আবু সায়েম নামে এক যাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে সেই বাসের চাপায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকার যাত্রাবাড়ীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী নিহত সায়েম মতিঝিলে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানিয়েছে আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে এ ঘটনা ঘটে বলে। এ ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা ঐ বাসের চালক ও সহকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। বিক্ষুব্ধ জনতা যাত্রাবাড়ী–গাবতলী রুটে চলাচলকারী ৮ নম্বর বাসটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পিটুনিতে আহত বাসের চালক শাহ আলম (৪০) ও তাঁর সহকারী মোহনকে (২২)।
আরও পড়ুন: জবি ভর্তিতে থাকতে পারে জিপিএ নম্বর
নিহত আবু সায়েমের বড় ভাই আবু সাদাত সাহেদ গণমাধ্যমকে জানান, সায়েম কাজ শেষে বাসে করে বাসায় ফিরছিলেন। এ সময় বাসচালকের সহকারী এক যাত্রীর কাছ থেকে বেশি ভাড়া নেন। এ সময় সায়েম প্রতিবাদ করেন। এনিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি হয়। যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে নামার সময় সায়েমকে ধাক্কা দিয়ে ফেলে দেন বাসচালকের সহকারী। এ সময় ওই বাসের পেছনের চাকা সায়েমের মাথার ওপর দিয়ে চলে যায়। উদ্ধার করে সায়েমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহত সায়েমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহত চালক ও তাঁর সহকারীকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।