করোনায় নিউইয়র্কে মৃত্যু ৩৫০০ ছাড়ালো

০৫ এপ্রিল ২০২০, ১০:১৬ AM

© বিবিসি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে আরও ৬৩০ জনের করোনাভাইরাসে মৃত্যু হয়েছে, যা একদিনে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুর রেকর্ড। এতে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫৬৫ জনে।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। এই রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ১৩ হাজারের বেশি, যা পুরো ইতালিতে আক্রান্তের প্রায় সমান হিসাবে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, এই সংক্রমণ চার থেকে ১৪ দিনের মধ্যে শীর্ষ পর্যায়ে পৌঁছাতে পারে।

‘আমার মনের একটা অংশ শীর্ষে যেতে চাইছে এবং বলছে চলুন মোকাবিলা করি। আবার মনের আরেক অংশ বলছে যে, আমরা যে শীর্ষে নেই এটাই ভাল। কারণ আমরা এখনও প্রস্তুত নই,’ তিনি বলেন।

কুওমো বলেন, তার রাজ্য আরও বেশি ভেন্টিলেটরের সন্ধান কাজ করে যাচ্ছে। শনিবার এক হাজার ভেন্টিলেটর পাঠানোর জন্য তিনি চীনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, ওরেগন রাজ্য থেকে আরও ১৪০টি ভেন্টিলেটর সরবরাহের কথা রয়েছে।

এদিকে প্রতিদিনের করোনাভাইরাস ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুওমোকে আশ্বাস দিয়েছেন, নিউইয়র্কে প্রয়োজনীয় জিনিষপত্র সরবরাহ করা হবে। তবে ট্রাম্প বলেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সহায়তা দেয়া হবে। ‘দুর্ভাগ্যক্রমে অনেক মানুষের মৃত্যু হবে।’ বলেন, ট্রাম্প।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন লাখেরও বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে এবং ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আট হাজারেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ছয় লাখেরও বেশি মানুষ এই করোনাভাইরাসে মারা গেছেন এবং ১১ লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।

নিউইয়র্ক সিটিতে ‌এক লাখ ১৩ হাজার ৭৪ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এরমধ্যে নিউ ইয়র্কে আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৩৬ জন। কুওমো বলেছেন, নিউইয়র্ক সিটিতে এখন আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ধীর গতিতে বাড়ছে, তবে নিকটবর্তী লং আইল্যান্ডে এই সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

ইতোমধ্যে ম্যানহাটানের দুই হাজার ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল জাভিটস সেন্টার ইন ম্যানহাটানে অসংখ্য রোগী ভিড় করছেন। তাদের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জনবল এবং চিকিৎসা সরঞ্জাম দেয়ার কথা বলা হয়েছে।

প্রায় ৮৫ হাজার লোক, যাদের প্রায় এক চতুর্থাংশ অন্যান্য রাজ্য থেকে আসা, তারা নিউইয়র্কের এই প্রাদুর্ভাব মোকাবিলায় সহায়তার জন্য নিজেদের নাম নিবন্ধন করেছেন। যুক্তরাষ্ট্রে এটাই এ যাবৎকালের সবচেয়ে খারাপ স্বাস্থ্য পরিস্থিতি।

নিউ ইয়র্ক সিটির মেয়র তার ৮০ লাখ বাসিন্দার কাছে একটি বার্তা পাঠিয়ে আহবান জানিয়েছেন যে, তাদের মধ্যে যারা যোগ্য স্বাস্থ্যসেবাকর্মী তারা যেন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। বিল দে ব্লাসিও সাহায্যের আবেদন জানিয়ে বলেছেন, ‘আপনাদের মধ্যে যারা এখনও এই লড়াইয়ে শামিল হননি, তাদের বলতে চাই যে আপনাকে আমাদের প্রয়োজন, যে কোনও পেশাদার স্বাস্থ্যকর্মী - ডাক্তার, নার্স, রেসপিরেটরি থেরাপিস্ট, আপনি শুধু নাম দিন।’

ডি ব্লাসিও অনুমান করছেন, এপ্রিল ও মে মাসে এই মহামারি মোকাবেলায় রাজ্যটিকে আরও ৪৫ হাজার মেডিকেল কর্মীর প্রয়োজন। এর আগে তিনি সকল বাসিন্দাদের বাইরে যাওয়ার সময় মাস্ক পরার আহবান জানিয়েছিলেন, ‘বাইরে বের হওয়ার সময় নাক মুখ ঢেকে রাখুন। এজন্য আপনি স্কার্ফ বা আপনার নিজেকে তৈরি করা কিছু, এমনকি একটি ব্যান্ডানাও ব্যবহার করতে পারেন।’ বিবিসি।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬