ভারতের সামরিক শক্তির প্রদর্শনী © ইন্টারনেট
সামরিক খাতে খরচের নিরিখে বিশ্বের প্রথম তিনটি দেশের তালিকায় চলে এল ভারত। সুইডেনের প্রতিরক্ষা সমীক্ষা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট’ জানিয়েছে, ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী সামরিক ব্যয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই ভারতের অবস্থান।
২০২০ সালের প্রাপ্ত তথ্য বলছে, সে বছর আমেরিকার মোট প্রতিরক্ষা বরাদ্দ ছিল ৭৭ হাজার ৮০০ কোটি ডলার (প্রায় ৫৮ লাখ তিন হাজার ৪০৫ কোটি রুপি )। চীনের ২৫ হাজার ২০০ কোটি ডলার (প্রায় ২২ লাখ ৭১ হাজার ৮৪৪ কোটি রুপি)। আর ভারতের সাত হাজার ২৯০ কোটি ডলার (প্রায় ৬ লাখ ৫৭ হাজার ২১২ কোটি রুপি)।
এ তালিকায় চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় ২০২০ সালে প্রতিরক্ষা ব্যয় ৬ হাজার ১৭০ ডলার (প্রায় ৫ লাখ ৫৬ হাজার ২৪১ কোটি রুপি), পঞ্চম ব্রিটেনের ৫ হাজার ৯২০ কোটি ডলার (প্রায় ৫ লাখ ৩৩ হাজার ৭০৩ কোটি রুপি), ষষ্ঠ সৌদি আরবের ৫ হাজার ৭৫০ কোটি ডলার (প্রায় ৫ লাখ ১৮ হাজার ৩৭৭ কোটি রুপি)। যৌথভাবে সপ্তম ফ্রান্স এবং জার্মানির সামরিক বরাদ্দের পরিমাণ ৫ হাজার ৩০০ কোটি ডলার (প্রায় ৪ লাখ ৭৭ হাজার ৮০৮ কোটি রুপি)।
স্টকহোম ইন্টারন্যাশনালের ওই রিপোর্টে দাবি করা হয়েছে, বিশ্বজুড়ে মোট সামরিক ব্যয়ের ৩৯ শতাংশই করে যুক্তরাষ্ট্র। চীন ১৩ শতাংশ এবং ভারত ৩.৭ শতাংশ। ২০১৯ সালের সামরিক ব্যয় বৃদ্ধির তুলনামূলক পরিসংখ্যানেও এগিয়ে যুক্তরাষ্ট্র। সে দেশে এক বছরে প্রতিরক্ষা বরাদ্দ বেড়েছে ৪.৪ শতাংশ। বৃদ্ধির হারে চীনকে (১.৭ শতাংশ) ছাপিয়ে গেছে ভারত (২.৯ শতাংশ)। খবর: আনন্দবাজার।