কক্সবাজার মেডিকেল

আইডিএর নেতৃত্বে জুলাই অভ্যুত্থানে খালেদা জিয়াকে ট্রলকারী-সহপাঠীদের বয়কটের মুখে পড়া চিকিৎসকরা

২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ PM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৩ PM
কক্সবাজার মেডিকেল কলেজ

কক্সবাজার মেডিকেল কলেজ © টিডিসি সম্পাদিত

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে পূর্বে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টরা মনোনীত হয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রলীগের ‘সহযোগী’ হওয়ায় বয়কটের শিকারও হয়েছিলেন দুজন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ট্রল করা ব্যক্তিও পেয়েছেন দপ্তর সম্পাদকের পদ।

গত ২৪ অক্টোবর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুজিবুল হক ও কক্সবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবাধায়ক ডা. মং টিংঞো এই কমিটি অনুমোদন দেন। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, যাচাই-বাছাই করে নিরপেক্ষ ব্যক্তিদেরই এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

কমিটি ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে যাবতীয় কার্যকলাপ পরিচালনার জন্য আগামী ১ বছরের জন্য এই কার্যকরি পরিষদ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. হামিদা সুলতানা এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন ডা. গোলাম নূর শাওন। এছাড়া সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন ডা. শেহজাবিন ইসলাম ও ডা. সাজিয়া বেগম ইরিন। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ মাহমুুদুর রহমান মুরাদ এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ডা. শাহরিনা নিম্মি। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ডা. সাদিয়া সুলতানা এবং দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন ডা. ইফফাত উদ্দিন ফাহাদ। এছাড়া কমিটির অন্যান্য পদের মধ্যে অর্থ সম্পাদক হিসেবে ডা. কে এইচ এম মুহিব, রোগী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে ডা. সাইকা ইসলাম এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ডা. নওরীন তাবাচ্ছুম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

বেশ কয়েকজন ইন্টার্ন চিকিৎসকের অভিযোগ, সিনিয়র সহ-সভাপতি ডা. গোলাম নূর শাওন ও সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান মুরাদ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্রলীগের ‘সহযোগী’ ভূমিকা পালন করায় তাদের ব্যাচ থেকে বয়কট করা হয়েছিল। এ ছাড়া কমিটিতে দপ্তর সম্পাদক পদে জায়গা পাওয়া ডা. ইফফাত উদ্দিন ফাহাদ ৩০ জুলাই বেগম খালেদা জিয়ার প্রোফাইল লাল করার ঘটনায় তাকে গালি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। একই সাথে ডা. শেহজাবিন ইসলাম ও ডা. সাইকা ইসলামের অমতে তাদের নাম কমিটিতে রাখা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ইন্টার্ন চিকিৎসক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গণঅভ্যুত্থানের প্রাক্কালে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আমাদের তিনজন ভাই নির্যাতনের শিকার হয়েছিল। এটার বিচারের দাবিতে আমাদের ব্যাচের ছেলেরা সবাই তৎকালীন প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিতে গিয়েছিলাম। ওই সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজমীর রহমানের ফোন কলে বিচারের দাবি না জানিয়ে মুরাদ ও শাওন পালিয়ে এসেছিল। এজন্য ওদেরকে ব্যাচ থেকে বয়কট করা হয়েছিল।

এ ছাড়া প্রথম বর্ষে থাকতে ছাত্রলীগের র‌্যাগিং বা নিপীড়নমূলক কর্মকাণ্ডে এই দুজন ডেকে নিয়ে যেতেন বলেও অভিযোগ করেন এই ইন্টার্ন চিকিৎসক।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ইন্টার্ন চিকিৎসক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ইন্টার্ন চিকিৎসকদের কমিটি হলো, অথচ ইন্টার্ন চিকিৎসকদের সাথে কোনো প্রকার আলোচনা করা হয়নি। কোনও নির্বাচনও হয়নি। কীসের ভিত্তিতে এই কমিটি গঠন করা হলো তার কোনো হদিস নেই। এমনকি বেশ কয়েকজন এই কমিটিতে এসেছে যারা হাইব্রিড, আগে ছাত্রলীগ করত। এখন ছাত্রদলের সাথে তাল মিলিয়ে চলছে।

এ বিষয়ে জানতে চাইলে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. হামিদা সুলতানা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কাকে কোন পদে কীভাবে দেওয়া হয়েছে আমি জানি না। আইডিএর সভাপতি হব, এমনও কোনো আগ্রহ আমার ছিলও না। স্যারদেরকে আমি বলেছিলাম আমি নির্দলীয় এবং নির্দলীয়ই থাকতে চাই। হয়তো স্যাররা এজন্য আমাকে উপযুক্ত মনে করেছেন।

জানতে চাইলে সহ-সভাপতি ডা. গোলাম নুর শাওন কথা বলতে রাজি হননি। তিনি সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান মুরাদের সঙ্গে কথা বলতে বলেন। মাহমুদুর রহমান মুরাদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখানে গত বছরও নির্বাচন হয়নি, শেষ পর্যন্ত দুই প্যানেলে লটারি হয়েছিল। এ বছর স্যাররা কমিটি গঠন করে দিয়েছেন। আমরা যারা আছি, আমরা মোটামুটি নিউট্রাল বা আমাদের সাথে কোনো দলের অত সম্পৃক্ততা নাই।

কমিটি গঠনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের ইন্টার্নশিপের প্রায় এক মাস চলে গেছে। যেহেতু কমিটি ছিল না, কেউ তেমন কোথাও বলছিল না কমিটি নিয়ে— পরবর্তীতে আমরা কয়েকজন যারা কমিটির কথা বলেছিলাম, স্যাররা হয়তো তাদের মধ্য থেকেই অ্যাপ্ৰুভ করছে।

জুলাই গণঅভ্যুত্থানে বয়কটের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যাকে মারা হয়েছিল, আমি আর শাওন—আমরা দুইজনই প্রথম তাকে বিচারের জন্য উদ্বুদ্ধ করেছিলাম। আমরাই প্রথম বলেছি, ‘কিরে ব্যাটা, তোকে মারছে তুই কোনো অ্যাক্টিভিটিস করতেছিস না?’ তখন পর্যন্ত শিবিরের কোনো ছেলেও এগিয়ে আসেনি। ওই চড় মারার দুইদিন পরের ঘটনা এটা, যেদিন আমি কথা তুলি।

তিনি বলেন, আমরা যখন বিচার দিতে যাব, তখন কেউ একজন ছাত্রলীগের সিনিয়র ভাইদের কাছে ছবিসহ বিষয়টি জানিয়ে দেয়। এরপর জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আমাদেরকে ফোন দিয়ে এত বাজে ভাষায় গালিগালাজ করেছে, হুমকি দিয়েছে! বলছিল যে ‘তোরা কী হয়ে গেছিস, তোরা কী না হইছিস, তোরা এসব করতেছিস’? তখন বাকিরা গিয়েছিল, কিন্তু আমরা প্রিন্সিপালের কাছে আর যেতে পারিনি। তবে যদি বলি, ইনিশিয়েটিভটা আমাদেরই নেওয়া। পরবর্তীতে বিষয়টিকে কেন্দ্র করে আমাদেরকে বয়কট করা হয়েছিল। কিন্তু আমরা বয়কটের মতো আসলে কোন কিছু করিনি।

বেগম খালেদা জিয়ার প্রোফাইল লাল করাকে কেন্দ্র করে ডা. ফাহাদের গালিগালাজ এবং ডা. শেহজাবিন ও ডা. সাইকার অমতে কমিটিতে নাম যুক্ত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আসলে এত কিছু জানি না। এগুলো স্যাররা বলতে পারবেন।

এ বিষয়ে দপ্তর সম্পাদক ডা. ইফফাত উদ্দিন ফাহাদ এবং ডা. শেহজাবিন ইসলাম ও ডা. সাইকা ইসলামের বক্তব্য জানা সম্ভব হয়নি। জানতে চাইলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আইডিএর নির্বাচন হয়নি কোনো সময়। হাসপাতাল সুপার (তত্ত্বাবধায়ক) এবং কলেজ প্রিন্সিপাল যেটা মনোনয়ন করবে, ওটাই আইডিএ হয়।

বয়কটের শিকার দুজন এবং বেগম খালেদা জিয়াকে ট্রলকারীকে কমিটিতে স্থান দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দেখেই কমিটি দিয়েছি। আপনাকে কেউ ভুল বুঝাচ্ছে। আর আইডিএ তেমন কিছু না, এর কোনো পাওয়ার নাই। এটা আমাদের আন্ডারেই থাকে।’

শিক্ষা সংকট পর্যালোচনা ও উত্তরণের উপায়
  • ২৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সচিব পদমর্যাদায় নতুন দায়িত্ব পেলেন খল অভিনেতা শিবা…
  • ২৯ অক্টোবর ২০২৬
বিএমইউতে বিশ্ব সোরিয়াসিস দিবস পালিত
  • ২৯ অক্টোবর ২০২৬
নভেম্বর মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ
  • ২৯ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর পারমাণবিক বিদ্য…
  • ২৯ অক্টোবর ২০২৬
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসছেন রাষ্ট্রপতি, প্র…
  • ২৯ অক্টোবর ২০২৬