© সংগৃহীত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খোয়াই নদীতে দুটি কফিন ভেসে উঠেছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে সেগুলো এসেছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (০৯ মার্চ) উপজেলার পুরান বাজার খোয়াই নদীর রেলওয়ে ব্রিজের কাছে কফিন দুটি ভাসতে দেখা যায়।
এরপর এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দিলে তারা শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কফিন দুটি উদ্ধার করে। উদ্ধারের পর তা খোলা হলে ভেতরে কিছু পাওয়া যায়নি। পরে পুলিশ কফিন দুটি ফের নদীতে ভাসিয়ে দেয়।
শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হোসেন গণমাধ্যমকে বলেন, খালি কফিনগুলো ভারত থেকে ভেসে এসেছে ধারণা করা হচ্ছে। উদ্ধারের পর সেগুলো আবার নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। এখন আর স্থানীয় লোকজনের মাঝে কোনো আতঙ্ক নেই বলেও জানান তিনি।