বিদেশে সহজে ভিসা পাবেন যেভাবে জেনে নিন © সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই শেষ ধাপ নয়, সমান গুরুত্বপূর্ণ হলো স্টুডেন্ট ভিসা অর্জন। প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও বিভিন্ন কারণে স্টুডেন্ট ভিসা পান না। অনেক সময় প্রয়োজনীয় নথিপত্রে ত্রুটি, ভুল তথ্য, আর্থিক সক্ষমতার পর্যাপ্ত প্রমাণের অভাব বা ভিসা সাক্ষাৎকারে নিজের শিক্ষা পরিকল্পনা, ভবিষ্যৎ লক্ষ্য ও বিদেশে পড়াশোনার উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরতে না পারলেও আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।
তাই ভিসার জন্য আবেদন করার আগে সম্ভাব্য ভুলগুলো সম্পর্কে সচেতন থাকা এবং সব শর্ত যথাযথভাবে পূরণ করা সফলভাবে ভিসা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চলুন জেনে নেওয়া যাক যেসব কারণে স্টুডেন্ট ভিসা আবেদন বাতিল হতে পারে:
১. অসম্পূর্ণ কাগজপত্র জমা দেওয়া
প্রয়োজনীয় নথি অনুপস্থিত থাকলে বা অসম্পূর্ণ তথ্য জমা দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।
২. আবেদনপত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান
ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্টের তথ্য বা অন্যান্য তথ্য ভুলভাবে উল্লেখ করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি থাকে।
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা
৩. পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণ না থাকা
টিউশন ফি, জীবনযাত্রার ব্যয় এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বহনের মতো পর্যাপ্ত অর্থের প্রমাণ দেখাতে না পারলে ভিসা পাওয়া কঠিন হতে পারে।
৪. ভিসা সাক্ষাৎকারে সন্তোষজনক পারফরম্যান্স না করা
আত্মবিশ্বাসের অভাব, অসংগতিপূর্ণ উত্তর বা ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পারলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
৫. দুর্বল একাডেমিক ফলাফল
কিছু দেশে আবেদনকারীর পূর্ববর্তী অ্যাকাডেমিক রেকর্ড ভিসা মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ জাপানে, করুন আবেদন
৬. শিক্ষা বা চাকরিজীবনে দীর্ঘ বিরতির গ্রহণযোগ্য ব্যাখ্যা না থাকা
শিক্ষা বা কর্মজীবনে দীর্ঘ বিরতি থাকলে তার যৌক্তিক ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে আবেদন ঝুঁকিতে পড়তে পারে।
৭. অসংগতিপূর্ণ কোর্স নির্বাচন
নিজের অ্যাকাডেমিক বা পেশাগত পটভূমির সঙ্গে সামঞ্জস্যহীন কোর্স নির্বাচন করলে ভিসা কর্মকর্তার কাছে আবেদনটি প্রশ্নবিদ্ধ হতে পারে।
৮. ভাষাগত দক্ষতার শর্ত পূরণে ব্যর্থ হওয়া
গন্তব্য দেশের নির্ধারিত ভাষা দক্ষতার পরীক্ষায় (যেমন IELTS, TOEFL বা সমমানের পরীক্ষা) প্রয়োজনীয় স্কোর অর্জন করতে না পারলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।
করণীয়
স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করার আগে সব নথিপত্র ভালোভাবে যাচাই করুন, আবেদনপত্রে সঠিক তথ্য দিন, প্রয়োজনীয় আর্থিক সক্ষমতার প্রমাণ প্রস্তুত রাখুন এবং ভিসা সাক্ষাৎকারের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট দেশের ভিসা কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যসূত্র: এনডিটিভি