সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা

০৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ১২:১০ PM
 যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্ত © সংগৃহীত

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনে যাওয়ার পথে ছয়জন আরোহীসহ নিখোঁজ হওয়া মেডিকেল বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। ম্যাসাচুসেটসের ন্যান্টাকেট দ্বীপের উপকূলে ধ্বংসাবশেষ শনাক্ত করার পর নিখোঁজ আরোহীদের উদ্ধারে রাতভর অভিযান চালাচ্ছে মার্কিন কোস্ট গার্ড। তবে তাদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমানে থাকা ছয়জনের মধ্যে চারজন কানাডার নাগরিক এবং দুজন বারমুডার নাগরিক। তারা ছিলেন দুই কানাডীয় পাইলট, দুই কানাডীয় চিকিৎসাকর্মী এবং বারমুডার একজন রোগী ও তার এক স্বজন।

‘ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সেস’-এর গালফস্ট্রিম জি-১০০ মডেলের বিমানটি শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে বারমুডার এলএফ ওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোস্টনের উদ্দেশ্যে যাত্রা করে। বিবিসি জানিয়েছে, রাত ১টার কিছু পর বোস্টনের লোগান বিমানবন্দরে অবতরণের আগেই বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুনঃ মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন, নিখোঁজ বিমান

ফ্লাইট অপারেশনস ডিরেক্টর ক্ল্যারেন্স টোগেরেৎজ জানান, বিমানে দুজন কানাডীয় পাইলট ও দুজন কানাডীয় চিকিৎসাকর্মী ছিলেন। তারা বারমুডা থেকে একজন রোগী ও তার এক আত্মীয়কে নিয়ে বোস্টনে ফিরছিলেন।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, রাডার থেকে উধাও হওয়ার ঠিক আগে বিমানটির উচ্চতা দ্রুত ২৪ হাজার ফুট থেকে ১১ হাজার ফুটে নেমে আসে। একই সময়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির রেডিও যোগাযোগে সমস্যা হচ্ছিল। পরে পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। ডিসপ্যাচারদের তথ্য অনুযায়ী, তখন বিমানটিতে একটি বৈদ্যুতিক সমস্যা দেখা দিয়েছিল।

মার্কিন কোস্ট গার্ড ন্যান্টাকেট উপকূলে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করেছে। নিখোঁজ ছয় আরোহীর সন্ধানে জাহাজ, হেলিকপ্টার ও বিমান নিয়ে সমুদ্র এলাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আরোহীদের পরিবারের সদস্যদেরও অবহিত করা হয়েছে।
  

একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সি…
  • ০৪ অক্টোবর ২০২৬