাবিব এবং এজিএস পদে আব্দুল্লাহ আল জুবায়ের নির্বাচিত হয়েছেন। তিনটি শীর্ষ পদসহ ১২টি পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

শেখ মুজিবুর রহমান হল সংসদে শিবির সমর্থিত থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। ভিপি পদে মো. মুসলিমুর রহমান, জিএস পদে আহমেদ আল সাবাহ এবং এজিএস পদে মুশফিক তাজওয়ার মাহির নির্বাচিত হয়েছেন। তিনটি শীর্ষ পদেই শিবির সমর্থিত প্রার্থীদের জয় এসেছে। বাকি তিনটি পদের মধ্যে দুইজন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত এবং একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে শিবির সমর্থিত থেকে ৯ জন নির্বাচিত হয়েছেন। ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। তবে জিএস পদে আসিফ ইমাম এবং এজিএস পদে মো. ফোজায়েল আহমাদ নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেল থেকে। এ ছাড়া ছাত্রদল সমর্থিত তিনজনও নির্বাচিত হয়েছেন। ফলে হলটিতে শিবির সমর্থিত সংখ্যাগরিষ্ঠতা পেলেও ভিপি পদটি গেছে স্বতন্ত্র প্রার্থীর হাতে।

অমর একুশে হল সংসদে শিবির সমর্থিত থেকে ৯ জন নির্বাচিত হয়েছেন। ভিপি পদে মো. রবিউল ইসলাম, জিএস পদে মোহাম্মদ রবিউল ইসলাম এবং এজিএস পদে উবায়দুর রহমান হাসিব নির্বাচিত হয়েছেন। তিনটি শীর্ষ পদেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। হল সংসদের অন্যান্য পদেও তাদের উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী বিজয়ী হয়েছেন।

শিবিরের প্যানেল না থাকলেও নির্বাচন পরবর্তী দেখা যায় অধিকাংশই শিবির সমর্থিত। ১২টি হল সংসদের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, অধিকাংশ হলেই ভিপি, জিএস ও এজিএস—তিনটি শীর্ষ পদে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে শিবির সমর্থিতরা। ব্যতিক্রম হিসেবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে জিএস পদে ছাত্রশক্তি সমর্থিত প্রার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

শিক্ষার্থীদের চোখে শিবিরের রাজনীতি নিয়ে ভিন্নমত 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিব বলেন, ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে সর্বজনবিদিত একটি বিষয়। তারা অতীতে গুপ্ত রাজনীতি করে এসেছে। ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে প্রকাশ্য গেস্টরুম ও গণরুম কালচারের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল। এর উৎকৃষ্ট প্রমাণ ডাকসুর সদস্য রায়হান উদ্দিন। প্রতিটি হলে শিবিরের নিজস্ব কমিটি রয়েছে, কিন্তু প্রতি হলে সমন্বয়ক নামে একজনের নাম প্রকাশ করেছে। যা তাদের চরম মিথ্যা। এই মিথ্যার রাজনীতিই তারা করে যাচ্ছে। সুষ্ঠু গণতান্ত্রিক ছাত্ররাজনীতি চর্চায় গুপ্ত রাজনীতি কোনো পন্থা হতে পারে না। শিবিরের এই গুপ্ত রাজনীতি ছেড়ে প্রকাশ্যে রাজনীতি করতে হবে, যাতে শিক্ষার্থীরা জানতে পারে কারা নিজেদের সুবিধার জন্য রাজনীতি করছে এবং কারা শিক্ষার্থীদের জন্য রাজনীতি করছে। একমাত্র প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতির মধ্যেই শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণ সম্ভব।

তবে আরেক শিক্ষার্থী মিরাজ মজুমদার মনে করেন, শিবিরের কার্যক্রম বিশ্লেষণ করলে এর রাজনৈতিক অংশটুকুই প্রকাশ্যে দৃশ্যমান। অন্যদিকে, চাকরি, প্রশাসন, মিডিয়া কিংবা একাডেমিয়ার মতো জায়গায় রাজনৈতিক পরিচয় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্টরা অনেক ক্ষেত্রে গোপনে থাকেন। তবে শিবিরের ওপর ক্ষমতাসীনদের রক্তচক্ষু থাকায় সংগঠনটিকে ‘গুপ্ত’ তকমা দেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। এতে শিবিরের সঙ্গে সম্পৃক্ত নন, এমন শিক্ষার্থীরাও নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছেন। তাঁর মতে, এটি গুপ্ত রাজনীতির সমস্যা নয়, বরং রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সমস্যা।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে নিয়মিত কর্মসূচি, হল ও অনুষদভিত্তিক সমন্বয়ক নিয়োগ, মিছিল, বাইক শোডাউন, ক্রিকেট টুর্নামেন্ট, নবীনবরণ ও স্মরণসভাসহ বিভিন্ন কার্যক্রম বিবেচনায় শিবিরকে এখন আর গুপ্ত রাজনীতি বলা যায় না। অন্য ছাত্রসংগঠনগুলোর মতো আধিপত্য বিস্তার বা শক্তি প্রদর্শনের পরিবর্তে শিবির সভা-সেমিনার, প্রদর্শনী ও প্রতিযোগিতাভিত্তিক কার্যক্রমে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, কমিটিতে শিবিরের নেতাদের নাম, গেস্টরুমকেন্দ্রিক কিছু ঘটনা ও অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে অবিশ্বাস ও দ্বিধা রয়েছে। 

ছাত্রশক্তি ও ছাত্রদলের অভিযোগ, পরিচয় গুপ্ত করে রাজনীতি
ঢাবি ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাকিব বলেন, শিবির নিজস্ব কৌশলের নামে কখনো অরাজনৈতিক ব্যানারে, কখনো সমন্বয়ক পরিচয়ে, আবার কখনো সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। তারা মনে করেন, এটি রাজনৈতিক দ্বিচারিতা ও প্রতারণা, যা সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার পাশাপাশি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকেও ক্ষুণ্ন করে। ৫ আগস্টের পর প্রত্যেকের রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে। তাই রাজনৈতিক পরিচয় গোপন করে অন্য নামে রাজনীতি করার কোনো যৌক্তিকতা নেই । শিবিরের এই গুপ্ত রাজনীতি সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক এজেন্সি খর্ব করে এবং সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশ বাধাগ্রস্ত করে বলে মনে করেন তিনি।

শেখ মুজিবুর রহমান হল সংসদে বিজয়ী ছাত্রদল নেতা রিজভী আহমেদ বলেন, ‘এটা তাদের গুপ্ত স্ট্র্যাটেজি। অবশ্যই তাদের কমিটি রয়েছে, কিন্তু বরাবরের মতোই শিক্ষার্থীবান্ধব সুন্দর রাজনৈতিক পরিবেশকে বিঘ্নিত করতে তারা নিজেদের খোলস থেকে বের হতে চায় না।’

তিনি বলেন, ৫ আগস্টের পর দেখা গেছে, তাদের কর্মীরা হলে হলে ‘ব্যাচ প্রতিনিধি’ পরিচয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে আটঘাট বেঁধে নেমেছিল। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারকে অপব্যবহার করে তারা গণতান্ত্রিক ছাত্রসংগঠনগুলোর কার্যক্রমে বাধা দিয়েছে। তবে এখন শিক্ষার্থীদের সমালোচনা ও চাপের মুখে তারা খোলস ছেড়ে সমন্বয়কের বেশ ধরেছে। নির্বাচনী প্রচারণায় তাদের অধিকাংশ প্রার্থীই নিজেদের স্বতন্ত্র পরিচয়ে উপস্থাপন করেছে এবং কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে। কিন্তু পরবর্তীতে দেখা যায় তারা সবাই গুপ্ত শিবির।

কাজের পরিধি বিবেচনায় ছোট কমিটি, দাবি শিবিরের
একাধিক দায়িত্ব পালন প্রসঙ্গে শিবির নেতা তাওকির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় শিবিরের প্রকাশনা সম্পাদক ও হল সমন্বয়ক এবং শহীদুল্লাহ হল সংসদের জিএস হিসেবে তার দায়িত্বের ক্ষেত্র আলাদা হলেও শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় শিবিরের পক্ষ থেকে নবীনবরণ, ক্যারিয়ার গাইডলাইন, মেডিকেল ক্যাম্প, স্পোকেন ইংলিশ ও এআই প্রশিক্ষণসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছেন। অন্যদিকে, হল সংসদের জিএস হিসেবে শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগ, দুর্যোগকালীন খাবার সরবরাহ ও বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করছেন। তাদের হলভিত্তিক একজন সমন্বয়ক শিক্ষার্থীদের কল্যাণে যে পরিমাণ কাজ করেন, তা অন্য সংগঠন একাধিক সদস্যের কমিটি থেকেও করতে পারে না। 

ঢাবি শিবিরের সেক্রেটারি কাজী আশিক বলেন, ছাত্রশিবিরে সবসময় নেতার সংখ্যা কম এবং কর্মী বা জনশক্তির সংখ্যা বেশি থাকে। কার্যক্রম পরিচালনায় যতজন নেতা প্রয়োজন, ততজনকে নিয়েই কমিটি করা হয়।

গুপ্ত সংগঠন বলা প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত প্রোপাগান্ডা। ছাত্রশিবির যে পরিমাণ পাবলিক প্রোগ্রাম করে, অন্যান্য ছাত্রসংগঠন অনেক ক্ষেত্রে এর কাছাকাছিও বাস্তবায়ন করতে পারে না। এসব কর্মসূচিতে জনশক্তিরা পূর্ণ নাম-পরিচয় সংবলিত ভলান্টিয়ার কার্ড ঝুলিয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পরিচয়ে অংশগ্রহণ ও প্রোগ্রামগুলো বাস্তবায়ন করেন। মিছিল-মিটিংয়েও অংশ নেন এবং কর্মসূচির ছবি ও ভিডিও সংগঠনের পেজে নিয়মিত প্রকাশ করা হয়। এরপরও যারা গুপ্ত সংগঠন বলে, তারা শুধুমাত্র ছাত্রশিবিরের বিরোধিতা করতে হবে তাই এসব ট্যাগিং করে।

 তিনি আরও বলেন, শুরুতে হলগুলোতে কোনো সমন্বয়কও ছিল না; বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দই হলের শিক্ষার্থীদের সঙ্গে সামগ্রিক কাজ সমন্বয় করতেন। পরবর্তীতে কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় হল ও অনুষদগুলোতে একজন করে সমন্বয়ক ঘোষণা করা হয়েছে। সমন্বয়ক ছাড়া তাদের অন্যান্য জনশক্তিরা ছাত্রশিবিরের পরিচয়েই নিজ নিজ হলে অবস্থান করছেন এবং ছাত্রশিবিরের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। কাজের পরিধি বিবেচনায় আপাতত পূর্ণাঙ্গ হল কমিটি দেওয়ার পরিকল্পনা নেই; ভবিষ্যতে প্রয়োজন হলে এ বিষয়ে চিন্তা করা হবে বলে জানান তিনি।

সাংগঠনিক কৌশল, নাকি পরিচয় আড়ালের রাজনীতি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদে শিবির কমিটি ও শিবির প্যানেল না থাকা সত্ত্বেও শিবির সমর্থিতদের একচেটিয়া সাফল্য। তবে পূর্ণাঙ্গ হল কমিটি না থাকায় একদিকে শিক্ষার্থীদের বৃহৎ অংশ মনে করছে, রাজনৈতিক পরিচয় গুপ্ত করে সমন্বয়কের আড়ালে গুপ্ত কার্যক্রম পরিচালনা গণতান্ত্রিক ছাত্ররাজনীতির জন্য প্রতিবন্ধকতা। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন, রাজনৈতিক পরিচয়ের কারণে নেতিবাচক প্রভাব ও অতীতের দমন-পীড়নের বাস্তবতা সংগঠনটির কৌশলগত অবস্থানকে প্রভাবিত করেছে। শিবিরের নেতারা বলছেন, তাদের কার্যক্রম প্রকাশ্য এবং ছোট কমিটি সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে গঠিত।

ড. ইউনূস মিঠা খেয়েছেন, কথা শোনেননি, দেশকে গভীর সংকটে রেখে চ…
  • ২৭ নভেম্বর ২০২৬
হামলার হুমকিতে বন্ধ ফার্মেসি, পুলিশের আশ্বাসে খোলার পরই মাল…
  • ২৭ নভেম্বর ২০২৬
ডেঙ্গুতে থেমে গেল চার বছরের স্কুলশিক্ষার্থী সঞ্চিতার প্রাণ
  • ২৭ নভেম্বর ২০২৬
‘মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে’
  • ২৭ নভেম্বর ২০২৬
যে চাকরি সংস্কারের দাবি থেকে জুলাই আন্দোলন, সেটির সংস্কার আ…
  • ২৭ নভেম্বর ২০২৬
শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়
  • ২৭ নভেম্বর ২০২৬