শোয়েব আখতার © ফাইল ছবি
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউয়ে ভেঙে পড়েছে ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা। বেশিরভাগ হাসপাতালেই দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। অনেক হাসপাতাল তাই রোগী ভর্তি নিচ্ছে না। দিল্লির মুখ্যমন্ত্রী রোববার অক্সিজেন চেয়ে আকুতি জানিয়েছেন।
গোটা ভারত মৃত্যুপুরীতে পরিণত। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন করোনা রোগীরা। আর এমন মৃত্যুপুরীতে চলছে দেশটির জমজমাট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ)।
বিষয়টি নিয়ে বিতর্কিত টুইট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন সাবেক অসি তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এবার একই প্রসঙ্গ নিয়ে কথা বললেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।
শোয়েব আখতার বলেন, ভারতের বর্তমান পরিস্থিতিতে আইপিএলের চেয়ে অক্সিজেন ট্যাংক অধিক জরুরি। তাই আইপিএল বন্ধ করে, সেই টাকা অক্সিজেন কেনার পরামর্শ দিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় শোয়েব বলেন, ভারত এখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের এখন আইপিএল বন্ধ করে দেওয়া উচিত। কারণ দেশটি পুড়ছে। তাই এটি পিছিয়ে দেওয়াই শ্রেয়। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে দেওয়ায় আমি এটা বলছি না। আমি মনে করি, জুনে পিএসএলও হওয়া উচিত নয়। আমি বলতে চাচ্ছি জীবনের চেয়ে খেলা গুরুত্বপূর্ণ নয়।
তিনি বলেন, তাই আইপিএল বন্ধ করে এর পেছনে যে অর্থ খরচ হতো তা দিয়ে অক্সিজেন ট্যাংক কিনুন। এতে মরতে বসা মানুষগুলো বাঁচবে। সত্যিকার অর্থে আমাদের এখন ক্রিকেটীয় বিনোদন প্রয়োজন নেই। আমাদের ভারত ও পাকিস্তানে মানুষের জীবন বাঁচাতে হবে।
এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে ২ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে এটিই সর্বোচ্চ রেকর্ড। সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ১৬০ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৬৭৬ জনের মৃত্যু হয়েছে।