জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফরম পূরণ শুরু ২৯ নভেম্বর

২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ AM
জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার আবেদন ফরম পূরণ শুরু হবে আগামী ২৯ নভেম্বর। নিয়মিত, অনিয়মিত ও প্রাইভেট পরীক্ষার্থীরা আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ পরীক্ষার ফরম পূরণ, পরীক্ষার ফি এবং অংশগ্রহণের শর্তাবলি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন ফরম পূরণের পর কলেজ কর্তৃপক্ষের মাধ্যমে তা নিশ্চয়নের শেষ তারিখ ২১ ডিসেম্বর। পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য পে-স্লিপ সংগ্রহ করা যাবে ২২ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

এ পরীক্ষার আওতায় এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজিক, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং আইসিটি শেষপর্বের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০২৪ সালের প্রাইভেট শিক্ষার্থীরা নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

এ ছাড়া ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় অংশ নেননি, তাঁরা ২০২৪ সালের পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে সব পত্র বা কোর্সে অংশ নিতে পারবেন।

একই শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী আগের পরীক্ষায় অংশ নিয়ে এক বা একাধিক পত্রে অকৃতকার্য (এফ গ্রেড) হয়েছেন, তাঁরা শুধু অকৃতকার্য কোর্সের পরীক্ষায় অংশ নিতে পারবেন। অন্যদিকে, ২০২৩ সালের পরীক্ষায় অংশ নিয়ে এক বা একাধিক পত্রে এফ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা নিবন্ধনের মেয়াদ থাকা সাপেক্ষে অকৃতকার্য কোর্সে পরীক্ষা দিতে পারবেন।

২০২৩ সালের পরীক্ষায় সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীরা সি প্লাস, সি ও ডি গ্রেড পাওয়া সর্বোচ্চ দুটি পত্রে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবেন। এসব শিক্ষার্থীর ইনকোর্স, ব্যবহারিক, টার্মপেপার ও মৌখিক পরীক্ষার আগের বছরের নম্বর বহাল থাকবে।

আবেদন ফি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে পরীক্ষার বিভিন্ন খাতে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রতি পূর্ণ তত্ত্বীয় পত্রের ফি ৩৫০ টাকা এবং অর্ধ পত্রের ফি ২৫০ টাকা। প্রতি পত্রের ব্যবহারিক পরীক্ষার ফি ৩০০ টাকা এবং প্রতি পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষার ফি ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তত্ত্বীয় পরীক্ষার কেন্দ্র ফি ৫০০ টাকা। এর মধ্যে কলেজে জমা দিতে হবে ১৭৫ টাকা এবং পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে ৩২৫ টাকা। ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থীর জন্য ২৫০ টাকা, যা কলেজে জমা হবে।

প্রতি পরীক্ষার্থীর টার্মপেপার ফি ৩৫০ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে ১৫০ টাকা এবং কলেজে ২০০ টাকা। ইনকোর্স পরীক্ষার ফি ৫০০ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে জমা হবে ১৫০ টাকা এবং কলেজে ৩৫০ টাকা।

গ্রেড উন্নয়ন, সিজিপিএ উন্নয়ন এবং অকৃতকার্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে অন্তর্ভুক্তি ফি ১ হাজার টাকা। এর সঙ্গে পত্রসংখ্যা অনুযায়ী ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য ফি দিতে হবে।

এ ছাড়া প্রতি পরীক্ষার্থীর বিবিধ ফি ১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সাময়িক সনদ ফি ৬০০ টাকা এবং ট্রান্সক্রিপ্ট ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এ দুই খাতে মোট ১ হাজার ২০০ টাকা দিতে হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রে এ ফি প্রযোজ্য নয়। ২০২৩ সালের আগে ফরম পূরণ করা অকৃতকার্য যেসব পরীক্ষার্থী ২০২৩ সালের পরীক্ষায় অংশ নেননি, তাঁদের ক্ষেত্রে সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি প্রযোজ্য হবে।

প্রযোজ্য ক্ষেত্রে আইসিটি ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সমাজকর্ম এবং ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের মাঠকর্ম ফি প্রতি পরীক্ষার্থীর জন্য ১ হাজার ৪০০ টাকা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে ২০০ টাকা এবং কলেজে ১ হাজার ২০০ টাকা।

শুধু মৌখিক, ব্যবহারিক, টার্মপেপার, রিসার্চ প্রজেক্ট, মাঠকর্ম বা থিসিস পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ অন্তর্ভুক্তি ফি ৬ হাজার টাকা।

যেভাবে পূরণ করবেন আবেদন ফরম
আবেদন করতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইএমএস (EMS) সফটওয়্যারের ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন নম্বর দিয়ে লগইন করতে হবে। এরপর Form Fillup মেনুতে গিয়ে Apply Now অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। সব তথ্য পূরণ শেষে Submit বাটনে ক্লিক করে পপ-আপ মেনু থেকে YES নির্বাচন করে আবেদন নিশ্চিত করতে হবে।

আবেদন নিশ্চিত করার পর APPLICATION FORM ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নির্ধারিত ফিসহ আবেদন ফরমের প্রিন্ট কপি নিজ নিজ কলেজে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেসব বিষয়ে একাধিক বিকল্প কোর্স রয়েছে, সেসব ক্ষেত্রে আবেদন করার সময় সঠিক কোর্স নির্বাচন করতে হবে। ভুল কোর্স নির্বাচন করলে তা সংশোধনের সুযোগ থাকবে না।

কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আবেদন ও প্রয়োজনীয় তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। কলেজ কর্তৃক নিশ্চয়ন সম্পন্ন হলেই পরীক্ষার্থীদের প্রবেশপত্র ইস্যু করা হবে।

এ ছাড়া ইনকোর্স ও টার্মপেপার পরীক্ষার নম্বর অনলাইনে এন্ট্রি করার পর মূল ম্যানুয়াল কপির সঙ্গে তা যাচাই করতে হবে। বিভাগীয় প্রধান ও অধ্যক্ষের স্বাক্ষরসহ মূল কপি নির্ধারিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। মূল ম্যানুয়াল কপির বাইরে কোনো নম্বর গ্রহণ করা হবে না।

পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফরম পূরণ ও সংশ্লিষ্ট নির্দেশনা পাওয়া যাবে "জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে" (http://ems.nu.ac.bd/student-login)।

এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে ৩ পদ্ধতিতে
  • ২৩ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফরম পূরণ শুরু ২৯ …
  • ২৩ নভেম্বর ২০২৬
চলতি বছর ৭৬ বার কমেছে সোনার দাম, আজ ভরিতে কত
  • ২৩ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে সভা কাল, আসতে পারে তি…
  • ২৩ নভেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত স্ত্রী, নিজের দুই কিডনিতেও জটিলতা; তবুও…
  • ২৩ নভেম্বর ২০২৬
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শ্বাসরুদ্ধকর প্রত্যাবর্তনের গল্প লি…
  • ২৩ নভেম্বর ২০২৬