এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ AM
বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা © ফাইল ছবি

বেতন-ভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করছেন শিক্ষকরা। এরই অংশ হিসেবে আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কালো পতাকা নিয়ে মিছিল করবেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

দেলোয়ার হোসেন আজিজী লিখেছেন, ‘সবাই কালো পতাকা নিয়ে আসুন। ১২টা সময় কালো পতাকা মিছিলের মাধ্যমে শিক্ষকদের প্রতি রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে। সবাই চলে আসুন।’

বেতনভাতা বাড়ানোসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যেই শুরু হয় এ অনশন কর্মসূচি। এর আগে ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ স্থগিতের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি জানান, ‘পদযাত্রা স্থগিত হলেও সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে লাগাতার সর্বাত্মক কর্মবিরতি চলবে। আন্দোলনকারী শিক্ষকরা সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে বৈঠক করেন।’

আলোচনা শেষে অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, বিগত সময়ে দীপু মনী এবং নওফেল যে পথে হেঁটেছেন, ঠিক এই পথেই আবরার সাহেব হাঁটা শুরু করেছেন। কথা বলার প্রয়োজন হলে শহীদ মিনারে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে করবেন, কিন্তু আপনি তাদের সঙ্গে কথা না বলে অবসরপ্রাপ্ত শিক্ষক নেতার সঙ্গে আগে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: বাঙালির জিনে সৃষ্টিশীলতা, অথচ সিস্টেমের গেঁড়াকলে হারানো প্রজন্ম

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা।

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের নতুন কর্মসূচি হলো ২৪ ঘণ্টা লাগাতার অবস্থান অব্যাহত থাকবে এবং শুক্রবার দুপুর ২টা থেকে অনশন শুরু হবে। এরপরও যদি সরকারের বোধোদয় না হয়, আমরা আমরণ অনশনে যাব। যদি সরকারের কোনো দয়া না হয় বা সাড়া না আসে, তাহলে আমরা এখানেই আমরণ অনশনে মৃত্যুবরণ করব।’

১৬ টেকনিক্যাল স্কুল ও কলেজে নতুন অধ্যক্ষ
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে গৃহকর্মীসহ বৃদ্ধ দম্পতি খুন—৪ সন্তানের দুজন থাকেন লন…
  • ১২ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬