গবেষণা
তরুণ ও স্নাতকদের মধ্যে বেকারত্ব। © সংগৃহীত
দেশে বেকার মানুষের সংখ্যা ২৬ লাখ ২০ হাজার। তাদের মধ্যে আট লাখ ৮৫ হাজারই বিশ্ববিদ্যালয়ের স্নাতক। অর্থাৎ দেশের মোট বেকারের একটি বড় অংশ উচ্চশিক্ষিত। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জনের পরও তাঁরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন না। তরুণ ও স্নাতকদের মধ্যে বেকারত্বের এ চিত্র উঠে এসেছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায়।
গবেষণার তথ্য অনুযায়ী, দেশে সামগ্রিক বেকারত্বের হার ৩ দশমিক ৬৬ শতাংশ। তবে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে এ হার ৮ দশমিক ০৭ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের ক্ষেত্রে বেকারত্বের হার ১৩ দশমিক ৫ শতাংশ। নারী স্নাতকদের মধ্যে এ হার আরও বেশি, ২০ দশমিক ৪ শতাংশ।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তরুণদের অর্থনৈতিক সুযোগ ও বাস্তবতা’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
গবেষণার ফলাফল উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহযোগী নামিরা শামীম। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত এ গবেষণায় যুক্ত ছিলেন সৈয়দ এম. হাসেমীও।
গবেষণায় বলা হয়েছে, দেশে সামগ্রিক বেকারত্বের হার তুলনামূলক কম হলেও তরুণ ও উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এ হার বেশি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের উল্লেখযোগ্য অংশ কর্মসংস্থানের বাইরে রয়েছেন। নারী স্নাতকদের মধ্যে বেকারত্বের হার পুরুষদের তুলনায় বেশি।
শুধু বেকারত্ব নয়, কর্মসংস্থানের মান নিয়েও উদ্বেগের কথা উঠে এসেছে গবেষণায়। এতে দেখা গেছে, কর্মরত তরুণদের বড় একটি অংশ অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। ফলে তাঁদের অনেকের নিয়মিত আয়ের নিশ্চয়তা, চাকরির নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নেই। অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও তা অনেকের জন্য স্থিতিশীল জীবিকা নিশ্চিত করতে পারছে না।
গবেষণার ফলাফল নিয়ে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সুযোগ তৈরি হলেও তা বাস্তব ফলে রূপ নিচ্ছে না। সংস্কারের কেন্দ্রে মেসো-অর্থনীতিকে স্থান দিতে হবে। স্থানীয় সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আঞ্চলিক অর্থনৈতিক রূপান্তরের চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন মাঠপর্যায়ের প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, এ জন্য স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জাঁ পেসমে বলেন, প্রবৃদ্ধির বর্তমান মডেল আর যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। প্রবৃদ্ধিকে কর্মসংস্থানে রূপান্তরের প্রক্রিয়ায় স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। এ সমস্যা মোকাবিলায় দক্ষতা উন্নয়ন, ব্যবসাপ্রতিষ্ঠান, অর্থায়ন ও বেসরকারি বিনিয়োগের বিষয়ে নতুন করে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।