সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো কি না সন্দেহ: রাশেদ খান

০৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৩ PM
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান © সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর মধ্যে সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া মাত্র ৩৬ দিনের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান সফলভাবে সম্পন্ন হতো কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার (৩ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা মোড়ার পাড়ায় জুলাই আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, জুলাই আন্দোলনের রাজনৈতিক সমন্বয়ের মূল দায়িত্ব তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমেদ পালন করেছিলেন। শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করেছেন, আর রাজনৈতিক দলগুলো আন্দোলনকে বৃহত্তর রাষ্ট্র সংস্কারের দাবিতে রূপ দিতে কৌশলগত সহযোগিতা করেছে বলেও দাবি করেন তিনি।

জুলাই আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনার প্রসঙ্গে রাশেদ খান বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই আত্মাহুতি দেওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামই বিএনপির অংশগ্রহণের অন্যতম উদাহরণ। শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং তাঁর পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুযোগ তিনি ও ভিপি নুরুল হক নুর পেয়েছিলেন। ২০২৪ সালে পুনরায় কোটা সংস্কারের প্রেক্ষাপটে তারেক রহমান ও সালাহউদ্দিন আহমেদের সঙ্গে তিনি আলোচনা করেন। তখন আন্দোলনকে শুধু কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্র সংস্কারের বৃহত্তর আন্দোলনে রূপ দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল বলে জানান তিনি।

জুলাই আন্দোলনে নিহতদের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে রাশেদ খান বলেন, শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদসহ যাদের হত্যার অভিযোগ রয়েছে, প্রতিটি ঘটনার বিচার বাংলাদেশেই হবে বলে তিনি প্রত্যাশা করেন। জুলাই ২০২৪-এর ঘটনাবলি নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নথিভুক্ত করেছে বলেও উল্লেখ করেন তিনি।

কবর জিয়ারত শেষে ওয়াসিমের বাবা শফিউল আলমের সঙ্গে কথা বলেন রাশেদ খান। এ সময় তিনি শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ন্যায়বিচার পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন। পাশাপাশি শহীদ ওয়াসিমের কবরস্থানে যাতায়াতের প্রধান সড়কের টেকসই উন্নয়নে উদ্যোগ নেওয়ার কথা জানান।

উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের এক প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, পেকুয়ার বিভিন্ন সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উদ্যোগ নেবেন বলে তিনি আশাবাদী।

এর আগে সকালে চকরিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন রাশেদ খান।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম, পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবদীন, গণঅধিকার পরিষদ কক্সবাজার জেলা সভাপতি প্রাইম কাদের, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী, ইউপি সদস্য শাহেদুল ইসলাম ও জুলাই যোদ্ধা হিরণ সরওয়ারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬