কমনওয়েলথ স্কলাশিরপ © টিডিসি ফাইল ফটো
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে যুক্তরাজ্যে পড়ার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ স্কলাশিরপ। এর আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা। বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর নাগরিকরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ স্কলারশিপ বিশ্বের অন্যতম সম্মানজনক স্কলারশিপ হিসেবে পরিচিত। ১৯৫৯ সালে এ স্কলারশিপের যাত্রা শুরু হয়। আগে এটি ডিএফআইডির মাধ্যমে পরিচালিত হলেও বর্তমানে এর অর্থায়ন করে ইউকে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)
যুক্তরাজ্যে প্রায় ১৩০টি নিবন্ধিত উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। দেশটিতে রয়েছে বিশ্বের সবচেয়ে বহুল পঠিত লাইব্রেরিগুলোর একটি ব্রিটিশ লাইব্রেরি, যেখানে প্রায় ১৫ কোটি বই রয়েছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পেনিসিলিন, ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএর মতো গুরুত্বপূর্ণ আবিষ্কারের সঙ্গে সংশ্লিষ্ট গবেষক ও বিজ্ঞানীরা কাজ করেছেন। প্রতি বছর বিশ্বের প্রায় ২০০টি দেশ থেকে লক্ষাধিক শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে যান।
সুযোগ-সুবিধা
কমনওয়েলথ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা পাবেন।
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
যুক্তরাজ্যে যাতায়াতের জন্য বিমানের টিকিট দেওয়া হবে।
আবাসন সুবিধার পাশাপাশি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড ভাতা যা বাংলাদেশী মূদ্রায় প্রায় ২ লাখ ৮৪ হাজার ৬৭৬ টাকা দেওয়া হবে। লন্ডন মেট্রোপলিটন এলাকায় অবস্থান করলে এ ভাতার পরিমাণ হবে ২ হাজার পাউন্ড।
শিক্ষাসফরের জন্য ভাতা দেওয়া হবে।
জামাকাপড় কেনার জন্য ভাতা দেওয়া হবে।
শিক্ষার্থীর স্বামী/স্ত্রী ও ১৬ বছরের কম বয়সী সন্তান থাকলে নির্দিষ্ট হারে অতিরিক্ত পরিবার ভাতা দেওয়া হবে। তবে এ ভাতার হার প্রতিবছর পরিবর্তিত হতে পারে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা দেওয়া হবে।
যোগ্যতা
আবেদনকারীদের কমনওয়েলথভুক্ত কোনো দেশের নাগরিক হতে হবে। পাশাপাশি স্নাতকে অন্তত উচ্চ দ্বিতীয় শ্রেণি (আপার সেকেন্ড ক্লাস, ২.১) থাকতে হবে অথবা প্রাসঙ্গিক বিষয়ে মাস্টার্সসহ লোয়ার সেকেন্ড-ক্লাস ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া সেপ্টেম্বর ২০২৭ সালে স্নাতকোত্তর বা পিএইচডি শিক্ষাবর্ষ শুরু হলে পড়াশোনা শুরুর জন্য প্রস্তুত থাকতে হবে। আবেদন করা বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্তও পূরণ করতে হবে।
আইইএলটিএস বাধ্যতামূলক নয়। তবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন, সেই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ইংরেজি ভাষা দক্ষতার শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে ২০২৬ সালের মধ্যে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করতে হবে।
আরও দেখুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আলাবামা ইউনিভার্সিটি
এ ছাড়া আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে কমনওয়েলথ স্কলারশিপ ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। আবেদনের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রও থাকতে হবে।
প্রয়োজনীয় নথি
আবেদনের সময় প্রয়োজন হবে:
অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট
কমপক্ষে দুইজনের রেফারেন্স লেটার
মোটিভেশন লেটার/গবেষণা প্রস্তাবনা
পিএইচডির ক্ষেত্রে সম্ভাব্য যুক্তরাজ্যের সুপারভাইজারের সমর্থনপত্র
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর, ২০২৬।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন ও বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।
পিএইচডিতে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে দেখুন।