জবির ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে কারিগরি দক্ষতাসম্পন্ন শিক্ষক নিয়োগের দাবি

২৩ নভেম্বর ২০২৬, ১১:০২ AM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। © টিডিসি সম্পাদিত

স্নাতকে চার বছর ও স্নাতকোত্তরে এক বছর পর্যায়ে পড়াশোনা করেও চলচ্চিত্র নির্মাণের ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারছেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের অনেক শিক্ষার্থী। ক্যামেরা পরিচালনা, ভিডিও সম্পাদনা ও চলচ্চিত্র নির্মাণের মতো বিষয়ে পর্যাপ্ত ব্যবহারিক শিক্ষা এবং দক্ষ শিক্ষক না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে তাঁদের অভিযোগ। এ অবস্থায় নতুন শিক্ষক নিয়োগে একাডেমিক যোগ্যতার পাশাপাশি চলচ্চিত্র নির্মাণে বাস্তব অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতাকে গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিভাগীয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করা বিভাগটিতে বর্তমানে পাঁচটি শিক্ষাবর্ষে প্রায় ১৫০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। প্রতি শিক্ষাবর্ষে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি হন। বিভাগটির প্রতিটি কোর্সে ব্যবহারিক অংশ বাধ্যতামূলক হলেও সে অনুযায়ী শিক্ষক ও পাঠদানের ব্যবস্থা নেই। বর্তমানে মাত্র তিনজন স্থায়ী শিক্ষক দিয়ে চলছে বিভাগটির শিক্ষা কার্যক্রম।

এদিকে তিনজন স্থায়ী শিক্ষকের কারও ব্যবহারিক কাজের অভিজ্ঞতা নেই। ফলে চলচ্চিত্র নির্মাণ, ক্যামেরা পরিচালনা ও ভিডিও সম্পাদনার মতো বিষয়ে হাতে-কলমে শেখার জন্য খণ্ডকালীন শিক্ষকদের ওপর নির্ভর করতে হয় শিক্ষার্থীদের। তবে প্রয়োজনের সময় তাঁদের পাওয়া নিয়েও অভিযোগ রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অসন্তোষ
গত ২৫ আগস্ট বিভাগের দুজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ে প্রথম শ্রেণি অথবা চার-এর মধ্যে ন্যূনতম ৩ দশমিক ৭৫ সিজিপিএ থাকার শর্ত দেওয়া হয়েছে। তবে চলচ্চিত্র নির্মাণ, ক্যামেরা পরিচালনা, সম্পাদনা কিংবা সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতার কোনো শর্ত রাখা হয়নি।

শিক্ষার্থীদের অভিযোগ, চলচ্চিত্র ও টেলিভিশনভিত্তিক একটি বিভাগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতাকে গুরুত্ব না দিলে তাঁদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা কঠিন হবে।

বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী ওয়াহিদা তাবাসসুম জয়ী বলেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে না পড়ে এখানে ভর্তি হয়েছি। আশা করেছিলাম, সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্রের ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে পারব। কিন্তু মাস্টার্সে পড়ার পরও আজ পর্যন্ত কোনো ছবি (চলচ্চিত্র) বানাতে পারিনি বা সেই সুযোগ পাইনি। চার বছরের স্নাতকেও ব্যবহারিক কাজের কোনো প্রজেক্ট বরাদ্দ পাইনি।’

২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঈন উদ্দিন আহমেদ বলেন, ‘একটি চলচ্চিত্র মানেই মূলত হাতে-কলমে কারিগরি কাজ, যেখানে দক্ষতা ও সৃজনশীলতার ছাপ থাকবে। কিন্তু এখানে থিওরিকে বেশি গুরুত্ব দেওয়া হয়।’

একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রাব্বি ইসলাম বলেন, ‘থিওরি ও প্র্যাকটিক্যাল—উভয় ক্ষেত্রেই কার্যকর এমন শিক্ষক নিয়োগ দিতে হবে। চার বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করে ফিল্মসংশ্লিষ্ট কোনো কাজই যদি না পারি, তাহলে এই বিভাগে পড়ে লাভ কী?’

নিয়োগের শর্ত পরিবর্তনের প্রস্তাব
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষক নিয়োগের যোগ্যতা ও শর্ত পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে বিভাগের প্ল্যানিং কমিটি। একাডেমিক যোগ্যতার পাশাপাশি চলচ্চিত্র বিষয়ে ব্যবহারিক দক্ষতাসম্পন্ন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠিও পাঠিয়েছে বিভাগ কর্তৃপক্ষ।

বিভাগের প্রস্তাবে নতুন নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়ে ন্যূনতম ৩ দশমিক ৫০ সিজিপিএ রাখার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে চলচ্চিত্র বিষয়ে দুই বছরের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি চলচ্চিত্র বিষয়ে অন্তত একটি গবেষণা প্রবন্ধ বা নিবন্ধ থাকার শর্তও প্রস্তাব করা হয়েছে।

বিভাগটির যাত্রা শুরুর এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও শিক্ষকসংকটসহ বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতা রয়ে গেছে। এর আগে শিক্ষক নিয়োগে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি অংশের আধিপত্য বিস্তারের অভিযোগও রয়েছে।

সম্প্রতি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির। দায়িত্ব গ্রহণের পর বিভাগের মানোন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ শিক্ষার্থীদের প্রশংসা পেয়েছে।

অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবির বলেন, ‘আমাদের এই বিভাগের জন্য এখন দরকার এমন শিক্ষক, যাঁর একাডেমিক ও কারিগরি—উভয় ধরনের দক্ষতা থাকবে। সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। কারিগরি দক্ষতার পাশাপাশি অন্তত একটি জার্নাল আর্টিকেল থাকতে হবে, এমন বিজ্ঞপ্তি দেওয়ার পক্ষে আমরা। আমি মনে করি, অন্যান্য বিভাগেও আবেদনের ক্ষেত্রে একটি আর্টিকেল থাকা বাধ্যতামূলক হওয়া উচিত।’

শিক্ষক নিয়োগের পাশাপাশি বিভাগগুলোর প্রয়োজনীয় অবকাঠামো ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, ‘যথাযথ লজিস্টিক সাপোর্ট ও নিশ্চিত না করেই বিভাগগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হলে সমস্যা কেটে যাবে আশা করি। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে বিভাগের চাহিদা অনুযায়ী কারিগরি দক্ষতার বিষয়টি আমরা উল্লেখ করে দেব।’

অস্ট্রেলিয়ার কাছে হারের পর বিশ্বকাপে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা
  • ২৩ নভেম্বর ২০২৬
দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ
  • ২৩ নভেম্বর ২০২৬
স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধে নির্দেশনা আসছে
  • ২৩ নভেম্বর ২০২৬
সোনার বাজারে দরপতনের কারণ কী, দাম কী আরও কমবে?
  • ২৩ নভেম্বর ২০২৬
গ্রেড-২০, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা ভূমি …
  • ২৩ নভেম্বর ২০২৬
প্রাইভেসি সেটিংসে বড় পরিবর্তন আনল জেমিনি, জেনে নিন এখানে
  • ২৩ নভেম্বর ২০২৬