সয়াবিন তেলের দাম আরও বেশি হওয়ার কথা ছিল, জোর করে আটকে রাখা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ PM
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির © সংগৃহীত

প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী দেশে সয়াবিন তেলের দাম আরও বেশি হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে আমদানিকারকদের জোর করে রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে আসন্ন রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভোজ্যতেলের দাম প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সয়াবিন বা পাম অয়েলের উৎসস্থল বাংলাদেশ না। এখন সোর্সে যে প্রাইস থাকে সেটা যদি কমে, তাহলে আমাদের এখানে এটির ইমপ্যাক্ট হবে। উৎসে মূল্য বৃদ্ধি পেলে সেটার প্রভাব আমাদের এখানে পড়বে। যে ফর্মুলায় আমরা প্রাইসিং করি, সেই ফর্মুলা অনুযায়ী মূল্য আরও বেশি হওয়ার কথা। কিন্তু আমরা যেভাবেই হোক এ মূল্যেই আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রেখেছি। এক ধরনের জোর করেই তাদের রাজি করানো হয়েছে।’

তেলের দাম নির্ধারণের পদ্ধতি ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের ফর্মুলা সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।

আসন্ন রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্থিতিশীল রয়েছে। রমজান সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো। এ নিয়ে আপাতত কোনো সমস্যা নেই।

বাজার স্থিতিশীল রাখার বিষয়ে মন্ত্রী বলেন, এর দুটি দিক রয়েছে। প্রথমত বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও প্রাপ্যতা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত পণ্যের দাম সহনীয় ও স্থিতিশীল রাখা।

এদিকে গোপালগঞ্জে বিকাশের লেনদেন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিকাশের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের আওতাধীন। এটি বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ই ভালো বলতে পারবে। তবে আমি পত্রিকায় দেখেছি, সেটা হলো—ওইখানে যেভাবে টাকা যাচ্ছে তাতে যথেষ্ট প্রশ্নের উদ্রেক হয়েছে! ওইটা স্বাভাবিক ফ্লো না। যেই কারণে ওইটার মধ্যে সতর্কতা অবলম্বন করা হয়েছে।’

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে জেলায়
  • ২৭ নভেম্বর ২০২৬
ইন্টেরিম সরকার গণভোটের পর নির্বাচনের দাবি না শোনায় দেশ অনিশ…
  • ২৭ নভেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম আরও বেশি হওয়ার কথা ছিল, জোর করে আটকে রাখা …
  • ২৭ নভেম্বর ২০২৬
আইজিপি-স্বরাষ্ট্র সচিবসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ
  • ২৭ নভেম্বর ২০২৬
বিমান না পাঠালে কিভাবে আসবেন হাসিনা, বললেন কার্যক্রম নিষিদ্…
  • ২৭ নভেম্বর ২০২৬
ঐক্যের নামে চাঁদাবাজি নয়, প্রধানমন্ত্রীর আহ্বানে যা বললেন ন…
  • ২৭ নভেম্বর ২০২৬