নিহত সাজিদুল ইসলাম সাজিদ © সংগৃহিত
প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার অভিমানে রংপুর মহানগরীর ঘাঘটপাড়ায় সাজিদুল ইসলাম সাজিদ (২০) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ জুলাই) সকালে রংপুর নগরীর ঘাঘটপাড়া এলাকা থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তাজহাট থানা পুলিশ।
সাজিদ নগরীর মধ্য ঘাঘটপাড়ার রবিউল ইসলামের ছেলে। তিনি বেসরকারি টিএমএসএস টেকনিক্যাল কলেজের কম্পিউটার সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সম্প্রতি সাজিদের প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় সে মানসিকভাবে বিষণ্নতায় ভুগছিল। গত শুক্রবার রাত ১০টায় সে নিজ কক্ষে ঘুমাতে যায়। শনিবার ভোর ৬টায় ঘুম থেকে উঠার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি করে সাজিদের সাড়াশব্দ পায় না। পরে ঘরের জানালা খুলে তারা দেখতে পায় ফ্যানের সাথে রশি দিয়ে সাজিদ আত্মহত্যা করেছে।
আরও পড়ুন: আকাশে উড়ে যাচ্ছে হাকালুকি হাওরের পানি, ভাইরাল ভিডিও
আত্মহত্যার আগে ভোর ৪টায় সাজিদ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘এই পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে। দুনিয়াটা যত বড়, তোমাকে অতটাই ভালবাসি। এত বড় পৃথিবীটা তুমি একলা সব কি করলা? বিয়ে করে আমাকে একটাবার জানাইলা না। কী এমন দোষ করেছিলাম, এত বড় শাস্তি দিলা? ভাল থাকো।’
এর আগে গত ১৯ জুলাই সাজিদ ফেসবুকে লেখেন, তুমি কোথায় আছো, কেমন আছো জানি না। তুমি চলে গেছো ৫ দিন হয়ে গেল কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল কাদের বলেন, মধ্য ঘাঘটপাড়ার নিজ বাসা থেকে সাজিদের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।