বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী © সংগৃহীত
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনফারেন্সের একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনা কীভাবে ভারতে পৌঁছান, সে বিষয়ে জানিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে আসেনি। বরং তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতে যান।
তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি একটি আইনি প্রক্রিয়া, যা অব্যাহত রয়েছে। এটি সম্পূর্ণভাবে একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার বিষয় এবং এই প্রক্রিয়ায় আদালত যুক্ত রয়েছে। ফলে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা বা টাইমফ্রেম দেয়া সম্ভব নয়।