প্রতীকী ছবি
কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া বান্দ্রায় মায়ের লাশের সঙ্গে দীর্ঘ ৯ মাস ঘরে কাটানোর ঘটনা প্রকাশ্যে এল গত শনিবার। এই ঘটনাকে ঘিরে ভারতের মুম্বাইয়ের বান্দ্রার চুইম গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, লকডাউন চলাকালে গত মার্চেই ওই নারীর বৃদ্ধা মা মারা যান। কিন্তু তিনি মায়ের মরদেহ আগলে রেখে এক ঘরেই বাস করছিলেন।
পুলিশ জানিয়েছে, কেন দরজা-জানালা বন্ধ করে রাখা হত, তা নিয়ে প্রতিবেশীদের মধ্যেও সন্দেহের সৃষ্টি হয়। শনিবার এক প্রতিবেশী বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে ওই নারীর বাড়িতে ঢুকতেই দেখতে পান বিছানার ওপর পড়ে রয়েছে অস্থিচর্ম গলে যাওয়া এক বৃদ্ধার দেহ।
প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, বাড়িতে ওই নারী তার মাকে নিয়েই থাকতেন। প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মিশতেন না। তাছাড়া ওই নারীর মানসিক কিছু সমস্যা থাকায় প্রতিবেশীরাও তাকে এড়িয়ে চলতেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মানসিক অসুস্থতার জন্যই হয়তো কাউকে মায়ের মৃত্যু সম্পর্কে জানাতে সাহস পাননি তিনি। তাই মায়ের মরদেহ ঘরে রেখেই তার সঙ্গে বাস করছিলেন ওই নারী।
প্রতিবেশীরা পুলিশকে আরও জানিয়েছে, কয়েক বছর আগে ওই পরিবারের একটি পোষ্য কুকুর মারা গিয়েছিল। তার শেষকৃত্য না করে দীর্ঘদিন ধরে ঘরেই রেখে দিয়েছিলেন ওই নারী ও তার মা।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে, কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হল এবং এ সংক্রান্ত বহু প্রশ্নের জবাব দিতে পারেননি ওই নারী। আপাতত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: আনন্দবাজার