সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

০৩ মার্চ ২০২৬, ১০:৪৮ PM
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © টিডিসি ফটো

সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত একটি তলবনামা পাঠানো হয়েছে।

ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে তার লেনদেন ও আর্থিক সংশ্লিষ্টতার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।

আসিফ মাহমুদ ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে তিনি দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের মধ্যে তিনি ছিলেন অন্যতম পরিচিত মুখ।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরবর্তীতে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল যে তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই লক্ষ্যে কিছুদিন ওই নির্বাচনী এলাকায় ব্যাপক তৎপরতা চালালেও শেষপর্যন্ত তিনি সরাসরি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬