গবেষণা

তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো

২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ AM
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠান।

তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠান। © সংগৃহীত

শিল্পপ্রতিষ্ঠানগুলোতে তরুণ কর্মীর অভাব না থাকলেও প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী খুঁজে পেতে সমস্যায় পড়ছেন নিয়োগকর্তারা। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা অনেক তরুণের ব্যবহারিক দক্ষতা, যোগাযোগক্ষমতা ও কর্মক্ষেত্রের অভিজ্ঞতার ঘাটতি এ সংকটের অন্যতম কারণ। জরিপে অংশ নেওয়া নিয়োগকর্তাদের মাত্র ১৫ শতাংশ জানিয়েছেন, তাঁরা সহজেই যোগ্য তরুণ কর্মী খুঁজে পান।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক এ গবেষণায় তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরা হয়।

গবেষণায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা অনেক তরুণের তাত্ত্বিক জ্ঞান থাকলেও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা, যোগাযোগক্ষমতা ও অভিজ্ঞতার ঘাটতি রয়েছে। এ কারণে নিয়োগকর্তারা তাঁদের নিয়োগ দিতে সমস্যায় পড়ছেন।

অন্যদিকে চাকরির শুরুতেই অভিজ্ঞতা চাওয়ায় কর্মজীবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন না অনেক তরুণ। তাঁদের প্রশ্ন, প্রথম চাকরিতেই যদি অভিজ্ঞতা চাওয়া হয়, তাহলে অভিজ্ঞতা অর্জনের সুযোগ তাঁরা পাবেন কোথায়?

গবেষণায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগের অভাব এ সংকটের অন্যতম কারণ। প্রশিক্ষণের বিষয়বস্তুর সঙ্গে কর্মক্ষেত্রের চাহিদার অসামঞ্জস্য এবং শিক্ষানবিশির সীমিত সুযোগের কারণেও তরুণেরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছেন না।

চট্টগ্রামের মতো শিল্প ও বন্দরকেন্দ্রিক অঞ্চলে দক্ষ জনবলের চাহিদা রয়েছে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান ও শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব চাহিদার মধ্যে সমন্বয় না থাকায় সেই চাহিদা পূরণ হচ্ছে না।

এদিকে শিক্ষার্থীসংকটের কারণে ইতিমধ্যে ১৩৭টি ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তি বন্ধ হয়ে যাওয়ার তথ্যও গবেষণায় উঠে এসেছে।

গবেষকদের মতে, শুধু প্রশিক্ষণ ও সনদ দিয়ে দক্ষ জনবল তৈরির সমস্যার সমাধান সম্ভব নয়। প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োগকর্তাদের সম্পৃক্ত করা, শিক্ষানবিশির সুযোগ বাড়ানো এবং কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম সাজানোর ওপর গুরুত্ব দিতে হবে।

গবেষণার ফলাফল তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহযোগী নামিরা শামীম। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এ গবেষণায় যুক্ত ছিলেন সৈয়দ এম. হাসেমীও।

গবেষণার ফল প্রসঙ্গে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সুযোগ তৈরি হলেও তা বাস্তব ফলে রূপ নিচ্ছে না। সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে স্থান দিতে হবে। স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আঞ্চলিক অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬