বিসিএসে কাঙ্ক্ষিত ক্যাডার পেয়ে আনন্দে কাঁদছিলেন জাহাঙ্গীরনগরের রফিক 

০৫ জুলাই ২০২৬, ০৪:৩৪ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © সংগৃহীত

দুবার মেডিকেলে ভর্তি হতে ব্যর্থ হওয়ার আক্ষেপ, আর্থিক সংকট ও একের পর এক বিসিএসে হতাশা—সব বাধা পেরিয়ে ৪৭তম বিসিএসে কাঙ্ক্ষিত কাস্টমস ক্যাডারে সুপারিশ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম। ফল প্রকাশের পর নিজের রোল নম্বর মিলিয়ে নিশ্চিত হয়ে আনন্দে কাঁদছিলেন তিনি।

‎ব্রাহ্মণবাড়িয়ার সন্তান রফিকুল ইসলাম। কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। বাবা পঞ্চম শ্রেণি এবং মা দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। দারিদ্র্যের কারণে তারা নিজেরা পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও সন্তানদের শিক্ষিত করার স্বপ্ন কখনো ছাড়েননি। সেই স্বপ্নের ধারাবাহিকতায় রফিকুলও ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন।

‎২০১৫ সালে প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‎কৃষি বিভাগে ভর্তি হন। তবে চিকিৎসক হওয়ার স্বপ্ন ছাড়েননি। দ্বিতীয়বার আবারও চেষ্টা করেন। কিন্তু মাত্র ১ নম্বরের জন্য মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ হাতছাড়া হয়। সেই সময়টি ছিল তার জীবনের অন্যতম কঠিন মুহূর্ত। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে (৪৬ ব্যাচে) প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। সেখান থেকেই শুরু হয় নতুন স্বপ্নের পথচলা।

‎বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তিনি নিজের খরচ নিজেই বহন করতেন। পড়াশোনার পাশাপাশি টিউশনি করাতেন। ইংরেজি ও গণিত পড়ানোর মাধ্যমে নিজের ভিত্তিও শক্ত করেছেন। নিয়মিত সংবাদপত্র পড়তেন, বাংলা সাহিত্য, ইতিহাস, দর্শনসহ বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করতেন। তার বিশ্বাস ছিল, শুধু চাকরির জন্য নয়, জানার আগ্রহ থেকেই পড়াশোনা করা উচিত।

আরও পড়ুন: ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চাইল এনটিআরসিএ, পদ যত

‎২০২০ সালের করোনা মহামারি তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি। পরিবারের আর্থিক সংকট বেড়ে যায়। অনেক সময় বিদেশে গিয়ে উপার্জনের কথাও মনে হয়েছে। কিন্তু তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি; বরং সেই সময়টাকেই কাজে লাগিয়ে মাত্র ৩ মাসে প্রায় ১ হাজার ৪০০ পৃষ্ঠার প্রশ্নব্যাংক শেষ করেন। পাশাপাশি প্রায় ৫০টি উপন্যাস ও ছোটগল্প পড়ে নিজের বিশ্লেষণী ক্ষমতা আরও সমৃদ্ধ করেন।

‎অনার্সে ৩.৬৮ সিজিপিএ নিয়ে বিভাগে নবম ও মাস্টার্সে ৩.৮২ সিজিপিএ নিয়ে বিভাগে চতুর্থ স্থান অর্জন করেন। এই পথচলায় শিক্ষক, সহপাঠী ও সিনিয়রদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

‎বিসিএসের পথও ছিল সংগ্রামের। ৪৫তম বিসিএসে প্রিলিমিনারি পাস করলেও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ৪৬তম বিসিএসে লিখিত ও ভাইভা পর্যন্ত গিয়েও ক্যাডার পাননি। তবে প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তভাবে প্রস্তুতি নেন। শেষ পর্যন্ত তৃতীয় প্রচেষ্টায় ৪৭তম বিসিএসে নিজের পছন্দের কাস্টমস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।

‎বিসিএস প্রস্তুতির পাশাপাশি তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে যোগ দেন। ব্যাংকের চাপপূর্ণ কর্মপরিবেশ তাকে ধৈর্য, দায়িত্ববোধ এবং চাপের মধ্যে কাজ করার অভিজ্ঞতা দিয়েছে, যা ভবিষ্যতের কর্মজীবনে কাজে লাগবে বলে তিনি মনে করেন।

‎ফল প্রকাশের দিন তিনি অফিসে ছিলেন। ফল প্রকাশের নোটিফিকেশন দেখেই কয়েকবার নিজের রোল নম্বর মিলিয়ে নিশ্চিত হন। কাঙ্ক্ষিত ক্যাডার পাওয়ার পর আনন্দে কেঁদেও ফেলেন। পরিবারের সদস্য, শিক্ষক, বন্ধু ও সহকর্মীদের উচ্ছ্বাস তার সেই আনন্দকে আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের ‘পরকীয়ায়’ তছনছ সহকারী শিক্ষকের সংসার, মেজাজ হারিয়ে পেটালেন প্রতিষ্ঠানপ্রধানকে

‎নিজের এ অর্জনের পেছনে বাবা-মা, শিক্ষক, সহপাঠী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রফিকুল ইসলাম। তার ভাষায়, আশপাশের মানুষের ইতিবাচক প্রত্যাশাই তাকে বারবার সামনে এগিয়ে যেতে সাহস জুগিয়েছেন।

‎ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রফিকুল ইসলাম বলেন, একজন কাস্টমস কর্মকর্তা হিসেবে দেশের রাজস্ব আদায়ে ভূমিকা রেখে রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে চান। এ প্রসঙ্গে তিনি তার প্রিয় স্পাইডার ম্যান চলচ্চিত্রের বিখ্যাত উক্তিটি স্মরণ করেন, ‘With great power comes great responsibility.’ অর্থাৎ ‘বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্বও আসে।’ তিনি বিশ্বাস করেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ যখন এসেছে, তখন সেই দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করাই হবে তার মূল লক্ষ্য।

‎বিসিএসপ্রত্যাশীদের উদ্দেশে রফিকুল ইসলামের বার্তা, ‘হাল ছেড়ে দেওয়া যাবে না। সফলতার পথ সবার জন্য এক নয়। প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করতে হবে। ছোট ছোট লক্ষ্য পূরণ করতে করতে একদিন বড় স্বপ্নও বাস্তবে রূপ নেবে।’

দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
  • ০৬ জুলাই ২০২৬
ছানি অপারেশনের অভাবে অন্ধত্বে ভুগছে ১০ লাখ মানুষ, আলো ফেরাত…
  • ০৬ জুলাই ২০২৬
ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু, আহত হেলপার
  • ০৬ জুলাই ২০২৬
মাদ্রাসা বোর্ডের এইচএসসির প্রশ্নে জুলাই গণ-অভ্যুত্থান, দুই …
  • ০৬ জুলাই ২০২৬
বছরে গড়ে কত শতাংশ বাড়ে সোনার দাম, জানলে সঞ্চয় করবেন আপনিও
  • ০৬ জুলাই ২০২৬
বিদ্যালয়ে তিন বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করে নোটিশ দিল মন…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence