জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ PM
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিচ্ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিচ্ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান © টিডিসি

জামায়াতে ইসলামীর কারণেই আওয়ামী লীগ গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ এবং সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, গুলশানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো তারা যোগাযোগ করে এই মিছিল করেছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতারা বিভিন্ন বক্তব্যে বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। তবে দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খান বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে জনগণের আস্থা ও সমর্থন গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সকালে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন রাশেদ খান। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনার কথা জানানো হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬