এবার মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৩৭৭ বাংলাদেশি আটক

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ AM
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযান © সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশেষ অভিযানে এক রাতে ৭৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি। স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাংয়ে এ অভিযান চালানো হয়।

এর আগে গত ৬ আগস্ট পেনাংয়ের বুকিত মের্তাজামে এক কারখানায় অভিযান চালিয়ে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে ওয়ার্ক পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল।

সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি মিয়ানমারের ২৩৫ জন, ভারতের ৫৮ জন, নেপালের ৭২ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন ও অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানিয়েছেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে। অভিযোগ ছিল, বুকিত বিনতাং এলাকায় বিদেশিদের অবৈধ কর্মকাণ্ড বেড়েছে। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা কিংবা কাগজপত্রের অপব্যবহারসহ নানা অভিযোগে তাঁদের আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া অভিযানে অংশ নেন ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা। অভিযানে মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়। তাঁদের মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি, বাকি ৮৪৫ জন স্থানীয় নাগরিক।

অভিযানের সময় অনেকে দোকানে লুকানোর চেষ্টা করেন, কেউবা ছাদে উঠে যান। তবে পুরো এলাকা ঘিরে রাখায় শেষ পর্যন্ত সবাই ধরা পড়েন বলে জানান বাসরি। এ সময় একটি অবৈধ জুয়ার আসরও শনাক্ত করা হয়। সেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। জুয়ারত অবস্থায় আটক করা হয় আটজন বিদেশিকে।

আটকদের সবাইকে পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি করা হবে, যাতে অনুমোদিত বিদেশিকর্মী কোটা মানা হয়।

সংবাদসূত্র: নিউ স্ট্রেইট টাইমসের।

 

 

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬