করোনাভাইরাস মহামারীতে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৮৬১ জন। বৃহস্পতির বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১ হাজার ৮৬১ জনকে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৫ জনে। আর মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৬৭ জন। স্বাস্থ্য অধিদফতরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৪৮৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ১০ হাজার ৪৫২ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১২টি আরটি-পিসিআর ল্যাব, ১৮টি জিন-এক্সপার্ট ল্যাব ও ১০টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ১৪০টি ল্যাবে ১৬ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৯ লাখ ২৭ হাজার ৯২৯টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৪ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।