ইউনিভার্সিটি কলেজ লন্ডন © সংগৃহীত
যুক্তরাজ্যের অন্যতম খ্যাতনামা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল) থেকে ঘরে বসেই বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ রয়েছে। পূর্ণকালীন ডিগ্রি প্রোগ্রামে ভর্তি না হয়েও অনলাইনে এসব কোর্স করে একাডেমিক জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জন করা যাবে। অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম ফিউচারলার্নে ইউসিএলের প্রায় ৫৫টি কোর্স চালু রয়েছে। এর মধ্যে বেশ কিছু কোর্স বিনামূল্যে করার সুযোগ রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, শিক্ষক, চাকরিপ্রার্থী ও পেশাজীবীরা নিজেদের সুবিধামতো এসব কোর্সে অংশ নিতে পারবেন। তবে কোর্সভেদে বিনামূল্যে শেখার সুযোগ ও অন্যান্য সুবিধার ধরন আলাদা হতে পারে।
দুই থেকে আট সপ্তাহের কোর্স
ফিউচারলার্নে ইউসিএলের কোর্সগুলোর মেয়াদ সাধারণত দুই থেকে আট সপ্তাহ। অধিকাংশ কোর্স সম্পন্ন করতে প্রতি সপ্তাহে আনুমানিক দুই থেকে পাঁচ ঘণ্টা সময় দিতে হয়। ফলে নিয়মিত পড়াশোনা বা চাকরির পাশাপাশি এসব কোর্স করা সম্ভব।
শিক্ষানবিশ থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবীদের জন্যও বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। নির্দিষ্ট বিষয়ে জ্ঞান বাড়ানোর পাশাপাশি এসব কোর্স পেশাগত দক্ষতা উন্নয়নেও সহায়ক হতে পারে।
রয়েছে বিভিন্ন বিষয়ের কোর্স
ইউসিএলের অনলাইন কোর্সের তালিকায় শিক্ষা, প্রযুক্তি ও বিজ্ঞানের বিভিন্ন বিষয় রয়েছে। এর মধ্যে ‘English Grammar for Teachers’, ‘Global Education for Teachers’ এবং ‘Introduction to Blockchain Technology and Applications’ উল্লেখযোগ্য।
এ ছাড়া নির্দিষ্ট বিষয়ে ধারাবাহিকভাবে দক্ষতা অর্জনের জন্য রয়েছে ExpertTrack। এর মধ্যে ‘Life on Mars, Earth and Beyond’ ExpertTrack-এ পাঁচটি কোর্স অন্তর্ভুক্ত রয়েছে।
যেভাবে কোর্সে ভর্তি হবেন
কোর্স করতে আগ্রহীদের প্রথমে ফিউচারলার্ন প্ল্যাটফর্মে গিয়ে ইউসিএলের কোর্সগুলোর তালিকা দেখতে হবে। এরপর পছন্দের কোর্স নির্বাচন করে এর বিষয়বস্তু, মেয়াদ, প্রতি সপ্তাহে প্রয়োজনীয় সময় এবং অ্যাকসেসের ধরন দেখে নিতে হবে।
কোর্সভেদে সুবিধার ধরন আলাদা হওয়ায় আগে থেকেই এসব তথ্য যাচাই করা প্রয়োজন। কোনো কোনো কোর্স বিনামূল্যে করা গেলেও কিছু কোর্সে অতিরিক্ত সুবিধা বা সার্টিফিকেট পেতে অর্থ পরিশোধ করতে হতে পারে। প্রয়োজন অনুযায়ী ফিউচারলার্নে অ্যাকাউন্ট খুলে সংশ্লিষ্ট কোর্সে এনরোল করা যাবে।
আবেদনের নির্দিষ্ট সময়সীমা নেই
ইউসিএলের এসব অনলাইন কোর্সে ভর্তির জন্য একক কোনো আবেদনের সময়সীমা নেই। তবে কোর্সভেদে শুরুর তারিখ, এনরোলমেন্টের সময় ও অ্যাকসেস সুবিধায় পরিবর্তন থাকতে পারে।
তাই কোনো কোর্সে নিবন্ধনের আগে ফিউচারলার্নের সংশ্লিষ্ট কোর্স পেজে গিয়ে সর্বশেষ তথ্য, কোর্স শুরুর তারিখ এবং বিনামূল্যে বা পেইড অ্যাকসেসের শর্তগুলো দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।