খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি
৪৭তম বিসিএস পরীক্ষায় বড় সাফল্য পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সদ্য প্রকাশিত চূড়ান্ত ফলাফলে বিশ্ববিদ্যালয়টির ৩৯ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। গত ২৮ জুন বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।
ফলাফলে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্তদের মধ্যে কুয়েট থেকে পররাষ্ট্র ক্যাডারে ২ জন, প্রশাসন ১১, পুলিশ ৫, কর ৭ জন, নিরীক্ষা ও হিসাব ২, পরিবার পরিকল্পনা ৫, শুল্ক ও আবগারি ৩ এবং আনসার, রেলওয়ে, গণপূর্ত, সড়ক ও জনপথ ক্যাডারে ১ জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ। এ বিভাগ থেকে ৯ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ থেকে ৫ জন করে, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ থেকে ৩ জন করে শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২ জন করে এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
আরও পড়ুন: ৬ বিষয়ে ব্যাকলগ, সিজিপিএ ২.৪৫—সেই সৈকত এখন প্রশাসন ক্যাডার
কুয়েটের এ সাফল্যের মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছেন সাদিক আহমেদ। তিনি পররাষ্ট্র ক্যাডারে জাতীয় মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এছাড়া সাগর মজুমদার প্রশাসন ক্যাডারে ২৬তম স্থান লাভ করেছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ধারাবাহিকভাবে বিভিন্ন বিসিএসে সাফল্য অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
পিএসসি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রত্যাশী। পরবর্তীতে একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২০২৬ সালের ৭ এপ্রিল প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হন। ৪৭তম বিসিএসে কুয়েট শিক্ষার্থীদের এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে কুয়েটের শিক্ষার্থীদের ক্রমবর্ধমান উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদাকে আরও সমৃদ্ধ করবে।