দীর্ঘ ১৬ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

দীর্ঘ ১৬ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীদের খালেদা জিয়া হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল এবং ছাত্রদের শাহ আজিজুর রহমান হল। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রাত ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হল তিনটি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে তীব্র গরম, পানি সংকট, নানান সমস্যা ও অন্ধকারসহ নানা ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। শনিবার সকালের আগে বিদ্যুৎ আসারও কোন সম্ভাবনা দেখছেন না শিক্ষার্থীরা। 

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সকাল থেকেই হল গুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকেল ৫টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও সন্ধ্যা ৭টার দিকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হয়। কিছুক্ষণ পর সেই সংযোগও বন্ধ হয়ে যায়। পরে রাত পৌনে ৮টার দিকে আবার জেনারেটর চালু করা হলেও নির্ধারিত জায়গা ব্যথিত এবং ভোল্টেজ কম থাকায় পর্যাপ্ত সুবিধা পাওয়া যায়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হলে অবস্থান করা কঠিন হয়ে পড়েছে শিক্ষার্থীদের জন্য। বিশেষ করে রাতে পড়াশোনা, অনলাইন ক্লাস ও দৈনন্দিন প্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় পানির পাম্পও স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। ফলে ওজু, গোসলসহ নিত্যপ্রয়োজনীয় কাজে পানির সমস্যায় পড়ছেন তারা। এছাড়া পূর্বপ্রস্তুতি না থাকায় অনেকেই পড়ছেন মোবাইল ও ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাওয়া, তীব্র গরম এবং মনোযোগ দিয়ে পড়াশোনার প্রতিবন্ধকতায়। 

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়ে বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর স্বাক্ষরিত একটি নোটিশে ক্যাম্পাসের ৪ নম্বর সাবস্টেশনে (জুলাই-৩৬ হলের সামনে) বৈদ্যুতিক এইচটি ক্যাবলে ত্রুটি দেখা দিয়েছে বলে জানানো হয়েছিল। ত্রুটি নিরসনের জন্য ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহ আজিজুর রহমান হলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কথা ছিল। 

কিন্তু নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ না রেখে শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। একই সঙ্গে নোটিশে বিকেল ৫টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কথা বলা হলেও রাত পর্যন্ত সংযোগ স্বাভাবিক হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। 

আয়েশা সিদ্দিকা হলের আবাসিক শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বর্ষা ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সকাল থেকেই আমাদের হলে বিদ্যুৎ নেই। সারাদিন এভাবেই গেছে। রাতে কিছুক্ষণ জেনারেটর দেওয়া হলেও আবার বন্ধ হয়ে যায়। বিষয়টি জানানোর পর পড়াশোনার জন্য মোমবাতি দেওয়া হয়েছে, কিন্তু বিদ্যুৎ ঠিক করার কোনো কার্যকর উদ্যোগ দেখছি না। শিউলী ব্লকে শুধু জেনারেটরের সংযোগ আছে, বকুল ব্লকে নেই। দুর্ভাগ্যবশত আমি বকুল ব্লকে থাকি।’

আরও পড়ুন: পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাও

প্রশাসনের প্রতি ক্ষোভ জানিয়ে তিনি আরও বলেন, ‘প্রভোস্ট স্যারকে ফোন দিয়ে বিষয়টা জানালে ওনার উত্তর, "হলে বিদ্যুৎ নেই আমাকে কেন বলছো? কর্তৃপক্ষকে জানাও, আমাকে বলে কোনো লাভ হবে না।" এই কর্তৃপক্ষটা আসলে কে, এটাই জানতে চাই। কাকে ফোন দিলে আমাদের এই সারাদিন-সারারাতের কষ্টের অবসান হবে, এটাই আমি জানতে চাই।’

একই হলের শিক্ষার্থী মোছা. হিতুয়ারা খাতুন লিখেছেন, ‘একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সকাল ৯টা থেকে এখন অবধি বিদ্যুৎ নেই তাতে কারোরই কোনো মাথাব্যথা নেই। খাওয়াদাওয়া বন্ধ, মোবাইলে চার্জ নেই, তীব্র গরমে সবাই অতিষ্ঠ, চার্জার ফ্যান অফ, পাওয়ার ব্যাংক শেষ। পূর্বনির্ধারিত কোনো নোটিশ না দিয়েই হুট করে বিদ্যুৎ চলে গেছে। তারপর জানা গেলো কিছু একটা নষ্ট হয়ে গেছে। আমরা হল বাসী খুব ভালো আছি আলহামদুলিল্লাহ।’

খালেদা জিয়া হলের শিক্ষার্থী হিমা বলেন, সকাল ৯টা থেকে খালেদা জিয়া হলের আয়েশা সিদ্দিকা হলে বিদ্যুৎ নাই। দিনে একবারও জেনারেটর দেয় নাই। রাতে জেনারেটর দেয় ৫ মিনিট আবার অফ করে। এভাবেই চলছে। ট্রান্সফর্মার ব্লাস্ট হইছে, এখনো নাকি ঠিক হয় নাই। সকালেও বিদ্যুৎ আসার সম্ভাবনা নাই। আমাদের হলে পানি নাই, ফোনে চার্জ নাই। রাতে ডাইনিংয়ে খাবারও শেষ হয়ে গেছে রাতে। এভাবে হলে থাকা যায়? এর থেকে তো প্রত্যন্ত গ্রামও ভালো। ইবির কাছে আসলে চাওয়া পাওয়া কিছুই নাই এখন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক মিয়া বলেন, ‘ক্যাম্পাসের ৪ নং সাবস্টেশনের বৈদ্যুতিক কেবলের কাজ করতে গিয়ে একটি ফল্ট হয়েছে। এ কারণে এ সমস্যা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টা আমরা বুঝতে পারছি। আমরা জেনারেটরের মাধ্যমে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছি। খুব শিগগিরই সমস্যাটি সমাধান করা হবে।’

অভাবে থেমে যায় আইনজীবী হওয়ার স্বপ্ন, ভ্যানে পোশাক বিক্রি কর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীরের শিক্ষার্থীর চিকিৎসায় নিলামে তোলা সেই কবুতর জোড়া ব…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬