শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সরকারের লোগো © সংগৃহীত
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ চূড়ান্ত করেছে সরকার। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বুধবার (২৫ নভেম্বর) উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা এ-সংক্রান্ত একটি জরুরি চিঠি জারি করে মন্ত্রণালয়। চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। পরে ১৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে গত ১৬ নভেম্বর সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে সম্মতি দেন। ১৬ ডিসেম্বরের কর্মসূচি সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর গত বুধবার গণমাধ্যমকে বলেন, ‘সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই নতুন সচিবালয়ে অফিস করার লক্ষ্যে আমরা শিগগির কাজ শুরু করতে যাচ্ছি।’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে ৮টির অবস্থা নাজুক। এসব ভবনের অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত। জরাজীর্ণ ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনা সামনে আসার পর সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের উদ্যোগ নেয় সরকার।
তবে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় নির্মাণের সিদ্ধান্তের শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। তাদের দাবি, জমিটি মূলত বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণা ও সম্প্রসারণের জন্য নির্ধারিত ছিল। দীর্ঘদিন বাণিজ্য মেলার জন্য ব্যবহারের পর এবার স্থায়ীভাবে জমিটি বিশ্ববিদ্যালয়ের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে অক্টোবর ও নভেম্বরে একাধিকবার সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।