ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র ও দিল্লির পরিস্থিতি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা আট হাজার ৩৫৬।
এর মধ্যে শুধু মাত্র মহারাষ্ট্রেই সংক্রমণের শিকার হয়েছেন এক হাজার ৭৬১ জন। আশঙ্কা বাড়িয়েছে দিল্লির পরিস্থিতিও। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। অবশ্য ভিন্ন ছবি দেখা গিয়েছে কেরলে। সেখানে সংক্রমণে খানিকটা রাশ টানা গিয়েছে।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত, এই ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছিল এক হাজার ৩৫ জন। যা এখনও পর্যন্ত রেকর্ড। তার তুলনায়, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত এই সময়ে অবশ্য সংক্রমণ সামান্য কম।
সারা দেশে আরও ৯০৯ জন সংক্রমিত হয়েছেন। ফলে ভারতে এখন করোনা আক্রান্ত আট হাজার ৩৫৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৪ জনের। সারা দেশে এখন মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৪ জন।
পশ্চিমবঙ্গে আরও ১৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন বলে জানাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও, নবান্নের তরফে জানানো হয়েছে রাজ্যে ‘অ্যাক্টিভ’ করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯৫।
সংক্রমণের নিরিখে ভারতে এখনও পর্যন্ত প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে এক হাজার ৭৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সারা দেশের তুলনায় মৃত্যুও বেশি ওই রাজ্যে। মোট ১২৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার পেরিয়ে গিয়েছে।
এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্ত ৯৬৯ জন। গোটা দেশের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজস্থান। সেখানে করোনা ধরা পড়েছে ৭০০ জনের। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৫৩২)।
কেরালায় অবশ্য সংক্রমণে বেশ খানিকটা রাশ টানা গিয়েছে। রাজ্যের হাসপাতালগুলোতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। এখনও পর্যন্ত ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৪। আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। এখনও পর্যন্ত সারা দেশে ৭১৫ জন সুস্থ হয়ে উঠেছে। খবর: আনন্দবাজার।