বিদেশে উচ্চশিক্ষার গন্তব্য এশিয়া, কিউএসের তালিকায় সেরা ১০ এ যেসব বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
বিদেশে উচ্চশিক্ষার জন্য এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছেন বহু শিক্ষার্থী। উন্নত গবেষণা, পড়াশোনার সুযোগ এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃতির কারণে এই মহাদেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ক্রমশ পরিচিতি পাচ্ছে। সম্প্রতি প্রকাশিত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ সেই ছবিই উঠে এসেছে। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানে রয়েছে হংকঙের দ্য ইউনিভার্সিটি অফ হংকং। অন্যদিকে, চিন ও সিঙ্গাপুরের একাধিক বিশ্ববিদ্যালয়ও প্রথম দশে জায়গা করে নিয়েছে। শুধু এশিয়ার তালিকাতেই নয়, সামগ্রিক বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম ২০টি প্রতিষ্ঠানের মধ্যেও রয়েছে এশিয়ার ছয়টি বিশ্ববিদ্যালয়।
এশিয়ার সেরা ১০ এ যেসব বিশ্ববিদ্যালয়
কিউএসের প্রকাশিত তালিকা অনুযায়ী, এশিয়ার প্রথম দশে থাকা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে হংকং, চিন ও সিঙ্গাপুরের শিক্ষাপ্রতিষ্ঠান। তালিকায় প্রথম স্থানে রয়েছে দ্য ইউনিভার্সিটি অফ হংকং। এর সামগ্রিক স্কোর ১০০।
দ্বিতীয় স্থানে রয়েছে চিনের বেজিংয়ের পিকিং ইউনিভার্সিটি। তাদের সামগ্রিক স্কোর ৯৯.৮। তৃতীয় স্থানে রয়েছে বেজিংয়েরই সিংহুয়া ইউনিভার্সিটি। তাদের সামগ্রিক স্কোর ৯৯.৭।
চতুর্থ স্থানে রয়েছে সিটি ইউনিভার্সিটি অফ হংকং। এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ৯৯.১। পঞ্চম স্থানে রয়েছে দ্য চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং। তাদের সামগ্রিক স্কোর ৯৮.৯। ষষ্ঠ স্থানে যৌথ ভাবে রয়েছে চিনের সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। দু’টি বিশ্ববিদ্যালয়েরই সামগ্রিক স্কোর ৯৮.৭।
অষ্টম স্থানে রয়েছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি। তাদের সামগ্রিক স্কোর ৯৮.৫। নবম স্থানে যৌথ ভাবে রয়েছে হংকঙের আরও দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান— দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি এবং দ্য হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দু’টিরই সামগ্রিক স্কোর ৯৮.৪।
বিশ্বের সেরা ২০ এ যেসব বিশ্ববিদ্যালয়
শুধু এশিয়ার তালিকাতেই নয়, সামগ্রিক বিশ্ব র্যাঙ্কিংয়েও জায়গা করে নিয়েছে এই অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলি। কিউএসের বিশ্ব র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর দশম স্থানে রয়েছে। দ্য ইউনিভার্সিটি অফ হংকং রয়েছে ১১তম স্থানে। সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ১২তম, চিনের পিকিং ইউনিভার্সিটি ১৩তম এবং সিংহুয়া ইউনিভার্সিটি ১৪তম স্থানে রয়েছে। এ ছাড়াও, দ্য চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং ১৮তম স্থান দখল করেছে।
উল্লেখ্য, এই বিশ্ববিদ্যালয়গুলিতে বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাবিজ্ঞান, ব্যবসা, আইন, অর্থনীতি এবং কলা বিভাগের বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। বিশেষ করে সিংহুয়া ও নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি শিক্ষায়, হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি পর্যটন ও নকশায় এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর চিকিৎসাবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সের জন্য পরিচিত। অন্য দিকে, পিকিং ও ফুদান ইউনিভার্সিটির বিজ্ঞান, অর্থনীতি ও কলা বিভাগের জন্য বেশ সুনাম রয়েছে।