তরুণ প্রেমিক-প্রেমিকরা ঝুকছে অ্যাফোর্ডেটিং- এর দিকে © এআই নির্মিত
প্রেমের সম্পর্কে জড়ালে প্রেমিকাকে খুশি করতে দামি রেস্টুরেন্টে খাওয়ানো, সিনেমা দেখানো কিংবা কিছুদিন পরপর ঘুরতে নিয়ে যেতে হয়। তবে জীবনযাত্রার বাড়তি খরচের মধ্যে নিয়মিত এমন ডেটের আয়োজন করতে গিয়ে অনেক প্রেমিকের পকেটে টান পড়ে। বিশেষ করে জেন-জিদের। তাই সম্পর্কের শুরুতেই লোকদেখানো বিলাসিতার বদলে নিজের সামর্থ্যের মধ্যে সময় কাটানোকে গুরুত্ব দিচ্ছেন তরুণদের একাংশ। কম খরচে অর্থবহ সময় কাটানোর এই প্রবণতাকে বলা হচ্ছে ‘অ্যাফোর্ডেটিং’।
কী এই ‘অ্যাফোর্ডেটিং’?
অ্যাফোর্ডেটিং মূলত অ্যাফোর্ডেবল ডেটিংয়ের ধারণা। অর্থাৎ, সঙ্গীর সঙ্গে দেখা করতে গিয়ে সামর্থ্যের বাইরে খরচ না করে এমন কিছু করা, যাতে দুজনেরই ভালো সময় কাটে। পার্কে হাঁটা, একসঙ্গে চা-কফি খাওয়া, বাড়িতে পছন্দের খাবার তৈরি কিংবা বিনা খরচের কোনো অনুষ্ঠানে ঘুরে আসাও হতে পারে এমন ডেটের অংশ। এখানে মূল বিষয় কত টাকা খরচ হলো সেটা বিষয় নয় বরং একে অপরকে কতটা সময় দেওয়া গেল এবং বোঝাপড়া কতটা তৈরি হলো।
বাড়ছে ডেটিংয়ের খরচ, বদলাচ্ছে পছন্দ
যুক্তরাষ্ট্রভিত্তিক পেমেন্ট সেবা প্রতিষ্ঠান জেলের (Zelle) সম্প্রতি প্রকাশিত ‘নিউ ইকোনমিকস অব ডেটিং’ শীর্ষক এক গবেষণায় উঠে এসেছে, জীবনযাত্রার বাড়তি ব্যয় তরুণদের প্রেম ও ডেটিংয়ের অভ্যাসেও প্রভাব ফেলছে। জেন জি ও মিলেনিয়াল প্রজন্মের ১ হাজার ৮০০ জনের ওপর চালানো জরিপে অংশ নেওয়া ৮৪ শতাংশ জানিয়েছেন, বাড়তি খরচ তাদের ডেটিং জীবনে প্রভাব ফেলেছে।
জরিপে অংশগ্রহণকারীদের ৩২ শতাংশ বলেছেন, খরচ বেড়ে যাওয়ায় তারা আগের তুলনায় কম ডেটে যাচ্ছেন। আর ১১ শতাংশ খরচের কারণে ডেটিং বন্ধ করে দিয়েছেন। অন্যদিকে, ৪০ শতাংশ কম খরচের কার্যক্রম বেছে নিচ্ছেন, ৩৮ শতাংশ কমসংখ্যক ব্যয়বহুল ডেটের বদলে বেশি সংখ্যক সাশ্রয়ী ডেট পছন্দ করছেন এবং ৩৭ শতাংশ বিনা খরচের কার্যক্রমের প্রস্তাব দিচ্ছেন।
গবেষণায় আরও দেখা গেছে, ডেটের জন্য আর্থিকভাবে সামর্থ্যের বাইরে যাওয়ার ঘটনাও রয়েছে। অংশগ্রহণকারীদের ১৭ শতাংশ জানিয়েছেন, ডেটিংয়ের জীবনযাত্রা বজায় রাখতে তারা ঋণ করেছেন। আবার ৩৮ শতাংশের কাছে দামি ও জাঁকজমকপূর্ণ ডেটের চেয়ে সাশ্রয়ী কিন্তু চিন্তাভাবনা করে আয়োজন করা ডেট বেশি ইতিবাচক ধারণা তৈরি করে।
খরচের চেয়ে গুরুত্ব পাচ্ছে বোঝাপড়া
ডেটিংয়ের ক্ষেত্রে শুধু রোমান্টিক আকর্ষণ নয়, আর্থিক সামঞ্জস্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জেলের ওই গবেষণায় অংশ নেওয়া অর্ধেক উত্তরদাতা জানিয়েছেন, কারও সঙ্গে সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে কখনো কখনো রোমান্টিক আকর্ষণের চেয়েও আর্থিক সামঞ্জস্য বেশি গুরুত্ব পেয়েছে।
কম খরচে ডেটের কিছু আয়োজন
সাশ্রয়ী ডেট মানেই যে আনন্দহীন সময় কাটানো তা নয়। দুজনের পছন্দ ও আগ্রহের সঙ্গে মিল রেখে অল্প খরচেও সুন্দর সময় কাটানোর পরিকল্পনা করা যায়।
দামি হোটেলে না গিয়ে রাস্তার পাশের পরিচিত কোনো খাবারের দোকানে চা-কফি খেতে খেতে গল্প করা যেতে পারে। কাছের কোনো পার্কে হাঁটা কিংবা খোলা জায়গায় বসে সময় কাটানোও হতে পারে ভালো আয়োজন।
দুজনেরই রান্নার শখ থাকলে একসঙ্গে পছন্দের খাবার তৈরি করা যায়। বই পড়তে ভালো লাগলে বইয়ের দোকান বা পাঠাগারে যাওয়া, সিনেমা দেখতে পছন্দ করলে বাড়িতে একসঙ্গে সিনেমা দেখার পরিকল্পনাও করা যেতে পারে।
এ ছাড়া শহরের পরিচিত-অপরিচিত জায়গায় হেঁটে ঘোরা, সাইকেল চালানো কিংবা বিনা খরচের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার মাধ্যমেও সময় কাটানো সম্ভব।
তবে এ ধরনের ডেটের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দুজনের সম্মতি ও স্বাচ্ছন্দ্য। নিজের আর্থিক সামর্থ্য নিয়ে অস্বস্তিতে না ভুগে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলা এবং উভয়ের বাজেটের সঙ্গে মানানসই পরিকল্পনা করাই এই প্রবণতার মূল কথা।