তৌহিদুর রহমান তুহি © সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। প্রোগ্রামটি সফলভাবে শেষ করায় স্বীকৃতি হিসেবে সনদও পেয়েছেন তিনি।
বিশ্বজুড়ে সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমের শীর্ষ এবং প্রতিশ্রুতিশীল নেতৃত্বের জন্য এ বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে কৌশলগত নেতৃত্ব প্রদান, জটিল নীতি নির্ধারণ এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনার ওপর ভিত্তি করে কোর্সটি পরিচালিত হয়।
এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। প্রোগ্রামটিতে অংশ নিয়ে আন্তর্জাতিক পরিসরে নেতৃত্ব, নীতি নির্ধারণ এবং পরিবর্তন ব্যবস্থাপনা বিষয়ে শেখার সুযোগ পান তুহি।
হার্ভার্ডের এ প্রোগ্রাম সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখার এই অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান আগামীতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক স্তরের এই নেতৃত্বের প্রশিক্ষণ শেখার অভিজ্ঞতাকে বহুমাত্রিক করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি সম্পর্কিত পেশাগত সাংবাদিকতায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার কাজের মাধ্যমে তিনি বিশেষ পরিচিতি অর্জন করেছেন।
এর আগেও দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। এসব আয়োজনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তুহি। সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তৌহিদুর রহমান তুহি।