জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের লোগো © সংগৃহীত
২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার কাজ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।
গত ১৯ নভেম্বর এনসিটিবির সচিব অধ্যাপক শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব মুদ্রণ প্রতিষ্ঠান ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যে ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, কারিগরি ও ব্রেইল বইও রয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া সরকারের একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ কাজ সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও সময়মতো সম্পন্ন করা জরুরি।
এনসিটিবি জানিয়েছে, বিনামূল্যের পাঠ্যবই বিতরণের কাজ শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট, গাইড ও অনুশীলনমূলক সহায়ক বইয়ের মুদ্রণ ও বাঁধাই কার্যক্রম বন্ধ রাখতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে এনসিটিবি। একই সঙ্গে সব মুদ্রণ প্রতিষ্ঠান ও বাঁধাই প্রতিষ্ঠানের মালিকদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্দেশনাটি মেনে চলতে বলা হয়েছে।