© বিবিসি
সিঙ্গাপুরের বাংলাদেশি শ্রমিকদের ডরমিটরিতে ভাইরাস সংক্রমণের হার ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মধ্যে সংক্রমণের খবর জানিয়েছে দেশটি। তারমধ্যে বাংলাদেশি শ্রমিকও রয়েছে।
শুরুর দিকে সিঙ্গাপুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সফল হলেও গতকাল ২৮৭ জনের মধ্যে ভাইরাস সংক্রমণের তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একটা বড় অংশ অভিবাসী শ্রমিকদের বাসস্থানের সাথে সম্পৃক্ত। সেখানে বাংলাদেশ ও ভারতের পুরুষ শ্রমিকরা থাকেন।
শ্রমিদের দুটি ডরমিটরিতে থাকা ২০ হাজার শ্রমিককে কোয়ারেন্টিন করা হয়েছে। আর যেসব অভিবাসী শ্রমিক সুস্থ রয়েছেন তাদেরকে হোটেলে, ক্যাম্পে বা ফ্ল্যাটবাড়িতে স্থানান্তরিত করার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত এক হাজার ৯১০ জনের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছে ছয় জন। আর সারাবিশ্বে ১৬ লাখের বেশি আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় ৯৫ হাজার মানুষের।
বাংলাদেশে মোট ৩৩০ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, আগের চব্বিশ ঘণ্টায় ১১২ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে এক জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে দেশের বড় শহরগুলোতে ঢোকা ও বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।